অপারেশন থিয়েটারে ডাক্তারদের গান শোনা

রোগীর শরীরে ছুরি চালানোর সময় অনেক শল্যচিকিৎসকই অপারেশন থিয়েটারে গান শোনেন। জটিল ও স্পর্শকাতর অস্ত্রোপচারের সময় মনঃসংযোগ ধরে রাখতেই অনেকে এই চর্চা করে আসছেন। কিন্তু অপারেশন থিয়েটারে গান শোনা অস্ত্রোপচারে ব্যাঘাত ঘটাতে পারে। তাই এই চর্চা নিয়ে ভাবা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের এক গবেষণার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যের দুটি হাসপাতালে ২০টি অস্ত্রোপচারের ঘটনা পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা গেছে অপারেশন থিয়েটার বা অস্ত্রোপচার কক্ষে গান শোনার সময় নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে সমস্যা হয়। অনেক সময় একজন আরেকজনের কথা ঠিকমতো শুনতে পারেন না। ধরা যাক একজন শল্যচিকিৎসক কাউকে একটা কাঁচি বা অন্য কিছু দিতে বললেন, কিন্তু তিনি সেটা ঠিকঠাক শুনতে পেলেন না।
অ্যাডভান্সড নার্সিং সাময়িকীতে প্রকাশিত এই গবেষণার জন্য যুক্তরাজ্যের দুটি হাসপাতালের অপারেশন থিয়েটারের বিভিন্ন জায়গায় ক্যামেরা বসানো হয়েছিল। রেকর্ড করা ফুটেজ থেকে অস্ত্রোপচারের সময় চিকিৎসক এবং নার্সদের মধ্যে মুখের কথায় ও ইশারা-ইঙ্গিতের যোগাযোগ পর্যবেক্ষণ করেন গবেষকেরা।
৩৫ ঘণ্টার ফুটেজে দেখা গেছে নার্সরা নয় বরং দলের জ্যেষ্ঠ চিকিৎসকেরাই সাধারণত গান চালু করার সিদ্ধান্তটি নিয়ে থাকেন। আর পর্যবেক্ষণ করা মোট ২০টি অপারেশনের ১৬টিতেই গান চালানো হয়েছিল।
নাচের গান এবং ড্রামস ও বেইজের তালওয়ালা গান শুনতে দেখা গেছে এসব অপারেশনে। এ ছাড়া জনপ্রিয় নানা গানও শুনতে দেখা গেছে। দেখা গেছে অনেক সময় বেশ উচ্চ শব্দেই গান শোনা হচ্ছে অপারেশন থিয়েটারে। কোথাও কোথাও দেখা গেছে শল্যচিকিৎসকের নির্দেশনা বুঝতে নার্সদের বেশ সমস্যা হচ্ছে। এক ঘটনায় দেখা গেছে একজন স্ক্রাব নার্স সার্জনকে গানের সাউন্ড কমিয়ে দিতে বলছেন, কেননা কতগুলো সোয়াব (ক্ষত পরিষ্কার করার বা নমুনা নেওয়ার বিশেষ প্যাড) ব্যবহার করা হচ্ছে তার হিসাব রাখতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
অবশ্য, রয়্যাল কলেজ অব সার্জনস বলেছে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার আওতাভুক্ত হাসপাতালগুলোতে অপারেশন থিয়েটারে গান শোনা নিয়ে তেমন কোনো সমস্যা হওয়ার কোনো প্রমাণ নেই। তবে অপারেশন থিয়েটারে গান শুনতে হলে খেয়াল রাখতে হবে যে, তা যেন কোনোভাবেই মনোযোগে ব্যাঘাত না ঘটায়।
এ গবেষণার দলনেতা ইমপেরিয়াল কলেজ লন্ডনের সার্জারি ও ক্যানসার বিভাগের শ্যারন-মেরি ওয়েলডন বলেন, যে সব অপারেশন থিয়েটারে অনেক নানা যন্ত্রপাতির অনেক শব্দ থাকে সেখানে গান শোনাটা চিকিৎসক ও কর্মীদের জন্য সহায়ক হতে পারে। এটা মনোযোগ বাড়াতে সাহায্য করে।
তবে, বিষয়টি নিয়ে আরও ভাবনাচিন্তা করা উচিত বলে মনে করেন এই গবেষক। তিনি বলেন,‘আমরা নানা বিষয়কে বিবেচনায় নিতে চাই। গান বাজানো ঠিক কি না, কি ধরনের গান বাজানো হবে, কতটা উচ্চ শব্দে সেই গান বাজতে পারে এসব নিয়ে শল্যচিকিৎসকদের নিজেদের মধ্যে ব্যাপক আলোচনা প্রয়োজন।’