যুদ্ধের বছর। মায়ের কাছে ছোট ছেলেমেয়েদের রেখে বাবা গেলেন যুদ্ধে। মা পড়লেন মহা বিপদে। চারদিকে যুদ্ধের আতঙ্ক। দিন দিন জিনিসপত্রের দাম বাড়ছে। ঘরে চাল বাড়ন্ত। মা ছিলেন সম্ভ্রান্ত ঘরের মেয়ে। জীবনে কোনো দিন কষ্টের মুখ দেখেননি। কারও কাছে হাত পাতা, সাহায্য চাওয়া ছিল তাঁর কাছে প্রায় অসম্ভব। মামাবাড়ি থেকে চাল-ডাল এনে মা আমাদের খাওয়াতেন তখন।খুব প্রয়োজন ছাড়া মা বাড়ি থেকে বের হতেন না। একসময় অর্থের অভাবে আমাদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হলো। মা তখন ঘর ছেড়ে বেরোলেন চাকরির খোঁজে। পেয়েও গেলেন একটা সরকারি চাকরি। তাঁর কঠিন শপথ—যে করেই হোক, সন্তানদের মানুষ করতে হবে। চাকরি-সংসার—সব মিলিয়ে দিনরাত অমানুষিক পরিশ্রম করে যাচ্ছেন।মায়ের পরিশ্রম সার্থক হয়েছে কি না জানি না, তবে আমাদের যেটুকু অর্জন, তার পেছনে রয়েছে মায়ের অসামান্য অবদান। মা খুব বেশি পড়াশোনা করেননি। কিন্তু শুনেছি, যে কয়টা ক্লাসে পড়েছেন, প্রথম ছাড়া দ্বিতীয় হননি। সংসারের অধিকাংশ সিদ্ধান্ত মা-ই নিতেন। নানা বিষয়ে আমরা বৈঠকে বসতাম। মা থাকতেন বৈঠকের অলিখিত সভাপতি। পড়াশোনা শেষ করার পরও আমাদের সবার চেয়ে মায়ের সিদ্ধান্তই সবচেয়ে গ্রহণযোগ্য হতো। খুব অবাক হতাম, জীবনের ওই পর্যায়ে গিয়েও মায়ের মতো করে ভাবতে পারতাম না বলে।অন্য কারও কাছ থেকে কিছু না বলে আনলে মা খুব রেগে যেতেন। খুব ছোটবেলায় মায়ের কাছ থেকে শিখেছি, অন্যের জিনিস না বলে আনতে হয় না, মানুষকে কষ্ট দিতে হয় না। মা কখনো অভাবের কথা অন্যকে বলতে দিতেন না। তিনি বলতেন, ‘কেউ তোমাকে সাহায্য করবে না, বরং তোমার দীনতা নিয়ে উপহাস করবে।’ মায়ের এ কথা জীবনভর সত্যি হয়েছে।চরম দুঃখকষ্ট ধারণ করার এক অসম্ভব ক্ষমতা ছিল মায়ের। তাঁর কষ্টগুলো কখনো আমাদের বুঝতে দেননি। মাকে খুব কঠিন মনে হতো। তাঁকে কখনো শব্দ করে কাঁদতে দেখিনি।সংসার চালানোর অনেকটা চাপ এসে পড়েছিল বড় ভাইয়ের ওপর। ছোট ছোট ব্যবসা করে ভাই সংসারের খরচ চালাতেন। তিনি খুব বেশি ঘুমাতেন। মা এটা পছন্দ করতেন না। রাগারাগি করতেন। অভাবের সংসার, মায়ের বকাবকি—সবকিছু নিয়ে বড় ভাই ছিলেন কিছুটা বিপর্যস্ত। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেলেন। মা তাঁর ভাইদের ডেকে আনলেন সন্তানকে খুঁজে বের করার জন্য। আত্মীয়স্বজন সবাইকে খোঁজ করতে পাঠালেন। এক বুক আশা নিয়ে প্রতিদিন অপেক্ষা করতেন—কেউ একজন এসে বলবে, আপনার সন্তানকে পাওয়া গেছে। কিন্তু না, কেউ আসেনি। রাত গভীর হলেই মা বিছানায় বসে কাঁদতেন।আমার বড় মামা ছিলেন কুষ্টিয়া থানার দারোগা। আমাকে সেখানে পড়ালেখার জন্য পাঠানো হবে। মামির প্রতি মায়ের আস্থা ছিল না। মামার কাছে যাওয়ার আগে যে কদিন বাড়িতে ছিলাম, প্রতি রাতে মাকে কাঁদতে দেখেছি। মামাকে দেওয়া একটি চিঠিতে দেখেছিলাম, রবীন্দ্রনাথের ‘ছুটি’ গল্পের ফটিকের কথা লিখেছেন।মাকে ছেড়ে চলে আসার দিনটি হয় খুব কঠিন। সারাক্ষণ দোয়া-দরুদ পড়তে থাকেন। মায়ের কাছ থেকে রওনা হওয়ার শেষ মুহূর্তে মাথায় হাত রাখেন, দোয়া পড়ে কপালে-মাথায় ফুঁ দেন। চোখ ভারী হয়ে আসে তাঁর। দু-এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। অনেকবার ভেবেছি, শেষবার মায়ের দিকে তাকাব না। কোনোবারই প্রতিজ্ঞা রাখতে পারিনি।২০০৯ সালের ১৭ এপ্রিল বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মায়ের শুরু হয় এক দীর্ঘস্থায়ী শূন্যতা। ভাইবোন সবাই কাজের সূত্রে বাইরে থাকি। মা এখন একাকী বাড়িতে থাকেন। যে প্রিয় সন্তানদের জন্য এত কিছু করেছেন, কেউ তারা পাশে নেই। মায়ের দুই হাঁটুতে ব্যথা। হাঁটতে-চলতে, উঠতে-বসতে অনেক কষ্ট হয়। সাধ্যমতো চিকিৎসা করিয়েছি। কিন্তু সুস্থ হচ্ছেন না। সন্তানদের কাছে তাঁর কিছুই চাওয়ার নেই। জীবনের বাকি দিনগুলো ব্যথামুক্ত হয়ে বেঁচে থাকতে চান—এটাই তাঁর প্রার্থনা।আজ পৃথিবীর অনেক কিছু বদলে গেছে। আমাদের বাড়ির পাশের নদীটিতে আগের মতো জল নেই। আমরা ভাইবোনেরাও বদলে গেছি। বদলাননি শুধু আমার মা। আজও আগের মতোই ভালোবাসেন। আজও চোখের জল ফেলেন। আজও পথ চেয়ে থাকেন...।আশফাকুজ্জামান, ঢাকা।