অপরিচিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা থেকে অনেক আগেই নেত্রকোনার কেন্দুয়া বাসস্ট্যান্ডে এসে বাসটি থেমেছে। কিন্তু বৃষ্টি থামেনি। ছাতাওয়ালারা এতক্ষণে নিজ গন্তব্যে পৌঁছে গেছে। ছাতাহীনরা বাসের সিটের কোলে শুয়ে ঘুমোচ্ছে। কারও ঘুমঘুম ভাব। রানীক্ষেত রোগযুক্ত মুরগির মতো ঝিমোচ্ছে। আমি ছাতাহীনদের দলে। তবে ঘুমোচ্ছি না। ৩০ কিলোমিটার রাস্তা পেরিয়ে কীভাবে তাড়াইলের জাওয়ার যাব, তা-ই ভাবছি। নাহ্। বৃষ্টি থামার অপেক্ষা আর সহ্য হচ্ছে না। প্যান্টের পা দুখানা কলার খোসা ছোলার মতো করে হাঁটুর ওপরে ওঠালাম।
ব্যাগটা কাঁধে ঝুলিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে হেঁটে চললাম চিরাং মোড়ের দিকে। ফাঁকা রাস্তা। সুনসান নীরবতা। যেন কারফিউ জারি হয়েছে। রাস্তার দুপাশের কয়েকটা দোকানের অর্ধেক শাটার টানা। বন্ধ দোকানগুলোর বারান্দায় বেওয়ারিশ কুকুর মাথা গুঁজে শুয়ে আছে।
রাস্তার দুধারে রিকশা আর সিএনজিচালিত অটোরিকশাগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো। হঠাৎ শাঁ শাঁ আওয়াজে একটা প্রাইভেটকার হেডলাইট জ্বালিয়ে বাসস্ট্যান্ডের দিকে চলে গেল। আলোর ঝলকানি সইতে না পেরে চোখ বন্ধ করলাম। ‘আরে নূর ভাই যে... ঘন বৃষ্টির এ সন্ধ্যায় কোত্থেকে এসেছেন?’ ঘুরে তাকালাম। দেখলাম রঙিন ছাতা মাথায় এক অপরিচিতা।
আমাকে বৃষ্টিভেজা দেখে খুব হাসছে। হাসিটা চমত্কার। তাই লজ্জার মুণ্ডু কেটে একপলক আপাদমস্তক দেখে নিলাম। অপরিচিতার শসাবিচি দাঁতগুলো দুধের মতো সাদা। যুক্ত ভ্রুযুগল। ঘন কালো দিঘল চুলগুলো খোঁপা করা। কাজল কালো চোখের ঢলঢল চাহনিতে তীব্র মায়া মেশানো। রূপসী যে আমার অপরিচিত তা বলতে ইচ্ছে করছে না।
হৃদয়ে অন্য রকম অনুভূতি হলো। বাধ্য হয়ে বলতে হলো, ‘এক্সকিউজ মি, আপনি অপরিচিতা।’
‘আমি আপনাকে চিনি, আরে-রে-রে, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন তো। আসুন’, বলে হাত ধরে টেনে আমাকে ছাতার নিচে নিয়ে গেল। ছোট্ট এক ছাতারাশ্রয়ে দুজনার পথচলা। গা ঘেঁষে চলছি বিধায় ইতস্ততবোধ করছি। মুচকি হেসে হঠাৎ বলল, ‘নূর ভাই, আপনি যে এত লাজুক তা জানতাম না।’ ওর মুখে কথার খই ফুটছে। চলতে চলতে চিরাং মোড়ে এলাম। তখন একটা সিএনজিচালিত আটোরিকশা এল। অপরিচিতা বলল, ‘আব্বু এসেছে, এই নেন আপনার ছাতা, আবার দেখা হবে, টা-টা’। বলে চলে গেল। তবে কী যেন নিয়ে গেল। রেখে গেল ছাতা।