আজ অনেক দিন পর খুব ভোরে ঘুম ভাঙল হাসানের। চোখ মেলেই বিছানায় বসে পড়ল। ওর ফ্ল্যাট ১৬তম তলায়। বিছানায় বসেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ও। পূর্ব আকাশে এখনো সূর্য ওঠেনি। তবে তার আগমনী বার্তা চারদিকে ছড়িয়ে দিতে ব্যস্ত মিষ্টি আলো। সেই আলোকে তারস্বরে চিত্কার করে স্বাগত জানাচ্ছে উচ্ছ্বসিত পাখির দল। তাদের মধ্যে নেতার ভূমিকায় অবতীর্ণ কিছু কাক। এ চঞ্চলতা হাসানের খারাপ লাগছে না। ভালোও লাগছে না। সে নিরাবেগ চোখে বাইরে তাকিয়ে আছে। থেকে থেকে কিছু বাতাস এসে হাসানের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। চোখের সামনে চুলের নাচানাচি হাসানের অনেক পছন্দ। আগে যখন মাঝেমধ্যেই হঠাত্ খুব ভোরে ঘুম ভাঙত, তখন ও চুলের অবাধ নাচানাচি দেখত। সামান্য বাতাস পেলেই তিথির চুলগুলো অস্থির হয়ে যেত। কিছু বেসামাল চুল ওর চোখ, নাক, মুখ কিছুটা ঢেকে দিত। বাতাসের ছন্দ আর চুলের নাচানাচিতে অদ্ভুত দেখাত তিথির মুখ। হাসান মুগ্ধ চোখে চেয়ে থাকত। হাসানের মনে হতো, তিথির বন্ধ চোখও যেন ওর সঙ্গে কথা বলছে। হাসি হাসি মুখ নিয়ে শুয়ে থাকা, নিষ্পাপ মায়াবী চেহারার মেয়েটা যে ওর বউ, এটা ভেবে হাসানের মুগ্ধতা আরও ছড়িয়ে পড়ত। সেই মুগ্ধতা ভোরের আলোর সঙ্গে মিশে অদ্ভুত এক মায়া সৃষ্টি করত। সেই মায়ায় লাল সূর্যটাকে যেন একটু অন্য রকম লাগত। হাসান এখনো বাইরে তাকিয়ে আছে। সূর্য যে অনেক আগেই উঠে গেছে, সেটা খেয়ালই করেনি। আজ অনেক দিন পর আবার তিথির সঙ্গে দেখা হবে। কত দিন ঠিক মনে করতে পারে না হাসান। তিন বছরের মতো হতে পারে। মাঝের এ সময়টা হাসান সিঙ্গাপুরে ছিল। হাসান ভেবে অবাক হয়, এত দীর্ঘ সময় তিথিকে না দেখে সে কীভাবে এখনো বেঁচে আছে!যখন ও সিঙ্গাপুরে গিয়েছিল তখনকার কথা মনে করতে পারে না। তবে এখন সেই সমস্যাটা নেই। এখন সে অনেক কিছুই মনে করতে পারে। যেমন মনে করতে পারে সিঙ্গাপুরে ওর প্রিয় চেরিগাছের কথা। ফুলে ফুলে ঢেকে যেত চারপাশ। শুধু সাদা আর সাদা। পার্কের মধ্যখানে হেঁটে যেত ও, দুই পাশে চেরিগাছের সারি। গাছগুলো কুর্নিশ করছে যেন ওকে। সেবার প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। হাসান তিথিকে নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। কুয়াশার চাদরে মোড়া চারপাশ। হঠাত্ কী যেন পাগলামি খেলে গেল তিথির মাথায়! ও ঘাসের ওপর খালি পায়ে হাঁটবে। পায়ে শিশির মাখাবে। হাসান কোনোভাবেই রাজি ছিল না। কিন্তু তিথির কথা অগ্রাহ্য করার জন্য যতটুকু ক্ষমতা প্রয়োজন ছিল, হাসানের তা ছিল না। প্রথমে হাসানের মনে হচ্ছিল, সে বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও হাঁটছে। কিন্তু কিছুক্ষণ পরই ওর ভুল ভাঙল। ওর মনে হতে থাকল, শিশিরভেজা সবুজ ঘাসের ওপর হেঁটে যাওয়ার চেয়ে সুখের আর কিছুই হতে পারে না। হাঁটতে হাঁটতে বাগানের দিকে চলে গিয়েছিল ওরা। বাগানে যেসব ফুলগাছ ছিল, তার অধিকাংশই শীতে যেন কাবু হয়ে ছিল। ব্যতিক্রম শুধু শিউলি ফুলের গাছগুলো। ঝুরঝুর করে একটার পর একটা ফুল মাটিতে পড়ছিল। দেখতে দেখতে সবুজ ঘাস ফুলে ফুলে সাদা হয়ে যাচ্ছিল। তিথি হাসানের হাত ছেড়ে দিয়ে ফুলের ওপর হাঁটছিল। কী নিষ্পাপ হাসি ছিল ওর মুখে! ও যেন কিশোরী হয়ে গিয়েছিল। হাসানের কাছে পুরো দৃশ্যটা স্বপ্নময় মনে হচ্ছিল। শিউলি কি জানত, তিথির পা ওর চেয়েও নরম? তিথির হাসিতে যে সেদিন একটু বেশিই শিউলি ঝরছিল, প্রকৃতি কি তা বুঝতে পারছিল? চেরি সাম্রাজ্যে হেঁটে যাওয়ার সময় হাসানের এসব কথা মনে পড়ত। চোখ ভরে উঠত জলে। কিন্তু গাল বেয়ে গড়িয়ে পড়ত না। ঝাপসা চোখে এক সময় চেরিগাছগুলোকে শিউলি মনে হতো হাসানের কাছে।