অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় কী ভাবতাম, জানিস? জীবন মানে একটি নয়, দুটি নয়, তিনটি বাচ্চার মা হওয়া। জীবন মানে স্বামীর বাইকে চড়ে সন্তান নিয়ে ঘুরে বেড়ানো। জীবন মানে মরিচ পোড়া সরষের তেল, আলুভর্তা আর ডাল-ভাত খাওয়া। সোনাবাচ্চা, মুখ টিপে হাসছিস? খুব বেশি ন্যাকা ছিলাম, তাই না? হলাম না হয় ন্যাকা, তাও তো আমি তোর মা। এত দিন তোকে মুখ ফুটে কিছু বলতে পারিনি। আজ দুই কলম লিখছি। কারণ, আজই তোর মা-বাবার সম্পর্কের বয়স ছয় বছরে পা দিল।সোনাবাচ্চা, কাঁদে না। এই তো আমি আছি। আর কেউ না হোক, আমি তোর হূদয়ের স্পন্দন শুনতে পাই। আমি নিরুপায়, তোকে কোলে নিয়ে দুই হাত ভরে আদর করতে পারি না। তোর মায়ের শরীরে যে কয়েক বছর ধরে অসুখ ভর করেছে। এমন অসুখ—ডাক্তাররাও নিরুপায়। দেশ-বিদেশে অনেক ছুটেছি, তাও তোর সঙ্গে দেখা করার সুযোগ করে দেয়নি কেউ। তাতে কি, তুই আমার সোনাবাচ্চা ছিলি। আছিস। থাকবি। তোকে আমার এই দুই চোখ দিয়ে একবার দেখব, আদর করব, মানুষের মতো মানুষ করব—এর বেশি কিছু তো চাইনি জীবনে। আমার এই আশা পূরণ হবে না, তুই বলতে চাস? অবশ্যই হবে। মা ডাক আমি শুনেই ছাড়ব। তুই আমাকে মা বলে ডাকবি না? অন্তত প্রতি রাতে যখন চোখের পাতা ভিজিয়ে ক্লান্ত হয়ে পড়ব, তুই তখন আমাকে ঘুম পাড়িয়ে দিতে আসবি না? স্বপ্নে তুই আমাকে মা বলে ডাকবি না? না ডাকলে কিন্তু আমি রাগ করব। আর তোর নানিকে চিৎকার করে ‘মা মা’ বলে বিরক্ত করে ছাড়ব। আমার মুখে মা ডাক শুনে তুই নিশ্চয়ই একদিন সাড়া দিবি। নিশ্চয়ই আমাকে মা বলে ডাকতে ডাকতে অস্থির করে ছাড়বি। আমি সেই দিনের অপেক্ষায় আছি রে, সোনাবাচ্চা। আই লাভ ইউ, বেবি, মাই বেবি... শাহানা শারমীন, ঢাকা।