অপেক্ষা
ঈদপাড়ায় এক ধরনের তরঙ্গ থাকে, ঢেউ থাকে, থাকে ‘অপেক্ষার বেলুন’ ফুটানোর আনন্দ। আমারও থাকত। রমজানের এই মাসটায়, আমার অপেক্ষায় থাকত মিলেমিশে থাকা ভক্তি, বড় ভক্তি-ছোট ভক্তি।
ঈদের জামা কাপড়ের কোনো উত্তেজনা থাকত না। ভালো লাগত, একসঙ্গে বের হতে যাওয়া মানুষগুলোকে দেখতে, যারা একটু পরেই শুরু করবে এক বজ্রসম বিশ্বাসের যাত্রা, একই ঠিকানায়। আমার এসব দেখতে ভালো লাগতে থাকে। একই সঙ্গে হাজার মানুষের জমায়েত। বয়স তখন আমার আট হবে। শিখেছি, জগতে এই ঈদের অপেক্ষা কেবল একমাত্র অপেক্ষা নয়। কেবল জমে থাকা হাজারো অপেক্ষাগুলো গুরুত্ব পেয়ে উঠে না। অনেকের কাছে অনেক সময়।
ঈদের দিনে কিছু ভাগ থাকে। সকালে নতুন জামা পরা, নামাজে যাওয়া, সালামি সংগ্রহ। শেষ বিকেলে নিজেকে নিয়ে থাকা। অথবা ঘুরতে যাওয়া, শুভেচ্ছা বিনিময় করা ফোনে কিংবা বন্ধুদের সঙ্গে। অন্যথা পুরো দিনই কারও যায় পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ায়, সে দেশ কিংবা বিদেশ। সবচেয়ে ব্যতিক্রম ঈদ-ঘুম দিয়ে কাটানো যাদের। সবই আইনসিদ্ধ। সবচেয়ে বেশি আনন্দ ঘরে ফেরা মানুষগুলোকে নিয়ে ঈদ করা।
ঈদ নিয়ে টিভি অনুষ্ঠানের একটা উত্তেজনা বহাল থাকত, সেই ছোট কাল থেকে। কি সুন্দর বাক্সে কি হাসির রঙে রঙিন নাটক হয়, কথা কয়। হাসতে কার না ভালো লাগে। আমিও হাসতে থাকতাম। আনন্দ সীমাহীনের একটা অন্যতম কারণ বই থেকে দূরে বৈধভাবেই ঘোরাফেরা করব। এ যেন এক প্রাপ্তি, বিরাট প্রাপ্তি।
একবার গেলাম জিন্দাপার্ক। তখন উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে, ২০১৩ সালে। ঢাকা থেকে দূরত্ব খুঁজে এখন দেখলাম ৩৭ কিলোমিটার হবে। পথে পড়বে কাঁচপুর ব্রিজ, কাঞ্চন ব্রিজ। সেই ব্রিজ থেকে হেঁটেই যাওয়া যায়। কি আছে ওইখানে? আমার স্মৃতি।
আমরা গেলাম আটজন। হাঁটতে ভালো লাগছিল, ভালো লাগা মিশে ছিল সবকিছুতে। কেউ গাছে উঠে বাবাজি ধ্যান করবার মতো ছবি তুলে, তার মাঝে ধ্যান করা বাবা ছবিতে জুতা আবিষ্কার করে। কেউবা এই-সেই গাছে উঠে উঠে ছবি তুলে। মানুষের বানর স্বভাব যায় না কখনোই, গাছ দেখলেই চড়তে ইচ্ছে করে। কেউ ছবি তুলবে ভাসমান অবস্থায়, এই বায়ু সাগরে। কত লাফ ঝাঁপ, সফল হওয়ার পরই কেবল শান্তি। হাজারো মহাজাগতিক চিন্তা ধাক্কা দিতে থাকে। স্টাইল আর স্টাইলের মধ্যে বন্ধুত্ব রঙিন হতে থাকে। সেই স্মৃতি খুব সাধারণভাবে ক্ষয় হতে হতে এখন আশ্চর্যময় সংরক্ষণ আমার। আমরা ফিরি একটা ট্যাক্সি ক্যাবে। গানে আর চাপাচাপিতে আমরা ফেটে যাচ্ছিলাম। ফিরি জাদুর শহরে।
বন্ধুত্ব আর ঈদ একসঙ্গে দুটো পবিত্র জিনিস স্মৃতিকে কখনো হারাতে দেবে না।
ঈদ শেষে অপেক্ষা, আবার কবে? পৃথিবীর সব থেকে দামি সময়, কখন সেই সময় পাব? শিহরণে মেরুদণ্ড ঠান্ডা হয়ে আসে এখনো ছোটবেলার মতো, ছোট আমিকে ছুঁতে ইচ্ছে করে।
এভাবে ঈদ যায়, ঈদের অপেক্ষার একটা সমাপ্তি হয়, হয়েই কিছুদিনের মধ্যে শুরু হয় আবার। যখন কারও মুখে হাসি দেখি তখনো কিছুটা সময়ের জন্য অপেক্ষার শেষ হয়, তারপর? আবার চলতে থাকে...