অপেক্ষার সেই ভোর
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর। পুরো বিশ্ববিদ্যালয় ছিল তাঁর আগমনের প্রতীক্ষায়। সেদিন মঞ্চসজ্জার দায়িত্বে ছিলেন শিল্পী আনোয়ার হোসেন। তিনি শুনিয়েছেন সেই স্মৃতিকথা। ‘১৪ আগস্ট, ১৯৭৫। ঘড়িতে সময় রাত ১২টা ছুঁই ছুঁই। ততক্ষণে প্রায় তৈরি হয়ে গেছে বঙ্গবন্ধুর হাস্যোজ্জ্বল মুখের ১২ ফুট উঁচু পোর্ট্রেটটা (প্রতিকৃতি)। টিএসসির ভেতরে মাঠের মাঝখানে করা হয়েছিল এই পোর্ট্রেটটি। করেছিলেন আমাদের আর্ট কলেজ থেকেই পাস করা এক ছোট ভাই, মান্নান। রাজ্জাকেরা তখনো ব্যস্ত দেয়ালে চিকামারা নিয়ে। “এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানটিই তখন বিশ্ববিদ্যালয়ের প্রায় দেয়ালজুড়ে। আমি টিএসসি মিলনায়তনের ভেতরে মঞ্চসজ্জা করছিলাম তখন।’ সেই রাতের কথা এভাবেই বলছিলেন শিল্পী আনোয়ার হোসেন। তিনি তখন বাংলাদেশ টেলিভিশনের প্রধান ডিজাইনার।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন। সেই আনন্দে থইথই করছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। দেয়াল লিখন, ব্যানার, ফেস্টুন আর স্বাগত তোরণে তোরণে ছেয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের এলাকা।‘সাজসজ্জার প্রস্তুতিটা শুরু হয়েছিল চার-পাঁচ দিন আগে থেকেই। ডাকসুর মুজাহিদুল ইসলাম সেলিম আমাকে ডেকে নিয়ে বললেন, “আনোয়ার ভাই, বঙ্গবন্ধু আসবেন, ক্যাম্পাস সাজাতে হবে।” আমিসহ মান্নান, ফারুক, মাহতাব, রেজাউল—সব শিল্পীই শুরু করে দিলাম কাজ। খুব উত্তেজনা কাজ করছিল ভেতরে।’ বলতে বলতে তিনি টিএসসির সড়কদ্বীপের কাছে এসে থামলেন। স্বোপার্জিত স্বাধীনতার সামনে এসে কিছুক্ষণের জন্য যেন তিনি থমকে গেলেন। তারপর আবার বলতে শুরু করলেন, ‘আমাদের মূল সাজসজ্জা ছিল সেদিন এই টিএসসি চত্বরকে ঘিরে। এই যে ভাস্কর্যটি, এটা এখানে ছিল না সেদিন। এ জায়গাটি ছিল লতাপাতায় ঘেরা, অনেকটা জঙ্গলের মতো। এ জায়গা পরিষ্কার করে আমরা এখানে ১৬ ফুট উঁচু একটি স্বাগত সজ্জা করেছিলাম।’ বলেই একটি কাঠি নিয়ে মাটিতে আঁকিবুঁকি করতে লাগলেন ব্যস্ত হাতে। উত্তেজনায় থরথর করে কাঁপছিল তাঁর হাতখানা। ১৯৭৫-এর ১৪ আগস্টের তরুণ শিল্পী মনে হচ্ছিল তখন তাঁকে। একটি নকশা ফুটে উঠল মাটিতে। ওপরের দিকে জাতীয় ফুল শাপলাটা চোখে পড়ল খুব স্পষ্টভাবে। ‘এ নকশাটি আমি করেছিলাম সেদিন।’ বললেন তিনি। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলেন টিএসসির দিকে।যেতে যেতে জানা হলো আরও চমৎকার সব কাহিনি। বিশ্ববিদ্যালয়ের সব ভবন নাকি সেদিন ঝকঝকে, তকতকে করা হয়েছিল ঘষেমেজে। কলা ভবনের মূল সিঁড়ির দুই পাশে করা হয়েছিল বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল চিত্র। সিঁড়ির দুই ধার খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল একেবারে ওপর পর্যন্ত। সেদিন নাকি কথা ছিল বঙ্গবন্ধু জগন্নাথ হলে যাবেন, ওখান থেকে শহীদ মিনার হয়ে টিএসসি আসবেন। রাষ্ট্রপতির গাড়ি পেছনে ঘোরানো হয় না, তাই নাকি জগন্নাথ হল থেকে শহীদ মিনারে যাওয়ার জন্য জগন্নাথ হলের দেয়াল ভেঙে একটি গেট করা হয়েছিল। এখনো রয়েছে ওই গেটটি।ততক্ষণে টিএসসির সবুজ মাঠে চলে এসেছি আমরা। মাঠের মাঝখানে একটা জায়গা দেখিয়ে বললেন, ‘এখানেই করা হয়েছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি।’ সেখানেই বসে পড়লেন তিনি। বসলাম আমিও। শিল্পী আনোয়ার হোসেন যেন আবার কিছুক্ষণের জন্য থমকে গেলেন। ভাঙালাম না তাঁর নিশ্চুপ স্মৃতিধ্যান। বেশ কিছু সময় একা একাই কাটালেন নিজের মতো। তারপর বলা শুরু করলেন আবার। ‘টিএসসি মিলনায়তনের মঞ্চটি সাজিয়েছিলাম রিলিফওয়ার্ক দিয়ে। বেশির ভাগই সাদা রং ব্যবহার করা হয়েছিল। যে টেবিলে বঙ্গবন্ধুসহ অতিথিরা বসবেন, সেগুলো নতুন করে বানিয়েছিলাম আমরা। মঞ্চে সেট করা হয়েছিল ১৬টি মাইক্রোফোন। সেগুলো পরীক্ষা করে প্রায় রাত তিনটার দিকে এসপি মাহবুবের হাতে পুরোটা বুঝিয়ে দিয়ে তারপর বেরিয়ে এলাম টিএসসির বাইরে। আমার বাসা ছিল তখন আজাদ অফিসের কাছে। বাসায় ফিরে দোতলার ঘরটায় গিয়ে শুয়ে পড়লাম। অপেক্ষায় ছিলাম ভোরের। যাঁর জন্য এত আয়োজন, এত সজ্জা, এত উচ্ছ্বাস, তাঁর অপেক্ষায়। ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল আমার ভাগ্নি ইভার চিৎকারে। রেডিও টিউনিং করতে গিয়েই শুনল খবরটা। দৌড়ে ওপরে এসে জানাল, বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছে। আমি লাফ দিয়ে উঠে গায়ে জামা চাপিয়ে চলে এলাম টিএসসিতে। স্বাগত সজ্জাটা ভোরের আলোয় চকচক করছিল তখন। দাঁড়িয়ে ছিলাম ওখানেই। দেখলাম, রোকেয়া হল থেকে সাদা জমিনে লাল পাড়ের শাড়ি পরে বেরিয়ে আসছে মেয়েরা। কেউ বা খোঁপায় গুঁজছে বেলি ফুল। অথচ ওরা তখনো জানত না, কী ঘটে গেছে রাতের আঁধারে।’