অপার্থিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ হায়দার আলীর চাকরিজীবনের ১৫ বছর পূর্ণ হলো। অতএব জন্মদিন পালনের মতো চাকরিপ্রাপ্তির পঞ্চদশ বার্ষিকীটাও উদ্যাপন করা যেত। কিন্তু হায়দার আলী তা পারলেন না। কারণ এই ১৫ বছরে এক পয়সাও সঞ্চয় নেই তাঁর। শুধু বেড়েছে ঋণের বোঝা। এখন পাওনাদারদের অবিশ্রাম তাগাদায় প্রাণ ওষ্ঠাগত, দুশ্চিন্তায় রাতের ঘুম হারাম হায়দার আলীর। পথ চলতে গিয়ে কখনো কখনো তিনি রাস্তার পাশের আলিশান বাড়িগুলোর দিকে অবাক দৃষ্টি মেলে তাকান। ভাবেন, যে দেশে দুই বেলা খাবারের জন্য মানুষগুলো প্রাণপাত করছে, সেখানে একদল লোক এত বড় বড় বাড়ি বানানোর টাকা পায় কোত্থেকে! একদিন এক রিকশাওয়ালাকে রিকশার সিটে পায়ের ওপর পা তুলে বসে মোবাইল ফোনে কথা বলতে দেখে তিনি অবাক হন।আশ্চর্য! রিকশাওয়ালার হাতে মোবাইল ফোন? চুরি, নাকি ছিনতাই? ব্যাপারটা অবিশ্বাস্য বলে মালুম হয় হায়দার আলীর কাছে। কারণ তাঁর নিজের কোনো মোবাইল ফোন নেই। সহকর্মীদের ঘটনাটা জানান তিনি। কিন্তু তারা তেমন অবাক হয় না। তবে, হায়দার আলীর মুখে রিকশাওয়ালার গল্প শোনার পর এক মহানহূদয় (গাড়ি-বাড়ির মালিক) সহকর্মী দয়াপরবশ হয়ে অর্ধেক দামে তাঁকে প্রায় নতুন একটি মোবাইল ফোন দেন। তিন মাসে তিনটি সমান কিস্তিতে ফোনের দাম পরিশোধ করে হায়দার আলী (টাকাটা দিতে অবশ্য তাঁর বেশ কষ্ট হয়েছিল)। এখন একটি মোবাইল ফোনের গর্বিত মালিক।হায়দার আলী বেরসিক লোক নন। তিনি গান পছন্দ করেন। তাঁর ফোনসেটটিতে আছে এমপিথ্রি প্লেয়ার। পুরোনো দিনের আধুনিক বাংলা গান আর রবীন্দ্রসংগীতের ভক্ত তিনি। সুযোগ পেলেই দু-চারটি করে গান শোনেন।তবে সম্প্রতি ভূতের উপদ্রবে তাঁর গান শোনা ভেস্তে গেছে। এক অদ্ভুত ভূতাতঙ্ক অষ্টপ্রহর তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে। এমপিথ্রি অন করার সঙ্গে সঙ্গেই কোনো না কোনো পাওনাদারের ফোন আসে। ব্যাপারটা কাকতালীয় হতে পারে, হায়দার আলীর সে বিশ্বাস উঠে গেছে। ইদানীং পাওনাদারেরা তাঁকে অবিরাম ফোন করছে। কেউ কেউ ফোনে হুমকিও দিচ্ছে। মোবাইল ফোনটা হয়ে উঠেছে ভীতিকর এক বস্তু। ঋণদাতাদের অত্যাচার থেকে বাঁচতে তিনি ফোনের সুইচ অফ করে রাখেন। রাস্তায় হাঁটেন চোরের মতো।সেদিন অফিসে টেবিলে বসে কাজ করছিলেন হায়দার আলী। হঠাৎ ফোন বেজে উঠল। পাওনাদারের ফোন ভেবে তিনি রিসিভ করার সাহস পেলেন না। ফোন বাজতে লাগল কিছুক্ষণ পরপর। আতঙ্কিত হয়ে পকেট থেকে ফোনটা বের করে সুইচ বন্ধ করতে যাবেন, দেখেন, ফোন বন্ধই আছে। তাহলে আওয়াজ এল কোত্থেকে? স্পষ্ট শুনতে পেয়েছেন, আওয়াজটা তাঁর পকেট থেকে আসছে। হাত কাঁপতে লাগল তাঁর। কাঁপা কাঁপা হাত থেকে ফোনটা পড়ে গেল মেঝের ওপর।