কক্সবাজারের মহেশখালী উপজেলায় অপহৃত মাদ্রাসাছাত্র আশেক উল্লাহ (১৪) দেড় মাসেও উদ্ধার হয়নি। গত ৬ মার্চ সে অপহূত হয়। ইতিমধ্যে পুলিশ ওই অপহরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। আশেকের পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে।
মহেশখালী থানা-পুলিশ সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তার ও সংরক্ষিত পাহাড়ি জমি দখলকে কেন্দ্র করে উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম কালাগাজিরপাড়ার জোনাব আলী ও একই এলাকার কাঁঠালতলীপাড়ার জালাল আহমদ পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতিমধ্যে এই দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং থানায় পাল্টাপাল্টি মামলা হয়। আর এই বিরোধের জের ধরে গত ৬ মার্চ সকাল সাড়ে আটটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পশ্চিম কালাগাজিরপাড়ার জোনাব আলীর চাচাতো ভাই মৃত রহমত উল্লাহ ছেলে আশেক উল্লাহ অপহূত হয় বলে ধারণা করছে পুলিশ। সে হোয়ানক রশিদিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। এ নিয়ে অপহূত ওই শিশুর মা রোকেয়া বেগম বাদী হয়ে মহেশখালী থানায় ৩১ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন।
রোকেয়া বেগম বলেন, আশেককে হত্যা করে তাঁর লাশ পাহাড়ে গুম করে রেখেছে। এ কারণে জীবিত দূরের কথা, তাঁর লাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না।
এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আশেক অপহরণ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অপহূত ওই শিশুকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চলাচ্ছে।