অপরূপা অনুরূপার অনুপম গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুরূপা চট্টোপাধ্যায় ও অপরূপা চট্টোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
অনুরূপা চট্টোপাধ্যায় ও অপরূপা চট্টোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস

জন্ম থেকেই ওদের সবকিছুতে মিল। দুজনে দেখতে হুবহু একই রকম। চলাফেরা কথাবার্তাতেও একই। একই রকম পোশাক পরে থাকে বলে আলাদা করে চেনা আরও মুশকিল। অপরূপা ও অনুরূপা দুই বোন। আইডেন্টিকাল টুইন বা অবিকল যমজ হলে কিছুটা এমন হতেই পারে। কিন্তু তাই বলে দুজন পরীক্ষাতেও একই নম্বর পাবে! তাও আবার মাধ্যমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়!

ভারতের রাঁচির লরেটো কনভেন্ট স্কুলের এই দুই ছাত্রী অনুরূপা চট্টোপাধ্যায় ও অপরূপা চট্টোপাধ্যায়। ওদের বাবা শৈলেশ চট্টোপাধ্যায় বিরসা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক। ওদের মা মৌসুমী চট্টোপাধ্যায় হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ছোটবেলা থেকেই সব বিষয়ে ওদের অত্যধিক মিল। ওরা সব সময় একসাথে পড়তে বসে একসাথে খেলে, ঘুরতে যায়।

রাঁচির এ দুই যমজ বোন এবার আইসিএসই পরীক্ষায় প্রায় একই ফলাফল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। একটি মাত্র বিষয় ছাড়া সব বিষয়েই দুজন একই নম্বর পেয়েছে। দুজনই কম্পিউটার স্টাডিজে ১০০তে ১০০ নম্বর পেয়েছে। বিজ্ঞানে ৯৯, গণিতে ৯৮, ইংরেজিতে ৯৫ এবং ইতিহাস ও ভূগোলে ৯৭। একমাত্র ব্যতিক্রম হিন্দি ভাষা। এ বিষয়ে অনুরূপা পেয়েছে ৯৮ আর অপরূপা পেয়েছে ৯৭। ফলে সব বিষয় মিলিয়ে কয়েক মিনিটের বড় অনুরূপা পেয়েছে ৯৮ শতাংশ নম্বর। আর ছোট বোন অপরূপা পেয়েছে ৯৭ দশমিক ৮ শতাংশ নম্বর।

হিন্দুস্তান টাইমসে অপরূপা ও অনুরূপার আইসিএসই পরীক্ষার ফল নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ভারতের লিমকা বুক অব রেকর্ডস জানিয়েছে, এ দুই বোনের নম্বরপত্রের কপি সংগ্রহ করে একে রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করতে চায় তারা।

অনুরূপা জানায়, ‘আমরা সব সময়ই একসঙ্গে পড়ালেখা করি। এতে বিষয়টা ভালোভাবে বুঝতে আমাদের সুবিধা হয়।’ এবার দশম শ্রেণির সমাপনী পরীক্ষায় অপরূপা সামান্য একটু কম নম্বর পেলেও নবম শ্রেণির সমাপনী পরীক্ষায় বড় বোন অনুরূপার চেয়ে একটু বেশি নম্বর পেয়েছিল অপরূপা। ছোটবেলায় বাবা-মায়ের কাছে পড়া ছাড়া এই দুই বোন কখনোই কোনো গৃহশিক্ষকের কাছে পড়ালেখা করেনি।

মা মৌসুমীর আশা ওদের মধ্যে সব সময়ই এই ইতিবাচক প্রতিযোগিতা বজায় থাকবে এবং ওরা একই সঙ্গে মেডিকেল কলেজে লেখাপড়া করে ভালো চিকিৎসক হবে। এদিকে, বাবা শৈলেশ মনে করেন ওদের এখন থেকেই একটু একটু করে ব্যক্তি স্বাতন্ত্র্যের চর্চা শুরু করতে হবে। আর সব সময় একসঙ্গে না থেকে দুজনকেই আলাদা চলাফেরা মেলামেশায় অভ্যস্ত হতে হবে।