অপুষ্টিতে ধুঁকছে বস্তির শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুপুষ্টি কী? এইডা তো বুজি না। যহন যা জুডাইতে পারি, পোলাপানগো তা-ই খাওয়াই। কোনো সময় পান্তা ভাত, কোনো সময় শাকপাতা। পোলাপানে এগুলান না খাইতে চাইলে মাজেমাজে ২০-৩০ ট্যাহার ছোড মাছ কিনি।’রায়েরবাজারের সুলতানগঞ্জ বস্তির রাহেলা বেগম এভাবেই শিশুপুষ্টি সম্পর্কে তাঁর ধারণা ও তাঁর পরিবারের খাদ্যতালিকার বর্ণনা দেন। এটা শুধু রাহেলা বেগমের পরিবারের খাদ্যতালিকা নয়, বস্তির সব পরিবারের চিত্র প্রায় একই রকম। এমনকি কোনো কোনো পরিবারের অবস্থা এর চেয়েও খারাপ। সাধারণত সস্তা, পচা, বাসি বা বাসাবাড়ির উচ্ছিষ্ট খাবারই তারা খেয়ে থাকে।রাহেলা বেগমের তিন ছেলেমেয়ে—সুমন, সুমা ও নিমার বয়স যথাক্রমে ১০, ৮ ও ৪ বছর। তিনজনই মারাত্মক অপুষ্টিতে ভুগছে। ওদের লিকলিকে শরীরে হাত-পাগুলো কাঠির মতো, বুকের খাঁচা বের হয়ে আছে। বছরের বেশির ভাগ সময় ওরা পেটের অসুখে ভোগে। ওদের কেউ বিদ্যালয়েও যায় না।বাচ্চাদের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন কি না, জানতে চাইলে রাহেলা বলেন, ‘আগে ডাক্তার দেহাইছি, এহন আর দেহাই না। ডাক্তারে ভালোমন্দ খাওয়াইতে কইছে। তিনবেলা ভাত জোডে না, ভালোমন্দ খাওয়ামু কেমনে? এই কামের তন আইলাম (বিকেল চারটা), এহন রানমু, হেরপর ওরা খাইব। সকালে চা-মুড়ি খাওয়াইয়া গেছি।’সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়া, আগারগাঁও, রায়েরবাজারের সুলতানগঞ্জ ও মোহাম্মদপুর বস্তি ঘুরে দেখা গেছে, এখানকার বেশির ভাগ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বয়স অনুপাতে এদের উচ্চতা ও ওজন উভয়ই কম। হাড়জিরজিরে শরীর। বছরের অধিকাংশ সময় পেটের পীড়ায় ভোগে। আর প্রায় সব শিশুরই মুখে ঘা। এরা খেলাধুলা করে না, ঘরে বা এর আশপাশে বসেই তাদের দিন কাটে। এরা বিদ্যালয়েও যায় না। গেলেও অধিকাংশ প্রাথমিক শিক্ষা শেষের আগেই ঝরে পড়ে।এ ব্যাপারে জেড এইচ সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের শিশুবিশেষজ্ঞ এ কে এম খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিকিৎসা নিতে আসা শিশুদের বেশির ভাগই পাতলা পায়খানা, বমি, ওজনহীনতা, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। এসব রোগের কারণ মূলত অপুষ্টি। পুষ্টিহীন শিশুদের রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে। তিনি আরও বলেন, সুস্থ মা স্বাস্থ্যবান শিশুর পূর্বশর্ত। তাই শিশুর পাশাপাশি মায়ের পুষ্টিও নিশ্চিত করা দরকার।গেন্ডারিয়া বস্তির এক বছর বয়সী ইয়াছিনের ওজন চার কেজি ২০০ গ্রাম। চিকিৎসকদের মতে, ওর ওজন থাকা উচিত কমপক্ষে আট কেজি। এ ছাড়া ওর উচ্চতাও কম। পাতলা পায়খানা লেগেই থাকে। ওর এই ওজনহীনতা বা খর্বাকৃতির কারণ অপুষ্টি। তবে ইয়াছিনের সমস্যা সম্পর্কে জ্ঞাত ওর কিশোরী মা সীমা। তিনি বলেন, ‘যহন পোয়াতি আছিলাম, তহন আলুভর্তা আর ডাইল ছাড়া কিছু খাই নাই। ডাক্তারে কইছে, ওর পুষ্টি কম। একটু পর পর ভালো খাবার (দুধ, ডিম, ফল, খিচুড়ি) আর বেশি বেশি বুকের দুধ খাওয়াইতে কইছে।’