অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৮ সাল। পশ্চিম পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা অতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। গোটা দেশ অস্থির। বড় বড় শহরের তুলনায় গাইবান্ধার মতো ছোট শহরগুলো তখনো কিছুটা শান্ত। শহরের শেষ প্রান্তে হানিফ চাচার বাড়ি। ছোটবেলা থেকেই চাচা নাকি কিছুটা বাউণ্ডুলে আর দুরন্ত। প্রতিদিন মাঠে ফুটবল খেলে বেড়াতেন। একদিন সেনাবাহিনীর কয়েকজন সদস্য চাচার সুঠাম দেহ দেখে তাঁকে সেনাবাহিনীতে আসার প্রস্তাব দেন। সেনাবাহিনীতে চাকরি করাই ছিল চাচার স্বপ্ন। তো চাচা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান এবং প্রাথমিক পরীক্ষার জন্য জিপে উঠে বসেন। দূরে দাঁড়িয়ে বন্ধুরা কিছুই বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে রটে যায়, চাচাকে আর্মি ধরে নিয়ে গেছে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। তিন দিন চাচার খোঁজ নেই। তিন দিন পর চাচা হাতে নিয়োগপত্র নিয়ে বাড়িতে হাজির। বাড়ির সবাই তো মহা খ্যাপা। দাদা-দাদি, ফুফুরা কেউ তাঁকে সেনাবাহিনীতে যেতে দেবেন না। চাচা কখনোই বাড়ির কারও কথা শুনতেন না। চাচা ঘুরেফিরে শেষে বাড়িতে এলেন। তাঁকে বিয়ে করানো হলো। সুন্দর চলছিল সবকিছু। ১৯৬৯ সাল। গণ-অভ্যুত্থানের বছর। উত্তাল বাংলাদেশ। যুব মনগুলো যেন বারুদ। আগুনের অপেক্ষায় আছে। তারা পাকিস্তান আর বাঙালি সেনাদের বিশ্বাস করতে পারছিল না।১৯৭০ সাল। চাচার সত্যি সত্যি সেনাবাহিনীতে চাকরি হয়ে গেল। পোস্টিং পশ্চিম পাকিস্তানে। বাড়ির সবাই অস্থির হয়ে পড়েন। দুই মাসের মেয়ে রেখে চাচাকে চলে যেতে হয়। ১৯৭১ সাল। যুদ্ধ শুরু হয়ে যায়। সেই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিম পাকিস্তানের সঙ্গে যোগাযোগ। উড়ো উড়ো খবর আসে, বাঙালি সেনাদের মেরে ফেলা হয়েছে। চাচার এবং নিজেদের জীবনের চিন্তায় বাড়ির সবাই অস্থির। ফুফুরা সব দাদার বাড়িতে আসেন। শহরে পাকিস্তানি সেনাদের আনাগোনা বাড়ছে। একদিন বাড়িতে আক্রমণ করে তারা। সবাই পালিয়ে গেলেও ফুফু তাঁর দুই বছরের মেয়েকে নিয়ে পালাতে পারেন না। ফুফুর কাছে সেদিন বীরাঙ্গনা হওয়ার চেয়ে মৃত্যুকে বেশি সম্মানের মনে হয়েছিল। বাড়ির পেছনেই ছিল নদী। ফুফু ছাদ থেকে তাঁর মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন। আরেক ফুফু পরে পাগল হয়ে যান। (কিছুদিন আগে এই ফুফু মারা যান।)১৬ ডিসেম্বর, ১৯৭১ সাল। যুদ্ধ থেমে যায়। দেশ স্বাধীন হয়। পূর্ব পাকিস্তান হয় বাংলাদেশ। বেঁচে থাকা যোদ্ধারা ঘরে ফেরেন। অনেকে ফেরেন না। যাঁরা ফেরেন না, তাঁদের কবরের ঠিকানা ফেরে। কিন্তু চাচার কোনো খবর আসে না। মেয়েটা হাঁটতে শিখল। এরপর মিষ্টি কথাও বলতে শিখল। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এল। দাদা-দাদি তাঁর মৃত ছেলের জন্য দোয়া করতে লাগলেন। কিন্তু চাচি এক মুহূর্তের জন্য নিজেকে বিধবা ভাবতে পারেননি। এভাবে আরও তিন বছর চলে গেল। হঠাত্ একদিন চাচা সবার জন্য উপহার নিয়ে বাড়িতে হাজির হন। সবার কাছেই এ যেন এক স্বপ্ন। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাঙালি সেনাদের বন্দী করা হয়েছিল। তিন বছর পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।মাহ্বুবুল আলম