
বুদ্ধিমান এবং অত্যন্ত তৎপর একটি স্বয়ংক্রিয় যন্ত্র। নাম তার বেটি। যুক্তরাজ্যের একটি অফিসে ব্যবস্থাপনার কাজ শিখতে শুরু করেছে সে। শিক্ষানবিশ হিসেবে দুই মাস কাজ করবে এই রোবট।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক রোবটটি বানিয়েছেন। ট্রান্সপোর্ট সিস্টেমস ক্যাটাপাল্ট নামের একটি প্রতিষ্ঠানে অতিথিদের স্বাগত জানায় বেটি। শুধু তা-ই নয়, সে সারা অফিসে বিচরণ করে, কর্মীদের কর্মঘণ্টার হিসাব রাখে এবং কাজের পরিবেশ তদারক করে। পাশাপাশি অফিসের তাপমাত্রা, আর্দ্রতা এবং কোলাহলের তথ্যও সংগ্রহ করে। আরও দেখে কর্মীদের ডেস্ক পরিচ্ছন্ন আছে কি না, দুর্ঘটনা হলে জরুরি নির্গমনের পথ খোলা আছে কি না ইত্যাদি খুঁটিনাটিও।
কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত একটি সফটওয়্যারের সাহায্যে প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সেগুলোর ওপর নির্ভর করেই চলে বেটি। ক্যামেরা ও স্ক্যানার ব্যবহার করে সে একটি জায়গার চারপাশের একটা মানচিত্র তৈরি করে নেয় এবং সেখানকার চেয়ার-টেবিল ও অন্যান্য জিনিস শনাক্ত করে। একইভাবে মানুষের চলাফেরাও টের পায়। নিজের কাজ করার পাশাপাশি আশপাশের নানা তথ্য সংগ্রহ করে এবং জেনে নেয় সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে পরিবেশ পাল্টায়। যেমন: লোকজন অফিসের ভেতরে কোথায় যাচ্ছে, কী করছে, দরজাগুলো খোলা নাকি বন্ধ ইত্যাদি।
কখন কর্মস্থলে হাজির হতে হবে এবং কখন নিজের ব্যাটারি রিচার্জ করতে হবে, তা-ও জানে বেটি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭২ লাখ ব্রিটিশ পাউন্ডের প্রকল্প স্ট্র্যান্ডসের একটি অংশ এই রোবট। ত্রিমাত্রিক স্থানের পরিস্থিতি উপলব্ধি করে এবং সেখানকার প্রতিনিয়ত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিয়ে কীভাবে স্বাধীন ও বুদ্ধিদীপ্ত কাজ করা যায়, তা রোবটকে শেখানোই প্রকল্পটির উদ্দেশ্য।
প্রকল্পপ্রধান ও বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কম্পিউটার সায়েন্সের অধ্যাপক নিক হাওয়েস বলেন, মানুষের পাশাপাশি স্বাভাবিক কাজকর্মে রোবটের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। কারও সাহায্য ছাড়াই এসব যন্ত্রকে মানুষের পরিপূর্ণ সহযোগীর ভূমিকায় নামতে হবে। কর্মক্ষেত্রে বেটি ইতিমধ্যে সেই সামর্থ্যের প্রমাণ দিতে শুরু করেছে।