অফিস-সংসারের মাঝখানে পিষ্ট মায়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, বড় একটা ব্যাগে ভরে আমাকে নিয়ে যাও। ব্যাগটি টেবিলের নিচে রেখে দেবে। যখন টয়লেটে যাবে তখন ব্যাগটি সঙ্গে নেবে। আমি টয়লেটে বসেই তোমার আদর খাব। তারপর আবার টেবিলের নিচে লুকিয়ে রাখবে। তোমার অফিসের বস আমাকে দেখতেই পাবে না, তোমাকেও বকা দেবে না।’

রাজধানীর মোহাম্মদপুরের শামীমা আখতার এভাবেই তাঁর ছয় বছর বয়সী মেয়ের কথাগুলো বলছিলেন। একটি বেসরকারি সংগঠনে কাজ করা শামীমা বলেন, ‘প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় মেয়ে এভাবেই বলতে থাকে। তার বুদ্ধি যখন কাজে লাগে না তখন আবার অন্য বুদ্ধি বের করে। একদিন জানতে চাইল আবার কি তাকে কোনা ভাবে আমার পেটের ভেতর ঢুকিয়ে দেওয়া সম্ভব? কারণ জানতে চাইলে মেয়ে জানাল, তাহলে আর বাসায় একা একা থাকতে হবে না। মায়ের সঙ্গেই থাকতে পারবে সারা দিন। আরেকদিন জানাল, সুপারগ্লু দিয়ে সে আমার পেটের সঙ্গে লেগে থাকবে। এই সব কথা শুনে প্রতিদিনই দীর্ঘশ্বাস গোপন করে কাজের মেয়ের ভরসায় মেয়েকে রেখে অফিসের পথে পা বাড়াই।’
শুধু শামীমা আখতার নন, শহুরে কর্মজীবী মায়েদের প্রায় প্রত্যেককেই প্রতিদিন এই ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। একদিকে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন, চাকরি, অফিস-অন্যদিকে সন্তান লালনপালন-দুই দায়িত্ব কর্তব্যের টানাপোড়েনে ঘুরপাক খাচ্ছে নারীরা। যেসব নারী পরিবার, স্বামীর সহায়তা পাচ্ছেন তাঁদের টানাপোড়েন কিছুটা কম হচ্ছে। তবে যেসব নারী কোনো ধরনের সহায়তা ছাড়াই কাজে বের হচ্ছেন তাঁদের অবস্থা ভয়াবহ। স্বামী ছেড়ে দেওয়া বা নিজে স্বামীকে তালাক দেওয়া নারী অথবা সন্তান প্রতিবন্ধী হলে তো কোনো কথাই নেই। এই ধরনের মায়েরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সন্তান লালনপালনের দায়িত্ব শুধুই কী মায়ের? বাবা বা অন্যদের কী কোনোই দায়দায়িত্ব নেই? সরকারের কী কোনো দায়িত্ব নেই? নারীরা চাকরি করছেন তা কী শুধুই তাঁর নিজের জন্য?
