অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা রিকশায় চড়ে ঘুরি। রিকশা চলতে শুরু করলেই সে হাসে। তার হাসিতে বিকেল চারটার রোদ ঝিকমিক করে ওঠে। আমার তখন মনে হয় তার হাসির শব্দ শুনে এই জীবনটা কেটে গেলে মন্দ হয় না। ভাবলাম, এই কথাটা তাকে বলি, তারপর আবার ভাবলাম না থাক।
আমাদের পাশ দিয়ে বাইকে চড়ে সানগ্লাস আর জিনসের প্যান্ট পরা দুজন যুবক চলে যায়। যাওয়ার সময় তাকে উদ্দেশ করে ওরা কি জানি একটা বলে। দেখলাম সে একটু আড়ষ্ট হয়ে গেল। তার হাসির ব্যাপারটা এখন আর নেই। আমি বললাম,
‘তুমি চিন্তা কর না, ওদেরকে আমি দেখে নেব।’
‘আপনি দেখবেন মানে? আপনি কি মাস্তান...’
আর যখন আমরা এসব কথা বলি, তখন শহরের বাতাস কেমন জংলি হয়ে ওঠে। সে চোখের ওপর থেকে চুল সরাতে সরাতে বলল,
‘বৃষ্টি হবে নাকি?’
‘না, আজকে মনে হয় ঝড়ই হবে।’
দেখলাম ঝড়ের কথায় সে কেমন লজ্জা পাচ্ছে। অথচ লজ্জা পাওয়ার মতো আমি কী বললাম জানি না। তার এসব ক্ষুদ্র ক্ষুদ্র নিবিড় রহস্যে আমার খুব অস্থির লাগে।
আমরা যেখানে এসে নামি সেখানে, একটা ছোট্ট দোতলা বাড়ির শরীর জড়িয়ে একটা
বোগেনিভলিয়াগাছ। সে বলে
আমি যাই...
তবে যাই বলেই সে চলে যায় না। আবার আমিও চলে যাই না, যদিও একটু আগে বলেছিলাম যে এদিকে আমার খুব জরুরি একটা কাজ আছে।
চারপাশে বিকেলের কৌতূহলী রোদ নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। খুব সম্ভবত একে অন্যের জন্য অপেক্ষা করি ।