অপুষ্টিতে ভুগছে তারা
কাঁচা চা-পাতার এক মগ ফোটানো চায়ের সঙ্গে এক মুঠো চাল ভাজা। এই হচ্ছে শ্রীমঙ্গলের জেরিন চা-বাগানের রীতা নায়েকের (১২) সকালের নাশতা। বাবা শ্রীমঙ্গল সদরে কাজের সন্ধানে সাতসকালে বেরিয়ে যান। মা চলে যান বাগানের কাজে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে রীতা তৃতীয়। ছোট দুই ভাইকে নিয়ে রীতা বাড়িতে থাকে। মা কাজ থেকে বাড়িতে আসেন বিকেল পাঁচটার দিকে। বাবা বাড়িতে ফেরেন সন্ধ্যায়। দিনের ৯ থেকে ১০ ঘণ্টা রীতাই দেখভাল করে দুই ভাইয়ের। ক্ষুধায় চিৎকার করলে ভাত কচলানো পানি খাইয়ে তাদের ঘুম পাড়িয়ে রাখে। রীতার প্রতিদিনের রুটিনকাজ এটি।দুুপুরে কী খাও? জানতে চাইলে একটু সময় নিয়ে রীতা ছোট করে বলে, ‘আটার রুটি।’ভাত খাও না?‘সন্ধ্যায় মা-বাবা বাড়ি ফিরলে তখন মা ভাত রাঁধে। ভাতের সঙ্গে আলুর রসা।’সব দিন একই খাবার?‘মা যখন যা দেয়, তা-ই খাই।’ডিম, মাছ, মাংস—এসব খাও না?রীতা নীরব থাকে। আবারও একই বিষয়ে প্রশ্ন। এবার সে মাথা নিচু করে কিছু সময় দাঁড়িয়ে থাকে। ফ্যালফ্যাল করে চারপাশের পরিচিত মুখগুলো দেখে। ফ্যাকাশে চোখের অপলক চাহনিতে রক্তশূন্যতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। পাশ থেকে ছটফট করছিল কার্তিক। এবার সে নির্বাক রীতার সাহায্যে এগিয়ে যায়।কার্তিক হাজরা (১৫)। খাইছড়া চা-বাগানের শ্রমিক মালা হাজরার ছেলে। ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে। কার্তিক বলে, ‘তলববারে রাতে ডিম বা মাছের ঝুল দিয়ে হামরা ভাত খাই।’ তার এ কথায় সম্মতি দেয় সুলোচনা, যীশু, নির্মলা, বিদ্যাসহ আরও কয়েকজন শিশু। দুধ খাও না? চা-বাগানে তো এখন অনেকেই গরু পালন করে।দু-ধ! দীর্ঘভাবে শব্দটি বলেই কার্তিক হাসে। দুঃখভরা সেই হাসি।কিছুটা সময় নিয়ে কার্তিক জানায়, চা-বাগানে যাঁদের গরু আছে, তাঁরা শহরে দুধ বিক্রি করে সংসার চালান। নিজেরা খেলে বিক্রির দুধ থাকে না। তবে পর্বের (আচার-অনুষ্ঠান) সময় যাদের ঘরে দুধ আছে, তারা খায়।সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে চা-বাগানের শ্রমিকেরা সাপ্তাহিক মজুরি পান। এটাই তলববার। ওই নির্দিষ্ট দিনে প্রতিটি চা-বাগানে হাট বসে। মজুরির টাকা হাতে পেয়ে শ্রমিকেরা বাজার-সদাই করেন। হাত খালি করেই তবে বাড়ি ফেরেন। ওই দিন সাধ্যমতো শ্রমিক-মায়েরা তাঁদের সন্তানের পাতে ভাতের সঙ্গে একটু ভালো তরকারি দিতে চেষ্টা করেন। বড়জোর একটু মাছ বা ডিমের ঝোল।উপজেলার হোসেনাবাদ চা-বাগানের শ্রমিক সুজন কুমার (৩৭) বলেন, ‘দৈনিক মজুরি ৫৫ টাকা। পাঁচ-ছয়জনের পরিবারে এই টাকা দিয়ে কী হয়? আমরা কি মানুষ? ছেলেমেয়েদের পুষ্টি হব কেমনে। পেট ভরে তো ভাতই খাইতে পায় না তারা।’ ভারতের সীমান্তবর্তী বিদ্যাবিল চা-বাগানের গারো টিলার বাসিন্দা সিমিন সাঙমারও একই অভিব্যক্তি।