
মঙ্গলবার রাত ১০টা। এক দফা বৃষ্টি হয়ে গেছে। এরপরও বিপণিকেন্দ্রমুখী মানুষের স্রোত কমেনি। রাত যত গভীর হচ্ছে ততই বিপণিকেন্দ্রে মানুষের আনাগোনা বাড়ছে। রাত ১২টায় দেখা গেছে, মিমি সুপার মার্কেট ও আফমি প্লাজায় ক্রেতায় ঠাসা। তবু গতবারের তুলনায় বিক্রি নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট হতে পারছেন না। তাঁদের অপেক্ষা এখন শেষ মুহূর্তের কেনাকাটার।
চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘রোজার প্রথম দুই সপ্তাহে গতবারের চেয়ে বেচাকেনা প্রায় ৩০ শতাংশ কম ছিল। এখন ক্রেতাদের ভিড় বেড়েছে। শেষ সময় পর্যন্ত এভাবে চললে বেচাকেনা কম হবে না।’
আগামীকাল শুক্রবার থেকে নয় দিনের ছুটি শুরু হচ্ছে। যঁারা গ্রামে ঈদ করবেন তঁারা এর মধ্যেই কেনাকাটা সারছেন। ফলে বিপণিকেন্দ্রগুলোতে ক্রেতাদের চাপ বেড়েছে।
বিপণিকেন্দ্র দুটি ঘুরে দেখা গেছে, এখন মূলত পাঞ্জাবি, জুতা, মেয়েদের সালোয়ার-কামিজ, শাড়ি, প্রসাধনী বিক্রি হচ্ছে বেশি। রাত আড়াইটা পর্যন্ত চলে এই কেনাকাটা। এর আগে গত কয়েক দিনে জহুর হকার্স মার্কেট, সানমার ওশান সিটি, নিউমার্কেট হিসেবে পরিচিত বিপণিবিতান, আমীন সেন্টার ঘুরে মানুষের ভিড় দেখা গেছে।
গত মঙ্গলবার আফমি প্লাজায় কেনাকাটা করছিলেন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শামসুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ‘ঈদের পোশাক কেনার জন্য প্রথম মার্কেটে এসেছি। ছোট দুই সন্তানের জন্য পোশাক কিনেছি দেশী দশ থেকে। পরিবারের অন্য সদস্যদের জন্য পছন্দের পোশাক খুঁজছি।’
ব্যবসায়ীরা জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং মানুষের আয় বেড়েছে—এমন চিন্তা থেকে ব্যবসায়ীরা বিপুল পরিমাণ পোশাক সংগ্রহ করেছেন এবার। কিন্তু রোজার প্রথম দুই সপ্তাহে গতবারের তুলনায় বিক্রি কম হওয়ায় হতাশ হয়ে পড়েন তাঁরা। এখন অপেক্ষা করছেন শেষ মুহূর্তের বিক্রির।
মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১৫টি অভিজাত ও ৫৮টি সাধারণ বিপণিকেন্দ্র রয়েছে। এ ছাড়া টেরিবাজার, তামাককুমণ্ডি ও রেয়াজউদ্দিন বাজারে ২৬০টি ছোট আকারের বিপণিকেন্দ্র রয়েছে।
বিপণিকেন্দ্র সানমার ওশান সিটিতে গত সোমবার বিকেলে দেখা গেল প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। তবে এই বিপণিকেন্দ্রেও বিক্রি নিয়ে হতাশা কাটেনি ব্যবসায়ীদের। বিপণিকেন্দ্রের মেয়েদের পোশাকের দোকান পরিণীতার মালিক আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এখন মার্কেটে ভিড় বেশি। সে তুলনায় িবক্রি কম। গতবারের সঙ্গে তুলনা করলে বিক্রি অর্ধেকে নেমেছে।’
বিক্রি কমার হিসাব দিলেন আফমি প্লাজার দোতলার মেয়েদের পোশাক বিক্রির একটি প্রতিষ্ঠানের কর্ণধারও। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘গত বছর রোজার প্রথম ২০ দিনে বিক্রি হয়েছিল ৬০ লাখ টাকার কাপড়। এবার একই সময়ে বিক্রি হয়েছে প্রায় ৩৯ লাখ টাকার। এ অবস্থা বেশির ভাগ দোকানে।’
ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদ বোনাস পাওয়ার পর এক দফা চাপ বেড়েছে ক্রেতাদের। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের পছন্দের বিপণিকেন্দ্র জহুর হকার্স মার্কেটে ভিড়ের মধ্যে হাঁটাচলাও দায় হয়ে পড়ছে। এখানকার একটি তৈরি পোশাকের দোকান চাটির স্বত্বাধিকারী গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহ ধরে ক্রেতার চাপ বেড়েছে। বিক্রিও হচ্ছে ভালো। তবে শুরুতে এবার বিক্রি কম ছিল।’