অপ্রকাশিত ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝেমধ্যে আব্বুর ওপর রাগ হয়। সব কিছুতেই ওনার সমস্যা। এই যেমন কোথাও ঘুরতে গেলাম। ঘণ্টা না পেরোতেই আব্বুর ফোন। কোথায় আছি, ঠিকঠাক মতো পৌঁছেছি কি না, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো ইত্যাদি নানা রকম প্রশ্ন করে ঘুরতে যাওয়ার মজাটাই নষ্ট করে দেয়। তাই মাঝেমধ্যে রাগ করে ফোন ধরি না।
বাসায় এলে তো কথাই নেই। ফোন কেন ধরলাম না, বাবা-মায়ের কথা শুনতে হয় ইত্যাদি নানান ধরনের জ্ঞানগর্ভ লেকচার হজম করতে হয়। কিন্তু দিন শেষে যখন ভাত খেতে বসি তখন নিজের মাছের টুকরো দুই ভাগ করে এক ভাগ আমাকে দেন, যদিও আমার নিজের ভাগের মাছটা তখনো খাওয়া বাকি! বৃষ্টির দিনে ফ্যান চালিয়ে কাঁথা মুড়ি দিয়ে যখন আরামসে ঘুমাতে থাকি, তখন মধ্যরাতে উঠে আচমকা আমার রুমের ফ্যান বন্ধ করে দেন। ঘুম থেকে উঠে যখন দেখি ফ্যান বন্ধ, তখন রাগে মাথা খারাপ অবস্থা হয়। আব্বুকে বললে তিনি বলেন, বৃষ্টির দিন তো। যদি ঠান্ডাটান্ডা লেগে যায়! বাজারে গেলে আমি যদি বলি ওই ফলটা কেনো, অনেক দিন খাইনি, তাহলে আব্বু ওটা কিনবেনই। তা যত দামই হোক। হরতালের দিনগুলোতে আমাকে গৃহবন্দী থাকতে হয়। এমনকি বিকেলে বের হতেও আব্বুর আপত্তি। ইয়াং মানুষ যদি ধরেটরে নিয়ে যায়। আর যদি বের হইও তখনো পকেটে আইডিকার্ড নিয়ে যেতে হয়। তখন এই সামান্য আইডিকার্ডকে অনেক বড় বোঝা মনে হয়। পারতপক্ষে আব্বুর এত সব ঝকমারি সহ্য না হলেও দিন শেষে যখন চিন্তা করি তখন ঠিকই আমার প্রতি আব্বুর গভীর ভালোবাসার চিত্রই ফুটে ওঠে।