তিথির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে গাড়িতে উঠেছে হাসান। ড্রাইভার খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। একটা সময় হাসান নিজেই গাড়ি চালাত। তিথি বসে থাকত ওর পাশে। যেদিন গাড়িতে বেড়াতে যেত, সেদিন তিথি শাড়ি পরত। হাত ভর্তি থাকত কাচের চুড়িতে। উড়ন্ত খোলা চুল দেখে মনে হতো যেন বৈশাখী মেঘ। যে মেঘ শুধু উড়েই বেড়াবে, কখনো বৃষ্টি হয়ে ঝরবে না। সেদিনও এসবের ব্যতিক্রম ছিল না। শুধু ব্যতিক্রম ছিল নিয়তি। সে দিন খুব হাসছিল তিথি। হাসান ওর চুল ধরে থাকবে, তিথি ধরতে দেবে না। এই নিয়ে হাসাহাসি। একটু বেশিই হাসছিল তিথি। যে মেয়েটা ঘুমের মধ্যেও হাসত, সেই মেয়েটা হাসতে হাসতেই চলে যাবে, এটা কখনোই ভাবতে পারেনি হাসান। সে কখনোই ভাবতে পারেনি, তার প্রিয় গাড়িটা হাসানের কাছ থেকে তিথিকে চিরতরে কেড়ে নেবে। সেই সামান্য কিছু মুহূর্ত হাসানের কাছে অনন্তকাল মনে হচ্ছিল। তিথির হাসি বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খেল গাড়িটা। দুজন দুদিকে ছিটকে পড়ল। এই তাদের প্রথম বিচ্ছিন্ন হওয়া। ঘোরের মধ্যেও হাসান ওর হাতটা বাড়িয়েছিল। হাসান তখনো বুঝতে পারেনি, তিথি ওর থেকে অনেক দূরে চলে গেছে। গাড়ির ভাঙা কাচের মধ্যে তিথির ভাঙা সবুজ চুড়িগুলো ছড়িয়ে ছিল। একটু আগেও যারা ঝুনঝুন শব্দে প্রকম্পিত করছিল চারপাশ, এখন তারা চুপচাপ, রাস্তায় পড়ে আছে। হাসান কোমায় চলে গিয়েছিল। বাঁচার তেমন সম্ভাবনা ছিল না। খুব দ্রুতই ব্যবস্থা নিয়ে ওকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘদিন ওখানে ওর চিকিত্সা হয়েছে। অনেক চেষ্টার পর সুস্থ হয়ে দেশে ফিরেছে ও। ড্রাইভার গাড়ি থামিয়েছে। কিছু বলছে না ড্রাইভার। হাসান বুঝে গেছে ও তিথির কাছে চলে এসেছে। গাড়ির দরজা খুলে বের হয় সে। হাসান শিহরিত। কত দিন পর তিথির সঙ্গে দেখা হবে! একটা লোহার গেট অতিক্রম করে ভেতরে ঢুকল সে। হাসান খুব চেষ্টা করছে ঠিকমতো হাঁটতে। কিন্তু ওর পা কথা শুনছে না। এলোমেলোভাবে পা পড়ছে ওর। হাসান একটা শিউলি ফুলের গাছ দেখল। আস্তে আস্তে এগোতে থাকে ও। পা থেকে কখন যে স্যান্ডেল খুলে গেছে টেরই পায়নি। বসন্তের সবুজ ঘাসগুলোকে হাসানের হঠাত্ মনে হতে থাকল যেন শিশিরে ভেজা। অনেক দিন পর হাসানের আবার মনে হলো, ভেজা সবুজ ঘাসের ওপর হেঁটে যাওয়ার সেই সুখকর দিনগুলোর কথা। তিথির কবরের সামনে দাঁড়িয়ে সে। হাসানের চোখ জলে ভরে যাচ্ছে। এই প্রথম হাসানের চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। হাসান চোখ বন্ধ করল। সে যেন ঝুরঝুর শব্দে শিউলি ঝরার শব্দ শুনতে পাচ্ছে। চোখ বন্ধ রেখেই হাসান বুঝতে পারে, তিথির কবরটা সাদা ফুলে ঢেকে যাচ্ছে। ফাহ্দ বিন মজিদমগবাজার, ঢাকা