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মজীবী নারী প্রথম আলোকে বলেন, ‘মাস শেষে আমার বেতন আর আমার থাকছে না। তা চলে যাচ্ছে স্বামীর পকেটে। তবে এই চাকরিটি আমি কীভাবে করছি তা কখনোই জানার প্রয়োজন মনে করেনি আমার স্বামী। স্বামীর বক্তব্য, “সংসার, সন্তান সামলে চাকরি করতে পারলে কর, না পারলে করবে না। ” অথচ সংসারে একটু সহায়তা করলেই কিন্তু আমি অফিস, সংসার দুটোই সামলাতে পারি।’
দেশের সরকারি কর্মজীবী নারীরা ছয় মাস মাতৃত্বকালীন ছুটি পাচ্ছেন। বেসরকারি পর্যায়ের কর্মজীবী নারীরা এ সুযোগ থেকে বঞ্চিত। ছুটি পাওয়ার বিষয়টি প্রতিষ্ঠানের দয়ার ওপরেই নির্ভরশীল। কোনো কোনো প্রতিষ্ঠান ছয় মাস না দিলেও চার মাস পর্যন্ত ছুটি দিচ্ছে। তবে ছুটি শেষে সেই মা কাজে ফিরলে শুরু হয় কথার তুবড়ি।
একটি নামকরা এনজিওতে দীর্ঘদিন ধরে কাজ করেন এমন এক নারী নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা অন্য নারীদের শেখাই শিশুকে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে। শিশুর যথাযথ বিকাশের জন্য মায়ের সান্নিধ্য খুবই প্রয়োজন। এই কথাগুলো যখন বলি তখন নিজের মনেই হাসি। কেননা এই কথাগুলো যখন বলছি তখন চার মাস বয়সী আমার সন্তানটি ফিডারে গুঁড়ো দুধ খাচ্ছে। সকাল ৯টা থেকে রাত প্রায় সাড়ে আটটা পর্যন্ত আমার সেই সন্তান আমার চেহারাই দেখতে পাচ্ছে না। এখানেই শেষ নয়, আমি পরপর দুইটি বাচ্চা নিয়েছি। কেনো আমি এই কাজ করলাম সে অপরাধে আমার বার্ষিক মূল্যায়নে নম্বর কম দেওয়া হয়েছে। কেননা এ সময় আমি অফিসকে তেমন কিছু দিতে পারিনি। অফিসের পুরুষ সহকর্মীদের কাছ থেকে শুনতে হয়-আপনার কি মজা, বাচ্চা হওয়ার সময় আপনি দুই বার ছুটি কাটিয়েছেন।’
সরকারি কর্মজীবী নারীরা ছয় মাস ছুটি পাচ্ছেন। কিন্তু তারপর? বেশির ভাগ কর্মস্থলেই নেই শিশু দিবাযত্ন কেন্দ্র। ফলে মাতৃত্বকালীন ছুটি শেষ হলে যে ভোগান্তির শুরু, তা হয় অন্য মায়েদের মতোই।
কামারজ্যাবিন সাভারে জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার। প্রথম ছেলে সন্তানের মা হয়েছেন। আগামী ২৮ জুন ছুটি শেষে তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা। তবে এখন থেকেই তাঁর চোখের পানি ফেলা শুরু হয়েছে।
কামারজ্যাবিন বলেন, ‘সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত কাজ। আমরা দুপুরের খাবারের বিরতিও পাই না। ডেস্কে বসেই খাবার খেতে হয়। বাসা থেকে অফিস প্রায় ১৫ কিলোমিটার দূরে। যাতায়াতের জন্য অফিসের গাড়ি নেই। সকাল ৯টার মধ্যে বাসা থেকে বের হতে হয়। এই সব চিন্তা করে ছেলেকে বাইরের খাবার দেওয়া শুরু করেছি আগে থেকেই। অফিসে আলাদা বাথরুমও নেই যে সেখানে গিয়ে ফিডারে বুকের দুধ বের করে রেখে পরে বাসায় এসে ছেলেকে খাওয়াবো। অফিসে শিশু দিবাযত্ন কেন্দ্র নেই বলে সন্তান সঙ্গে নেওয়ার কোনো উপায়ই নেই।’
