মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) অপহরণ আতঙ্কে বঙ্গোপসাগর ও নাফ নদীতে মাছ ধরতে যাচ্ছেন না টেকনাফের জেলেরা। সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, জালিয়াপাড়া, হ্নীলা, হোয়াইক্যংসহ বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার নৌকা এখন ঘাটে নোঙর করে আছে। অলস সময় কাটছে জেলেদের।
জেলেরা জানান, গত কয়েক দিনে বিজিপি সাগর ও নদীতে নেমে গুলিবর্ষণ করেছে। ৩, ৯ ও ১১ নভেম্বর তিন দফায় ধরে নিয়ে গেছে ১২ জন জেলেকে। তাঁদের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
টেকনাফ বোট মালিক সমিতির তথ্যমতে, ১১ নভেম্বর রাত আটটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়াসংলগ্ন নাফ নদীতে মাছ ধরা অবস্থায় বিজিপি বাংলাদেশি জেলে আবদুর রহমান, মো. ইউনুস ও মো. খালেককে ধরে নিয়ে যায়। জেলেদের বাড়ি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায়। তাঁরা পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আবদুল মালেকের নৌকা নিয়ে মাছ ধরছিলেন।
আবদুল মালেক বলেন, নৌকাসহ তিন জেলেকে মিয়ানমারে ধরে নেওয়ার বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবগত করা হয়েছে। কিন্তু জেলেদের ব্যাপারে কিছুই জানা যাচ্ছে না।
এ প্রসঙ্গে বিজিবি টেকনাফ বিওপির কমান্ডার আবদুল কাদের বলেন, নৌকাসহ তিন বাংলাদেশি জেলেকে ফেরত চেয়ে বিজিপির কাছে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
সেন্ট মার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবুল বশর বলেন, ৯ নভেম্বর সেন্ট মার্টিন উপকূলে (বঙ্গোপসাগরে) মাছ ধরার সময় স্থানীয় নাছির উদ্দিনের মালিকানাধীন একটি নৌকাসহ ছয় জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে বিজিপি।
নৌকার মালিক নাছির উদ্দিন বলেন, নৌকায় ছিলেন আবদুল হামিদ, ফজল আহমদ, মোহাম্মদ হাশিম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ হোসাইন ও রশিদ উল্লাহ। দ্বীপের পূর্ব-দক্ষিণে সীতারপাহাড় নামক স্থানে মাছ ধরার সময় বিজিপির সদস্যরা আরেকটি ট্রলার নিয়ে এসে তাঁদের ধাওয়া করেন। এ সময় কয়েকটি নৌকা পালিয়ে সেন্ট মার্টিন আসতে সক্ষম হলেও তাঁর ট্রলারের ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারে।
এ ছাড়া ৩ নভেম্বর সন্ধ্যায় নাফ নদী থেকে টেকনাফের তিন জেলেসহ আরেকটি নৌকা নিয়ে গেছে বিজিপি। নৌকার মালিক টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার কামাল হোসেন। তিনি বলেন, ওই দিন নৌকা নিয়ে চার জেলে নাফ নদীতে বিহিিঙ্গ জালের খুঁটি পুঁততে নামেন। একপর্যায়ে বিজিপির সদস্যরা ধাওয়া দিলে এক জেলে নদীতে ঝাঁপ দেন এবং সাঁতার কেটে টেকনাফ পালিয়ে আসেন। অপর তিন জেলে হামিদ হোসেন, মো. ইসমাঈল, নূর হোসেনসহ নৌকাটি মিয়ানমারে নিয়ে গেছে।
বোট মালিক সমিতির নেতারা জানান, নৌকাসহ জেলে অপহরণের ঘটনায় টেকনাফের জেলেপল্লিতে আতঙ্ক বিরাজ করছে। তাঁরা মাছ ধরতে নাফ নদী ও সাগরে নামছেন না।
১৪ নভেম্বর বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ায় গিয়ে দেখা গেছে, শতাধিক নৌকা ঘাটে নোঙর করে আছে। জেলেরা বেড়িবাঁধের ওপর বসে অলস সময় পার করছেন। তাঁদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ।
জেলে আবদুল জলিল (৪৫) বলেন, ‘বিজিপির অপহরণ আতঙ্কে নাফ নদীতে নামার সাহস পাচ্ছি না। ইতিমধ্যে বাংলাদেশি ১২ জন জেলেকে ধরে নিয়ে মিয়ানমারের কারাগারে পাঠানো হয়েছে। আমরাও সেই কারাগারে বন্দী থাকতে চাই না।’
আরেক জেলে সৈয়দ আমিন (৩৬) বলেন, সেন্ট মার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরে এখন প্রচুর ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। কিন্তু বাংলাদেশি জেলেরা সেখানে যেতে পারছেন না, গেলে বিজিপি গুলিবর্ষণ করে। সেখানে মাছ ধরছে বিদেশি নৌকা। মিয়ানমারের জেলেদের মাছ ধরার সুযোগ করে দিতে বিজিপি সেখানে টহল দিচ্ছে।
টেকনাফের শাহপরীর দ্বীপ বোট মালিক সমিতির সভাপতি দিল মোহাম্মদ বলেন, বিজিপির বেপরোয়া চলাফেরায় টেকনাফের জেলেরা আতঙ্কিত এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অপহৃত জেলেদের ফিরিয়ে আনা না গেলে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক দূর হবে না।
এ ব্যাপারে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. নাফিউর রহমান বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমানায় কোস্টগার্ডের টহল অব্যাহত রয়েছে। স্থানীয় জেলেদের বাংলাদেশ সীমানার মধ্যে মাছ ধরার জন্য বলা হলেও তা অতিক্রম করে মিয়ানমার উপকূলে মাছ ধরছেন। এতে কিছু জেলে অপহরণের শিকার হচ্ছেন। বাংলাদেশ জলসীমানায় বিদেশি জেলে কিংবা নৌকা ঢোকার সুযোগ রাখা হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, নৌকাসহ বাংলাদেশি জেলে অপহরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিজিপির কাছে ই–মেইলের মাধ্যমে জেলেদের ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু নাফ নদী থেকে ধরে নেওয়া তিন জেলের বিষয়ে বিজিপি সাড়া দিলেও অন্য জেলেদের বিষয়ে কিছু বলছে না। এ ব্যাপারে তৎপরতা অব্যাহত আছে।