অফিস পাড়ায় জুতার হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকেল তিনটার পর বদলে যায় আগ্রাবাদের অফিসপাড়া। কমতে থাকে দিনের কর্মব্যস্ততা। তখন বাদামতলীর ব্যাংক-বিমা অফিসের সামনের ফুটপাতজুড়ে শুরু হয় অন্য রকম এক ব্যস্ততা। হরেক রকমের জুতার পসরা নিয়ে বসেন বিক্রেতারা। বিকেল থেকে সন্ধ্যা গড়াতেই পুরোপুরি জমে যায় বাজার। জুতার এ হাটে আসেন সব বয়সী লোকজন। কাজ শেষে ঘরমুখো মানুষেরা যেমন ভিড় করেন তেমনি অন্য জায়গা থেকেও আসেন অনেক ক্রেতা।ফুটপাতের জুতা কিনতে সবার এত আগ্রহ কেন? সেই রহস্য জানালেন বিক্রেতা সাব্বির আহমেদ। তিনি বলেন, ‘এসব জুতা রপ্তানির জন্য তৈরি। কিন্তু সামান্য ত্রুটির জন্য চালান বাতিল হয়ে যায়। পরে এগুলো আমরা কিনে আনি। জুতাগুলো খুবই টেকসই, দামও কম। তাই ক্রেতারা ছুটে আসেন।’ বিক্রেতারা জানান, তাঁরা ঢাকা ও চট্টগ্রামের ইপিজেড, টঙ্গী এবং গুলিস্তান থেকে পাইকারি দরে জুতা কিনেন। অবশ্য নগরের কিছু কারখানার জুতাও বিক্রি করেন।বাজার ঘুরে দেখা গেছে, এখানে স্যান্ডেল, সু ও কেডস পাওয়া যায়। দামও বেশি না। স্যান্ডেল ২০০ থেকে ৭০০ টাকা, সু ৫০০ থেকে ১০০০ হাজার টাকা ও কেডস ৭০০ থেকে ১৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।জুতা কিনতে আসা ইসলামী ব্যাংকের কর্মকর্তা বেলাল হোসেন বলেন, ‘এখানকার জুতা নির্বিঘ্নে এক বছর ব্যবহার করা যায়। দামও কম। তাই এখানে আসি। তবে আগের মতো ভালো মানের জুতা কম পাওয়া যায়। তাই একটু বেছে কিনলে ঠকার সম্ভাবনা নেই।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিকুর রহমান জানান, ‘যে জুতা মার্কেটে এক হাজার ৫০০ টাকার কমে পাওয়া যায় না, সে জুতা এখানে এক হাজার টাকা। তাই গাড়িভাড়া একটু বেশি গেলেও লাভ তো বেশি। তা ছাড়া মানেও ভালো এখানকার জুতা।’ চান্দগাঁও থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল হাকিম বলেন, ‘নানা কাজে আগ্রাবাদে আসা হয়। আমি প্রায় সময় এখানে ঢুঁ মারি। কারণ মাঝেমধ্যে খুবই ভালো মানের জুতা পাওয়া যায়।’বিক্রেতা মাহফুজুর রহমান বলেন, ‘একজন বিক্রেতা প্রতিদিন ১০ থেকে ১৫ জোড়া জুতা বিক্রি করেন। আমরা কম লাভে বিক্রি করি, আর দোকানভাড়া লাগে না। তাই দাম কম রাখতে পারি। অবশ্য চাঁদা দিতে হয় কয়েক পার্টিকে।’