মৌলভীবাজার জেলার বৌলাছড়া, জেরিন, জাগছড়া, খাইছড়া, ভাড়াউড়া, কালীঘাট, বিদ্যাবিল, হোসেনাবাদ, শমশেরনগর, নন্দরানীসহ আরও কয়েকটি চা-বাগান ঘুরে শ্রমিক ও শ্রমিক-সন্তানদের সঙ্গে কথা বলে প্রায় একই চিত্র পাওয়া গেছে।সন্তান পেটে এলে চা-বাগানের নারীরা কিছু নিয়ম মেনে চলেন। সে সময় তাঁরা ডিম-দুধ কিছুই খান না। ডিম খেলে গর্ভস্থ সন্তানের শরীরে পচন ধরে। আর দুধ খেলে জন্মের সময় সন্তানের ক্ষতি হয়। বাচ্চা নষ্ট হয়ে যায়—এমন সব কুসংস্কার চা-বাগানগুলোতে প্রচলিত।এসব কুসংস্কারের কারণে চা-বাগানের অপুষ্ট নারীরা অপুষ্ট শিশুর জন্ম দিচ্ছেন। সন্তান ভূমিষ্ঠের পর আর্থিক অনটনের কারণে শিশুদের প্রোটিনযুক্ত খাবার দিতে পারছেন না। এ কারণে এখানকার শিশুদের বেশির ভাগই অপুষ্টিতে ভোগে।মৌলভীবাজারের চা-বাগানগুলোতে একসময় পুষ্টিকেন্দ্র ছিল। এখন নেই। এসব কেন্দ্র থেকে প্রোটিনযুক্ত খাবারের মিশ্রণে তৈরি ‘পুষ্টি প্যাকেট’ অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের বিনা মূল্যে দেওয়া হতো। বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ড জেলার কয়েকটি উপজেলায় এই কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল। চা-বাগানের শ্রমিকেরা বন্ধ হয়ে যাওয়া পুষ্টিকেন্দ্রের প্রয়োজনীয়তা এখনো অনুভব করেন।ভার্ডের তৎকালীন ব্যবস্থাপক বিউটি আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ২২৭টি পুষ্টিকেন্দ্র ছিল। এর মধ্যে চা-বাগান এলাকায় ছিল ১৪৫টি কেন্দ্র। ২০১১ সালের জুন মাসে এই প্রকল্প বন্ধ হয়ে যায়।জেলার কমলগঞ্জ উপজেলার ধলই চা-বাগানের খণ্ডকালীন চিকিৎসা কর্মকর্তা মো. শফিউল আলম। পাঁচ বছর ধরে তিনি এই চা-বাগানে শ্রমিকদের চিকিৎসা দিচ্ছেন। তাঁর মতে, চা-বাগানের সব শিশুই জন্মগতভাবে অপুষ্টির শিকার। কুসংস্কারের কারণে সন্তানসম্ভবা নারীরা প্রোটিনসমৃদ্ধ খাবার খান না। এ কারণে তাঁরা অপুষ্ট শিশুর জন্ম দেন। প্রোটিনযুক্ত খাবারের অভাবে বছরের ১২ মাসই শিশুরা অপুষ্টিজনিত বিভিন্ন রোগে ভোগে।চিকিৎসকের এই মতের সঙ্গে কিছুটা দ্বিমত পোষণ করে চা-শ্রমিক নারীনেত্রী গীতা গোস্বামী বলেন, ‘চা-বাগানের নারী শ্রমিকেরা একসময় কুসংস্কারে বিশ্বাসী ছিলেন। তবে এখন আগের মতো নেই।’ তাঁর দাবি, চা-শ্রমিক ইউনিয়ন পরিচালিত মাদার্স ক্লাবের কল্যাণে এসব কুসংস্কার থেকে উত্তরণ সম্ভব হয়েছে। তবে এর কার্যক্রমও এখন বন্ধ আছে।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজীবুস শহীদ বলেন, চা-বাগানের শিশুরা অপুষ্টিজনিত রোগ ‘কোয়াশিওরকর’ ও ‘ম্যারাসমাস’ রোগে বেশি মাত্রায় আক্রান্ত হয়। এতে হাত-পা ফুলে যায়। রক্তশূন্যতা দেখা দেয়। রোগ প্রতিরোধক্ষমতা একেবারেই কমে যায়। তাঁর মতে, চা-বাগানে শিশুমৃত্যুর হারও বেশি। অপুষ্টি এর অন্যতম কারণ। তবে চা-শ্রমিকদের কুসংস্কার, অসচেতনতা, আর্থিক টানাপোড়েনের জন্য মালিক কর্তৃপক্ষের উদাসীনতাও সমানভাবে দায়ী।