অফিসপাড়ায় রকমারি ইফতারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগ্রাবাদ হোটেলের রেস্তোরাঁয় এবারও নানা মুখরোচক পদ দিয়ে সাজানো হয়েছে ইফতারির আয়োজন l প্রথম আলো
আগ্রাবাদ হোটেলের রেস্তোরাঁয় এবারও নানা মুখরোচক পদ দিয়ে সাজানো হয়েছে ইফতারির আয়োজন l প্রথম আলো

কাজের চাপে নগরের আগ্রাবাদের অফিসপাড়ার অনেক কর্মজীবীরই বাসায় ইফতার করা হয় না। তাই অফিস শেষে সন্ধ্যাবেলায় একটু ছিমছাম পরিবেশেই ইফতার করতে চান তাঁরা। ইফতার সারেন অভিজাত রেস্তোরাঁগুলোতে।
কেবল অফিসপাড়ার লোকজন নয়, নগরের নানা আবাসিক এলাকার রোজাদারেরাও এসব রেস্তোরাঁয় ভিড় জমান। আগ্রাবাদ এলাকার হোটেল আগ্রাবাদ ও অ্যাম্ব্রোসিয়ার ইফতারির নানা পদ নিয়ে আজকের আয়োজন।
হোটেল আগ্রাবাদ: দাম তুলনামূলকভাবে কম হওয়ায় নগরের অভিজাত হোটেল আগ্রাবাদের ইফতারির স্বাদ নিতে পারছেন সাধারণ ক্রেতারাও। রয়েছে আলুনি, চিকেন ললিপপ, ফ্রাইড রাইস ও হালিমের মতো বেশ কিছু মজার খাবার। ৫০ পদের খাবার নিয়ে এ বছর বুফে ইফতারি ও রাতের খাবারের আয়োজন করেছে হোটেল আগ্রাবাদ। এখানে বুফেতে ইফতারি ও রাতের খাবার খেতে জনপ্রতি ভ্যাটসহ গুনতে হবে ৮৯৯ টাকা।
বুফে খাবার ছাড়াও এ বছর আগ্রাবাদ হোটেলের ইফতারিতে বৈচিত্র্য এনেছে বিশেষ ধরনের হালিম। এখানে প্রতি কেজি চিকেন হালিম ৬৫০, বিফ হালিম ৭৫০ ও মাটন হালিম পাওয়া যাচ্ছে ৮৫০ টাকায়। আগ্রাবাদ হোটেলের ইফতারি আয়োজনে রয়েছে চার ধরনের পার্টি মেন্যু ও বক্স মেন্যু। চিকেন টিক্কা, চিকেন হালিম, ফিরনিসহ ১৭ পদের খাবার নিয়ে পার্টি ইফতারি মেন্যু কিনতে হবে ভ্যাটসহ ৬৫০ টাকায়। চিকেন জালি কাবাব, সেমোলিনা হালুয়া, বিফ হালিমসহ ১৮ পদের খাবার নিয়ে রয়েছে আরেকটি পার্টি মেন্যু। ভ্যাটসহ ৭০০ টাকায় মিলবে এ প্যাকেজটি। আবার ৮০০ টাকার পার্টি মেন্যুতে রয়েছে চিকেন রেশমি কাবাব, মাটন হালিম, জালি কাবাবসহ ১৮ পদের খাবার। চিকেন রোস্ট, বিফ মেজবান কারি ও চিকেন ড্রাম স্টিকসহ ২০ পদের খাবার নিয়েও রয়েছে পার্টি মেন্যু। ৯০০ টাকায় মিলবে এ প্যাকেজটি। বাসায় নিয়ে যাওয়ার জন্য রয়েছে ইফতারির বক্স, মেন্যুতে রয়েছে রোল, চিকেন উইং কাটলেটসহ ১২ পদের খাবার। এটির দাম পড়বে ৩০০ টাকা। আবার চিকেন ড্রামস্টিক, ফিরনিসহ ১৩ পদের আরেকটি ইফতারির বক্স মেন্যু কিনতে গুনতে হবে ৩২৫ টাকা। হোটেল আগ্রাবাদের বিক্রয় প্রধান শাহীন মোহাম্মদ নওশাদ বলেন, ‘ইফতার অনুষ্ঠানের জন্য পার্টি মেন্যু অনুযায়ী অর্ডার দিলেই আমরা এবার বিনা মূল্যে মিলনায়তন ব্যবহারের সুযোগ দিচ্ছি। ফলে বিক্রি ভালো।’

অ্যাম্ব্রোসিয়ার রেস্তোরাঁর ইফতারির নানা পদ
অ্যাম্ব্রোসিয়ার রেস্তোরাঁর ইফতারির নানা পদ

অ্যাম্ব্রোসিয়া: সপ্তাহের প্রতিদিনই অ্যাম্ব্রোসিয়ায় রয়েছে ৪০ পদের খাবারসহ বুফে ইফতার ও ডিনার করার সুযোগ। জনপ্রতি এ সুযোগ নিতে চাইলে ভ্যাট ও সার্ভিস চার্জ ছাড়া গুনতে হবে ৯৫৫ টাকা। এ বছর এই বুফে ইফতার ও ডিনারে সপ্তাহের একেক দিন রয়েছে একেক পদের সমাহার। বুফে আয়োজন ছাড়াও এখানে এ বছর তুর্কি চিকেন শর্মা, বিভিন্ন ধরনের কাবাব, দুই ধরনের হালিম ও জিলাপিসহ ৫০ ধরনের খাবারের বিশেষ আয়োজন রয়েছে। এ ছাড়া রয়েছে বিশেষ ছয়টি প্যাকেজ। পার্টি ইফতারের জন্য রয়েছে তিনটি, বাকি তিনটি ঘরে নিয়ে খাওয়ার জন্য। ঘরে নিয়ে খাওয়ার সেট মেন্যুর দাম পড়বে ৩৯৯ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট। এতে রয়েছে ফিশ ফিঙ্গার, হালিম, জিলাপিসহ ১৬ পদের খাবার। তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার, হালিম ও জিলাপিসহ ১৭ পদের আরেকটি সেট মেন্যু রয়েছে। এই প্যাকেজটি কিনতে গুনতে হবে ৪৬৬ টাকা। এ ছাড়া ১৯ পদের সেট মেন্যুর দাম পড়বে ৫২২ টাকা। এর সঙ্গে যুক্ত হবে ভ্যাট। এখানকার পার্টি ইফতার মেন্যুর দাম পড়বে ৬৬৬ টাকা। এতে রয়েছে তন্দুরি চিকেন, ফিশ ফিঙ্গার ও হালিমসহ ১৮ পদের খাবার। এ ছাড়া ৭৭৭ টাকা দামের আরেকটি সেট মেন্যুতে রয়েছে চিকেন ভুনা, তন্দুরি চিকেন ও হালিমসহ ২০ পদের খাবার। চিকেন তেহেরি, চিকেন আচারি ও হালিমসহ ২২ পদের সেট মেন্যুর দাম পড়বে ৮৮৮ টাকা। এসব পার্টি ইফতারির মেন্যুর প্যাকেজের দামের সঙ্গে যুক্ত হবে ভ্যাট ও সার্ভিস চার্জ।