অফিসপাড়ায় অভিজাত ইফতারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনন্দিন কাজকর্ম সেরে নগরের আগ্রাবাদ এলাকার অফিসপাড়ার লোকজন একটু ছিমছাম পরিবেশে বসেই ইফতার করতে চান। অনেকেই ইফতার সারেন এই এলাকার অভিজাত রেস্তোরাঁগুলোতে। তবে কেবল অফিসপাড়ার লোকজন নয়, নগরের নানা আবাসিক এলাকার রোজাদারেরাও এসব রেস্তোরাঁয় ভিড় জমান। হোটেল আগ্রাবাদ: দাম তুলনামূলকভাবে কম হওয়ায় নগরের অভিজাত হোটেল আগ্রাবাদের ইফতারের স্বাদ নিতে পারছেন সাধারণ ক্রেতারাও। থাকছে ললিপপ, অ্যারাবিয়ান গ্র্যান্ড কাবাব ও মাটন হালিমের মতো বেশ কিছু মজার খাবার।হোটেলের পেস্ট্রি শপে এবার গ্রাহকদের সুবিধার জন্য রাখা হয়েছে পাঁচটি ইফতারি বক্স। পাকোড়া, ডাল বড়া, পটেটো কেকসহ ১০ পদের বক্সের দাম ২৭৫ টাকা। ভেজিটেবল সমুচা, চিকেন রেশমি কাবাব, প্লেইন নান দিয়ে সাজানো ইফতারি বক্সের দাম পড়বে ৩০০ টাকা। ৩২৫ টাকা দামের বক্সে আছে চিকেন পাকোড়া, চিকেন টিক্কা ও ভেজিটেবল পাকোড়া। চিকেন মালাই কাবাব, নান, ফ্রাইড প্রন, ভেজিটেবল স্প্রিং রোলসহ ১১ পদের ইফতারি বক্সের দাম ৩৫০ টাকা। বিফ আখনি, সমুচা, অ্যাসরটেড পাকোড়া ও ফ্রায়েড চিকেন দিয়ে সাজানো ইফতারি বক্সের দাম পড়বে ৪০০ টাকা। আগ্রাবাদ হোটেলের ব্যবস্থাপক (ফুড অ্যান্ড বেভারেজ) মুনির আলম সরকার প্রথম আলোকে বলেন, হোটেলের বাসিন্দাদের জন্য নানা আয়োজনে ইফতারি সাজানো হয়েছে। পাশাপাশি এবারই প্রথমবারের মতো পেস্ট্রি শপে ইফতারির বিভিন্ন পদ রাখা হয়েছে। সাধারণ গ্রাহকদের জন্য এসব খাবারের দামও কম রাখা হয়েছে।ইফতারির চারটি পার্টি মেন্যুর সর্বনিম্ন দাম ৬২৫ টাকা থেকে সর্বোচ্চ ৮০০ টাকা। পার্টি মেন্যুতে আছে ভেজিটেবল বড়া, বিফ আখনি, চিকেন বল ও চিকেন হালিম। ডাল বড়া, বিফ হালিম, শ্যামলিনা হালুয়া, চিকেন জালি কাবাব আছে মেন্যু বি-তে। মেন্যু সি-তে আছে চিকেন ভুনা খিচুড়ি, ভেজিটেবল স্প্রিং রোল ও চিকেন হালিম। আর মেন্যু ডি-তে আছে জিরার শরবত, চিকেন রেশমি কাবাব, মাটন আখনি ও মাটন হালিম। অ্যাম্ব্রোসিয়া: সপ্তাহের সাত দিনই ভিন্ন ভিন্ন পদ নিয়ে সাজানো হয়েছে আগ্রাবাদের অ্যাম্ব্রোসিয়া রেস্তোরাঁর ইফতারের আয়োজন। আছে সেট মেন্যু ও তিন ধরনের বিশেষ পার্টি মেন্যু। ৪৭ পদের খাবার নিয়ে ইফতারের বিশেষ প্যাকেজের মধ্যে আছে পনির পাকোড়া, ফিশ ফিঙ্গার, ফিশ কাবাব, অ্যারাবিয়ান ফালাফিল ও গান্ধারি কাবাব। অ্যাম্ব্রোসিয়ার ব্যবস্থাপক কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘খাবারের মান ভালো হওয়ায় বিভিন্ন অফিসে কর্মরত লোকজন নিয়মিত আমাদের ইফতারসামগ্রী কিনে নিয়ে যান।’ সমুচা, ফিশ ফিঙ্গার, হালিম, জিলাপি আর ফলসহ ১৬ পদ দিয়ে সাজানো সেট বক্স-১-এর দাম পড়বে ৩৩৩ টাকা। সমানসংখ্যক পদের সেট বক্স-২-এর দাম রাখা হয়েছে ৩৬৬ টাকা। স্প্রিং রোল, পাটিসাপটা পিঠা, তন্দুরি চিকেনসহ ১৯ পদের খাবার নিয়ে সাজানো সেট বক্স-৩-এর দাম ৩৯৯ টাকা। রোজাদারদের জন্য অ্যাম্ব্রোসিয়ায় আছে তিন ধরনের পার্টি মেন্যু। শরবত, লাচ্ছি, ফল, তন্দুরি চিকেন, জিলাপি, ফিরনি, হালিম ও পাটিসাপটা পিঠাসহযোগে ইফতার করলে একজনের খরচ পড়বে ৪৬৬ টাকা। মুরগি বা গরুর মাংস ভুনাসহ ২০ পদের মেন্যুর জন্য খরচ পড়বে ৫৬৬ টাকা। ভেজিটেবল দোপেয়াজা, বিফ আচারিসহ ২২ পদের দাম পড়বে ৬৬৬ টাকা। এ ছাড়া সপ্তাহের সাত দিন রয়েছে ইফতারসহযোগে ব্যুফে ডিনার করার ব্যবস্থা। প্রতিদিন এই আয়োজনে থাকছে ৩৬ পদের খাবার। দাম পড়বে ৬৯৯ টাকা।