অপহৃত ছাত্রকে উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের ছাত্র (এইচএসসি পরীক্ষার্থী) সাজ্জাদ হোসেনকে উদ্ধারের দাবিতে ৩ মার্চ সকালে কলেজ ক্যাম্পাস–সংলগ্ন টেকনাফ-কক্সবাজার মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গত ২২ ফেব্রুয়ারি বিকেলে স্থানীয় থাইংখালী স্টেশন থেকে দৃর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। সাজ্জাদ থাইংখালী গ্রামের বাসিন্দা হাফেজ শাহ আলমের ছেলে।
সমাবেশে কলেজের অধ্যক্ষ ফজলুল করিম বলেন, কলেজছাত্র সাজ্জাদকে কারা অপহরণ করেছে তার রহস্য উদ্ঘাটন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। অথচ ঘটনার ১১ দিনেও তার খোঁজ মিলছে না। সাজ্জাদকে উদ্ধার করা না হলে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. আবদুল হক, অধ্যাপক মোহাম্মদ আলী, অজিত দাশ, ফারুক আহমদ, আলমগীর মাহমুদ, ফরিদুল আলম চৌধুরী, শিক্ষার্থী মো. আলমগীর, নুরুল আমিন, সাইফুল ইসলাম, ফয়সাল হক প্রমুখ ।
উল্লেখ্য, ছেলে অপহরণের ঘটনায় হাফেজ শাহ আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ থাইংখালী গ্রামের আবদুল্লাহ আল নোমান (২২) ও রহমতের বিল গ্রামের হামিদুল হককে (২৩) আটক করলেও অপহৃত সাজ্জাদকে উদ্ধার করা যাচ্ছে না।
হাফেজ শাহ আলম জানান, সাজ্জাদ জীবিত আছে কিনা সন্দেহ। অপহরণকারীরা তাঁকেও প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, অপহৃত কলেজছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।