অপুষ্টি থেকেও রেহাই নেই নারীর
হাওয়া বেগম ঢাকার শেওড়াপাড়ায় বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন। এ জন্য তাঁকে প্রতিদিন সকালে বের হতে হয়। আর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা। লিকলিকে শরীরের হাওয়া বেগমের হাতগুলো শুকনো, মুখের চামড়া খানিকটা ঝুলে গেছে। বয়স ৩৫ হলেও তাঁকে দেখতে পঞ্চাশোর্ধ্ব নারীর মতো লাগে।
কয়েক দিন আগে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। শরীরও বেশ দুর্বল ছিল। এ জন্য তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান। কয়েকটি পরীক্ষা শেষে জানা গেছে, হাওয়া বেগম অপুষ্টিসহ, কম ওজন ও রক্তস্বল্পতার সমস্যায় ভুগছেন। হাওয়া বেগম বলেন, ‘সকালে বাসি ভাত খেয়ে কাজে বের হই। আর বিকেলে বাসায় ফিরে ভাত খাই। তরকারি হিসেবে বেশির ভাগ সময় থাকে ডাল আর অল্প পরিমাণে শাক বা সবজি।’ মাঝেমধ্যে তাঁর পাতে ওঠে পাঙাশ মাছ। কোরবানির সময় ছাড়া আর কখনো বাসায় মাংস রান্না হয় না। কোনো বাসা থেকে মাংস দিলেও স্বামী-সন্তানদের পাতে তুলে দেন, নিজের জন্য থাকে না।
কেবল হাওয়া বেগম নয়, দেশের নারীদের এক বড় অংশ অপুষ্টিতে ভুগছে। দরিদ্র পরিবারে এ হার আশঙ্কাজনক। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘পুষ্টি জরিপ-২০১১’ অনুসারে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পুষ্টিহীনতার দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষে। জরিপে আরও বলা হয়েছে, বাংলাদেশের ৫০ শতাংশের বেশি নারী পুষ্টিহীনতায় ভুগছেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির ‘বাংলাদেশের নারী ও শিশুস্বাস্থ্য-২০১১’ শীর্ষক গবেষণা অনুসারে, বাংলাদেশের মায়েদের এক-তৃতীয়াংশ অপুষ্টির শিকার। উচ্চতার তুলনায় তাঁদের ওজন কম।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের সহযোগী অধ্যাপক মুনা সালিমা জাহান বলেন, ‘চিকিৎসা নিতে আসা কিশোরী থেকে বৃদ্ধ—বেশির ভাগ নারীই অপুষ্টির শিকার। দেশে অপুষ্টির বিষয়টি চক্রাকারে ঘটছে।’ উদাহরণ হিসেবে তিনি জানালেন, শিশু গর্ভাবস্থায় মায়ের কাছ থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় না। কারণ মা নিজেই অপুষ্টিতে ভোগেন। এরপর বেড়ে ওঠার সময় অভিভাবকের সচেতনতার অভাবে কিংবা দারিদ্র্যের কারণে চাহিদামতো খাবার পায় না। ফলে শিশু অপুষ্টিতে ভুগতে থাকে। বিশেষ করে মেয়েশিশু কৈশোর পার হয়ে যখন মা হন তখন আবার একটি অপুষ্ট শিশু জন্ম দেয়। এভাবেই অপুষ্টির হাত থেকে বের হতে পারছেন না বাংলাদেশের নারীরা। মুনা সালিমা জাহানের মতে, নারীদের শরীরে শর্করা বাদে সব ধরনের সম্পূরক খাবারের ঘাটতি থাকে। এর মধ্যে আমিষের ঘাটতি সবচেয়ে বেশি।
অপুষ্টির কারণে নানা ধরনের সমস্যা হয়। ‘ফুড সিকিউরিটি নিউট্রিশনাল সার্ভিলেন্স প্রোগাম-২০১১’-এর এক জরিপে দেখা গেছে, বয়সের তুলনায় খর্বাকৃতির কিশোরীর হার ৩২ শতাংশ, বয়সের তুলনায় খর্বাকৃতির নারীর হার ৪২ শতাংশ এবং খাদ্যে কম পুষ্টি উপাদান গ্রহণকারী নারীর হার ৬০ শতাংশ।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘বেইজিং ঘোষণা ও প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের (১৯৯৫) বাস্তবায়ন’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, অপুষ্টিজনিত নারী ও শিশু হারের দিক থেকে বাংলাদেশ এখনো ওপরের দিকে। এখনো ৫০ শতাংশের বেশি নারী ক্রনিক অ্যানার্জি ডেফিসিয়েন্সি বা দীর্ঘ মেয়াদে শক্তির ঘাটতিতে ভোগে। এতে আরও উল্লেখ করা হয়, স্বাস্থ্যক্ষেত্রে অবস্থার অনেক উন্নতি হলেও গত ২০ বছরে নারীদের পুষ্টিমান বৃদ্ধির হার খুব সীমিত। ২০০৪ সালে অপুষ্টির শিকার নারীর হার ছিল ৩৪ শতাংশ, ২০০৭ সালে ৩০ শতাংশ আর ২০১১ সালে ২৪ শতাংশ। পাশাপাশি দেশের অধিকাংশ গর্ভবতী ও স্তন্যদানকারী মায়ের শরীরেও রক্তস্বল্পতা রয়েছে।
বাল্যবিবাহের কারণে দেশের বেশির ভাগ নারী অপুষ্টিতে ভোগেন, জানালেন বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামসুন্নাহার নাহিদ। তিনি বললেন, ‘বাল্যবিবাহের শিকার একজন মা যেমন নিজে অপুষ্টিতে ভোগেন, পাশাপাশি তিনি জন্মও দেন অপুষ্ট শিশু। দেশের দরিদ্র পরিবারের নারী ও মেয়েরা পর্যাপ্ত পুষ্টিসমৃদ্ধ খাবার পান না। ফলে তাঁরা অপুষ্টিতে ভোগেন। তবে সাম্প্রতিক সময়ে ছিপছিপে থাকতে গিয়ে অনেক কিশোরী এবং অল্পবয়সী মা পুষ্টিকর খাবার গ্রহণ করেন না।’
এসবের পাশাপাশি নারী-পুরুষের খাবারের বৈষম্যও অপুষ্টির একটি বড় কারণ। আমাদের দেশে পুরুষের খাবারের প্রতি যতটা নজর দেওয়া হয়, নারীরা এ ব্যাপারে ততটাই অবহেলিত। নারীরা নিজেরাও প্রয়োজনীয় খাবারের বিষয়ে সচেতন নন। কুসংস্কারের কারণেও গর্ভাবস্থায় পরিবার থেকে মাকে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার দেওয়া হয় না। বরং কম খাবার দেওয়া হয়।