
ভোর পাঁচটা কুড়ি মিনিটে আমাকে ডেকে দেওয়ার কথা। যে মেয়েটি ফোন দেবে তার অসীম ধৈর্য। কিছু মেয়ে পাহাড়প্রমাণ ধৈর্য নিয়ে পৃথিবীতে আসে। আমাকে যে ফোন দেবে তার ধৈর্য পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামার সমান। ভাস্কো-দা-গামা ধৈর্য ধরে জাহাজ চালাতে চালাতে একদিন কারও অনুমতির তোয়াক্কা না করেই ভারতীয় উপমহাদেশে ঢুকে পড়েছিলেন ফট করে।
এবার ফোন দেওয়ার উদ্দেশ্যটা বলি। উদ্দেশ্য কিছুই না, ভোরের শিশির দেখা। দূষিত নগর ঢাকায় ভোরের শিশির দেখা যায়—এই কথা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আর যদি দেখা যায়ও, তা দেখার কোনো প্রয়োজন আমার নেই। ঘুম মাটি করে নিজেকে বিরাট প্রকৃতিপ্রেমিক প্রমাণের জন্য শিশির দেখাটা একধরনের পাগলামি। এ ধরনের পাগলামি কবি-সাহিত্যিকেরা করে গেছেন। কবি-সাহিত্যিকদের মাথায় সামান্য পরিমাণে ছিট থাকে। এই ছিট সব সৃষ্টিশীল মানুষেরই থাকে। আমি সৃষ্টিশীল কেউ না। সুতরাং আমার ছিট থাকা বাধ্যতামূলক না। আমার কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোই শ্রেয়।
এই মেয়েকে মুখ ফুটে এগুলো বলা যায় না। তার সঙ্গে তাল দিয়ে যেতে হয়। মিথ্যে করে বলতে হয়, ভোরের শিশির না দেখে ঘুমিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়! আমাকে দেখতেই হবে। শিশিরের গুরুত্ব তুমি বুঝবে না। জীবন যে একটা শিশিরের বিন্দুর মতোই ক্ষণস্থায়ী, এটা জানো?
তখনই সে বলবে, আচ্ছা, আমি তোমাকে প্রতিদিন সকালে ডেকে দেব।
আমিও মুখের ওপর বলে ফেলব, অবশ্যই ডেকে দেবে। শিশির দেখা এবং শিশির দেখতে সাহায্য করা—দুটিই সমান গুরুত্বপূর্ণ।
বলেই ধরা খেয়ে যাব। এই মেয়ে অসীম ধৈর্য নিয়ে প্রতিদিন সকালে একের পর এক ফোন দিতে থাকবে। ওহ্ আচ্ছা, মেয়েটার নাম বলা হয়নি। এর নাম নেলি। সাধারণ মেয়ে। চেহারা গোলগাল, মাথায় লম্বা চুল আছে, ঠোঁটে পাতলা করে লিপস্টিক দেয় এই-ই।
ঘুম ভেঙেছে সকাল দশটায়। বাইরে প্রচণ্ড রোদ। ঢাকা শহরে ধুলো ওড়াউড়ি শুরু হয়ে গেছে। জানালা দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। মিথ্যা বললাম। আমার জানালা দিয়ে কোনো আকাশ দেখা যায় না। ঢাকা শহরের অধিকাংশ পুরোনো বাড়ির জানালা দিয়েই আর আকাশ দেখা যায় না, বড় বড় অট্টালিকা দেখা যায়। এসব অট্টালিকার সাইজ দেখে আকাশটা লজ্জিত।
দশটায় ঘুম ভাঙার পর মোবাইলটা চেক করে দেখলাম। নেলির ঠিক ভোর পাঁচটা কুড়ি মিনিটে ফোন দিয়ে আমাকে জাগিয়ে দেওয়ার কথা ছিল। আজ আমার মোবাইলে কোনো ফোন আসেনি। নেলি ফোন দেয়নি। মেয়েটার হয়তো মন খারাপ। কিংবা হয়তো ঢাকা শহরের রোদের মতো নেলির মনেও আজ আলোকিত পরিবর্তন।
নেলির ফোন আমি শেষ কবে পেয়েছিলাম মনে নেই। হয়তো কোনো একদিন আবার হঠাৎ ফোন আসবে। ঠিক পাঁচটা কুড়ি মিনিটে। আমার সেদিন সত্যিই অনিচ্ছায় ভোরের শিশির দেখা হবে। হয়তো অদ্ভুত আনন্দে মন ছেয়ে যাবে। এই আনন্দ শিশিরের জন্য না, নেলির ফোনের জন্য। কোনো কিছুর জন্য আজীবন অপেক্ষা করাও একধরনের আনন্দ।
জন রাসেল