টানাপোড়েনে থেমে গেলে চলবে না: বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার যুগ্ম প্রধান বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী দুই মেয়ের মা। যৌথ মনীষা এবার এসএসসি পাস করেছে। আরেক মেয়ে যুক্ত মনন নবম শ্রেণিতে পড়ছে। স্বামী সরকার আমিন বাংলা একাডেমির উপপরিচালক।
শাহনাজ মুন্নী বলেন, সন্তানকে বাড়িতে রেখে কাজে যাওয়া আর নিজের কলিজাটাকে টেনে বের করে ফেলার যে কষ্ট তার মধ্যে কোনো পার্থক্য নেই। এমনও দিন গেছে যে, দুই মেয়ের জলবসন্ত হয়েছে। তাদের ফেলেই অ্যাসাইনমেন্টে যেতে হয়েছে। স্বামী ও কাজের মেয়ে মেয়েদের চিকিৎসকের কাছে নিয়ে গেছেন।
শাহনাজ মুন্নী তাঁর বড় মেয়ের জন্মের সময় দুই মাস আর ছোট মেয়ের জন্মের সময় মাত্র দেড় মাস ছুটি পান। দিনের আলোতে মায়ের চেহারা কেমন তা প্রায় মেয়েরা ভুলেই গিয়েছিল।
শাহনাজ মুন্নী বলেন, ‘ছোট থাকতে একদিন মেয়ে বলে, সে বড় হয়ে কখনোই চাকরি করবে না, সে তার বাচ্চাদের সময় দেবে। তার এ কথা শুনে মুষড়ে পরি। কিন্তু স্বামী সেদিন পাশে দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, তোমার মেয়েরাই তুমি চাকরি কর বলে একদিন প্রাউডফিল করবে। এখন তাই হয়েছে। আমার মেয়েরা আমার সংগ্রামকে, আমার কাজকে সম্মান করে। তারা যখন দেখে স্বাবলম্বী হিসেবে সংসারে আমার মতামতের মূল্য আছে তখন নিজেরাও আমার মতো হতে চায়। মা কর্মজীবী হলে ছেলে সন্তানরাও ছোট থেকেই অনেক কিছু শিখতে শিখতে বড় হয় যা তার ভবিষ্যৎ জীবনে কাজে লাগে।’
শাহনাজ মুন্নীর মতে, কর্মজীবী মায়ের সন্তানরা অন্যদের মতো গান, নাচ বা পড়াশোনায় প্রথম হবে না। এটা মেনে নিতে হবে। তবে কাজ শেষে যেটুকু সময়ই পাওয়া যায় মাকে সে সময়টুকু দিয়েই সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে বড় হতে পারে সে চেষ্টা করতে হবে। আর পরিবার ও রাষ্ট্রকে সহায়তার হাতটা বাড়িয়ে দিতে হবে।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকোথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক মোহিত কামাল প্রথম আলোকে বলেন, সন্তান নিরাপত্তাহীনতায় ভুগলে তার মানসিক বিপর্যয় ঘটে। ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে বড় হতে থাকে যা তার ব্যক্তিত্বেও প্রভাব ফেলে। কোনো ভাবেই মা লুকিয়ে অফিসে যাবেন না। সন্তানকে ছোট থাকতেই বুঝতে দিতে হবে যে বাবার মতো মাও বাইরে কাজ করে। এতে করে সন্তান নিজেকে সেভাবেই গড়ে তুলবে। এখন যৌথ পরিবার ভেঙে গেছে। সে ক্ষেত্রে বিশ্বস্ত একজন কাজের লোক ঠিক করতে হবে। মা বাইরে থেকে ফেরার পরও যদি সন্তান কাজের লোকের সঙ্গে খেলে বা মজা করে তাহলে বুঝতে হবে সন্তান ভালো আছে। এই ধরনের বিষয়গুলো নিশ্চিত না করে মা অফিসে গেলে তখন আর তিনি অফিসে মনোযোগ দিতে পারেন না।
অধ্যাপক মোহিত কামালের মতে, কর্মজীবী মায়ের টানাপোড়েনে স্বামী বা পরিবারের অন্য সদস্যদের সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। আর একজন মায়ের উদ্বেগ উৎকণ্ঠা যদি বেশি মাত্রায় দেখা দেয় তখন অবশ্যই সেই মাকে চিকিৎসকদের কাছে যেতে হবে।