সেদিন রাত সাড়ে ১২টায় একঘেয়ে অবিশ্রান্ত কর্কশ এক শব্দে ঘুম ভেঙে গেল হায়দার আলীর। রিংটোনটা অপরিচিত। ভাবলেন, পাশের বাড়িতে বুঝি কারও মোবাইল ফোন বাজছে। পরক্ষণেই টের পেলেন, আওয়াজটা আসছে বিছানার পাশের টেবিলের ড্রয়ার থেকে। অফিস থেকে ফিরে ফোনটার সুইচ অফ করে রেখে দিয়েছিলেন ড্রয়ারে। কিন্তু ওটা অন করল কে? লাইট জ্বালাতে গিয়ে বুঝলেন বিদ্যুৎ নেই। সঙ্গে সঙ্গে এক নাম না-জানা ভয় তাঁর মনটাকে আচ্ছন্ন করে ফেলল। প্রায় অবিরাম বেজে চলেছে ফোনটা। ক্রমশ চড়ছে ভলিউম। রাস্তার ওপাশ থেকে খোলা জানালা দিয়ে হাস্নাহেনা ফুলের গন্ধ ঢুকছে ঘরে। অন্ধকারে ফুলের গন্ধ মিশে গিয়ে একটা অতিপ্রাকৃত পরিবেশ তৈরি করেছে। মনের ভয় বেড়ে গেল তাঁর। স্বপ্নাচ্ছন্নের মতো অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের ড্রয়ারটা খুললেন তিনি। অপরিচিত এক নম্বর থেকে ফোন এসেছে। কর্ণবিদারী আওয়াজ তুলছে অজানা রিংটোন আর কেঁপে কেঁপে চক্রাকারে ঘুরছে ফোনটা। যেন সুযোগ পেলে এখনি লাফিয়ে পড়বে ড্রয়ার থেকে। অথচ ভাইব্রেশন অফ করা ছিল। ওটা অন করল কে? দ্রুত হাতে ‘সুইচ অফ’ বাটনটা টিপলেন হায়দার আলী। বিছানায় ফিরে এসে বালিশে মাথা রেখে চুপচাপ পড়ে রইলেন কিছুক্ষণ। ঘুম এল না। এপাশ-ওপাশ করে আরও অনেকক্ষণ কাটল। অবশেষে ক্লান্ত মগজ ও দেহ হার মানল ঘুমের কাছে।শেষরাতে আবার সেই একই অপরিচিত রিংটোন কানে এল তাঁর। এবার আওয়াজটা আসছে বালিশের নিচ থেকে। স্বয়ংক্রিয় পুতুলের মতো তিনি হাত বাড়িয়ে দিলেন বালিশের নিচে। রিসিভ বাটন টিপে কানে ধরলেন ফোন।‘কেমন আছো, হায়দার আলী?’কোনো জবাব না পেয়ে বিরক্ত গলায় বলল প্রশ্নকর্তা, ‘আরে কথা বলছ না কেন? সামান্য কটা টাকা, তাও শোধ দিতে পারো না! অথচ তোমার অফিসের পিয়নটাও ডাঁট দেখিয়ে চলে। শুনতে পাচ্ছ, হায়দার আলী?’‘হুঁ।’ ‘ঋণের বোঝা মাথায় নিয়ে কেন মারা যাবে, হায়দার আলী? তুমি এক আশ্চর্য জটিল মানুষ। সহজ হও। তোমার মতো পাগল কজন আছে? তোমার চেয়ে অনেক কম মেধার মানুষ এ সমাজে বেশ তো চলছে। খাচ্ছে-দাচ্ছে, ফুর্তি করছে। তুমি পারো না কেন? টেনশনে টেনশনে কেমন শুকিয়ে যাচ্ছ তুমি।’হঠাৎ বক্তার কণ্ঠস্বরটা একেবারে পাল্টে গেল। খ্যাসখেসে গলা। মনে হলো এবার কথা বলছে আরেকজন।‘তোমার ছেলেমেয়েরা বড় হচ্ছে। ওদের মুখের দিকে তাকাও।’কণ্ঠস্বর আবার পাল্টে গেল। যেন তৃতীয় আরেকজন বক্তার আবির্ভাব হয়েছে।‘আমাদের ফলো করো, দেখবে, তোমার ঘরে টাকার অভাব হবে না।’‘কে তুমি?’ প্রশ্ন করলেন হায়দার আলী।কোনো উত্তর এল না। অদ্ভুতুড়ে ঘড়ঘড় হড়হড় শব্দ তুলে ফোনের লাইনটা কেটে গেল। চোখ খুলে গেল হায়দার আলীর। দেখলেন, ঘরের ভেতর লাইট জ্বলছে। মনে পড়ল, রাত সাড়ে ১২টায় ঘুম থেকে উঠে তিনি বাতির সুইচটা অন করে রেখেছিলেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় তখন আলো জ্বলেনি। ফোনটা কোথায়? না, বালিশের নিচে নেই। ওখানে থাকার কথাও নয়। দেখলেন, টেবিলের ড্রয়ারেই আছে ওটা। সিমকার্ড বের করে নিয়ে ফোনসেটটা হাতে বারান্দায় এসে দাঁড়ালেন হায়দার আলী। এমন সময় আবার হঠাৎ চলে গেল বিদ্যুৎ। অন্ধকার হয়ে গেল চারপাশ। গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে ওটাকে সজোরে ছুড়ে মারলেন দূরে। অন্ধকারে কোথায় গিয়ে পড়ল, দেখতে পেলেন না হায়দার আলী। আমির মুহম্মদ সিনিয়র সহকারী শিক্ষক,আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা, ঢাকা।