অপরিচ্ছন্ন শহর বাঘাইছড়ি!
ময়লা ফেলার কোনো নির্দিষ্ট স্থান বা ডাস্টবিন না থাকায় রাঙামাটির বাঘাইছড়ি পৌর শহর ক্রেম অপরিচ্ছন্ন হয়ে উঠেছে। বাসিন্দারা ময়লা ফেলছেন যেখানে–সেখানে। উৎকট দুর্গন্ধের কারণে কোনো কোনো রাস্তা দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়েছে পথচারীদের জন্য।
২২ দশমিক ৮৭ বর্গকিলোমিটারের এই পৌরসভায় ৩০ হাজার বাসিন্দার বসবাস। ২০০৪ সালে এই পৌরসভা গঠিত হলেও গত এক দশকে তেমন উন্নয়ন হয়নি। নোংরা রাস্তাঘাট তো আছেই, কয়েক মাস ধরে জ্বলছে না সড়কবাতিও। বর্তমান পৌর মেয়রের দাবি, তিনি সরকারের সহযোগিতা পাচ্ছেন না। ১৬ মাস ধরে পৌরসভার কর্মকর্তা–কর্মচারী ও কাউন্সিলরদের বেতন–ভাতাও বন্ধ। তবে শহরে ময়লা-আবর্জনা ফেলার জন্য দুই স্থানে দুটি ডাস্টবিন বসানোর জন্য সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া পৌর এলাকায় কয়েকটি স্থানে শৌচাগার নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
বাঘাইছড়ি পৌরসভায় ২০১২ সালে ৮ জানুয়ারি সর্বশেষ নির্বাচন হয়। এতে সাবেক বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. আলমগীর কবির পৌর মেয়র নির্বাচিত হন।
সরেজমিনে দেখা যায়, পৌর শহরের চৌমুহনী এলাকায় উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে ফটকের সামনে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এ ছাড়া কলেজ সড়কের দুই পাশেও ময়লা-আবর্জনা ফেলা হয়েছে। এতে দুর্গন্ধে বিদ্যালয়, কলেজ ও সাধারণ পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
চৌমুহনী এলাকার ব্যবসায়ী ও নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম বলেন, চৌমুহনী এলাকাটি জনবহুল স্টেশন। সেখানে একটি শৌচাগার নেই। ফলে যাত্রীরা বাধ্য হয়ে খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারছেন। এতে দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে উঠছে।
চৌমুহনী বিপণিবিতান ও মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পুরো পৌর এলাকায় এখনো একটিও ডাস্টবিন নেই। ডাস্টবিন না থাকায় বিপণিবিতান ও বাজারের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে কিছু পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। কিন্তু ডাস্টবিন না থাকায় বিভিন্ন সড়কেই আবর্জনা ফেলা হচ্ছে। ফেলে রাখা ময়লা-আবর্জনার দুর্গন্ধে যাতায়াত করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন পথচারীরা।
প্যানেল মেয়র মো. আব্দুল শুক্কুর মিয়া বলেন, বিভিন্ন সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে। কিছুদিনের মধ্যে পৌরসভার বাইরে এক থেকে দেড় কিলোমিটারের দূরে ময়লা ফেলা হবে। পৌর শহরে সড়কবাতিগুলো সংস্কার করে দ্রুত সংযোগ দেওয়া হবে। তার পুরোনো হওয়ায় আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।