এসব খাবার খাওয়ানো হয় কি না, জানতে চাইলে সীমা বলেন, ‘ওর বয়স যহন চাইর মাস, তখন গার্মেন্টসে চাকরিতে গেছিলাম। ওর অসুখ বাড়লে চাকরি ছাড়ছি। কিন্তু ছেলে আমার আর বুকের দুধ মুখে লয় না। আর ট্যাকা কই যে কলা বা ডিম আইন্যা খাওয়ামু! ওরে এহন খালি সুজি খাওয়াই। আইজ সকালেও চাউলের ট্যাকার লেইগ্যা স্বামীর লগে ঝগড়া হইছে।’এ বিষয়ে খাইরুল ইসলাম বলেন, শিশুর ছয় মাস বয়স পর্যন্ত বুকের দুধই যথেষ্ট। শিশুকে বেশি বেশি বুকের দুধ পান করালে স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমে যায়। দরিদ্রতার পাশাপাশি মা-বাবার অসচেতনতা, সামাজিক কুসংস্কার ও অভ্যাসের কারণও শিশুর পুষ্টিহীনতার জন্য দায়ী বলে মনে করেন তিনি।একটি শিশু তখনই দেশের সম্পদ, যখন সে সুস্বাস্থ্যের অধিকারী। শিশুরাই আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবে, সুন্দরের পথে পরিচালিত করবে। কিন্তু অপুষ্টির শিকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঠিকমতো হয় না। বিদ্যালয়ে তাদের উপস্থিতির হার কম। সৃজনশীল কাজেও তারা পিছিয়ে থাকে। আর্থসামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এ ছাড়া পুষ্টিহীন শিশুদের পেছনে সরকারের মাথাপিছু ব্যয়ও বেশি।নাম প্রকাশ না করার শর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ক্ষোভের সঙ্গে বলেন, সরকার শিশুবান্ধব বাজেট করছে না। কিন্তু চড়া সুদে ঋণ নিয়ে সমরাস্ত্র কিনছে। অথচ শুধু অপুষ্টির কারণে সরকারকে প্রতিবছর একটা বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। এতে দেশের মাথাপিছু জিডিপি হ্রাস পাচ্ছে। সরকারকে অবশ্যই শিশুদের অপুষ্টি রোধে বিনিয়োগ বাড়াতে হবে, যা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করবে।ভ্রূণ থেকে পরবর্তী তিন বছর সময়টা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ। পুষ্টি বিশেষজ্ঞদের মতে, এ সময় তাদের বেশি বেশি পুষ্টিকর খাবার দিতে হবে। কিন্তু বস্তির শিশুরা পুষ্টিকর খাবার দূরের কথা, পেট ভরে তিন বেলা খেতে পায় না। এ কারণে অপুষ্ট শিশুর সংখ্যা বেড়েই চলেছে।এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক খুরশীদ জাহান প্রথম আলোকে বলেন, শিশুর পুষ্টি নিশ্চিত করতে সুষম খাদ্যের বিকল্প নেই। শিশুদের খাবার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমিষ, চর্বি ও অন্যান্য পুষ্টি উপাদান আছে কি না। তবে খাবারে তেল ও দুধ থাকতেই হবে। এ ছাড়া অনেক মা জানেন না, খাবার কীভাবে তৈরি করতে হয় বা খাবার তৈরির পরিবেশ স্বাস্থ্যকর কি না। এটাও শিশুর অপুষ্টিতে ভোগার একটি বড় কারণ। স্বল্প আয়ের বস্তিবাসী তাদের সাধ্যমতো পুষ্টিকর খাবার, যেমন শাকসবজি-ডালের সংমিশ্রণে খিচুড়ি, ডিম, দুধ বা কলা দেওয়ার চেষ্টা করতে পারে।এ ছাড়া বাল্যবিবাহ বস্তিতে শিশু-অপুষ্টির অন্যতম কারণ। সরেজমিনে দেখা যায়, এখানকার প্রায় সব মা প্রথম গর্ভধারণ ও সন্তান জন্মের সময় নিজেরাই শিশু থাকেন। কম বয়সে সন্তান ধারণের কারণে মা ও শিশু উভয়েই অপুষ্টিতে ভোগে। অনেক সময় এসব মা-শিশুকে বাঁচানোই মুশকিল হয়ে পড়ে। এ রকম একজন মা মোহাম্মদপুর বস্তির ফিরোজা বেগম। তিনি দুই সন্তানসহ মারাত্মক অপুষ্টিতে ভুগছেন। বয়স অনুপাতে তাঁর ছেলেরা খর্বাকৃতির এবং কম ওজনের। কিন্তু এ নিয়ে কোনো মাথাব্যথা নেই ফিরোজার। তিনি বলেন, ‘ঝিয়ের কাম করি। সকালে যাই, রাইতে আহি। পুষ্টি নিয়া ভাবলে আমাগো দিন চলব?’