দুপুরে অফিসের বাইরে গিয়ে খাওয়া-দাওয়া সারার অবসরটুকু প্রায়ই জোটে না তাঁদের। আবার অনেকের পক্ষে বাসা থেকে খাওয়া-দাওয়া নিয়ে আসা সম্ভব হয় না। নগরের আগ্রাবাদ অফিসপাড়ার ব্যস্ত কর্মজীবীদের এ সমস্যা অনেকটাই দূর হয়েছে খাবার সরবরাহকারীদের কারণে। অফিসপাড়ায় এখন ৫০ থেকে ৭০ টাকার মধ্যে মিলছে বাড়িতে রান্না করা খাবারের স্বাদ।আগ্রাবাদ এলাকার অনেক অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এখন নিয়মিত খান এই খাবার। খাবার সরবরাহকারীরা অফিসপাড়ায় বাটি সাপ্লায়ার বা খাবার সাপ্লায়ার হিসেবে পরিচিত। প্রণব বিশ্বাস একজন ব্যাংক কর্মকর্তা। ২০০৫ সাল থেকে চট্টগ্রামে আছেন। পরিবারের সবাই থাকেন গ্রামের বাড়ি ভোলায়। চট্টগ্রামে তাঁর ডেরা বলতে ব্যাচেলর মেস। সকাল আর রাতের খাওয়ার ব্যবস্থা হয় সেখানেই। দুপুরের খাবার নিয়েও চিন্তা করতে হয় না। তাঁর ভাষ্য, ‘আমার মতো সহকর্মীদের অনেকেই নিয়মিত বাটি সাপ্লায়ারদের খাবার খান। বাড়িতেই রান্না করা হয় এই খাবার। হোটেল-রেস্তোরাঁর খাবারের মতো তেল-মসলানির্ভর খাবার নয়। খরচও তুলনামূলক কম। ৫০ টাকার একটি বাটিতে থাকে ভাত, ডাল, মাছ অথবা মাংস।’খাবার সরবরাহের এ ব্যবসা এখনো আগ্রাবাদকেন্দ্রিক। আগ্রাবাদের ব্যাংকপাড়ার অনেক কর্মকর্তা-কর্মচারী এ খাবার খান। ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করছে এ ব্যবসা। খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে। অফিসের সাধারণ কর্মকর্তাদের পাশাপাশি আজকাল বড় কর্তারাও এমন খাবারের দিকে ঝুঁকছেন। আগ্রাবাদ এলাকার আক্তারুজ্জামান সেন্টার, লাকি প্লাজাসহ বিভিন্ন বিপণিবিতানের বিক্রয়কর্মীরাও সরবরাহকারীদের খাবারের ওপর নির্ভরশীল।প্রায় দুই বছর ধরে খাবার সরবরাহ করে আসছেন জসিম উদ্দীন। তিনি বলেন, ‘একধরনের ভালো লাগা থেকেই এ ব্যবসা করি। যতটা সম্ভব পরিচ্ছন্ন পরিবেশে রান্না করি।’ বহদ্দারহাট থেকে আগ্রাবাদে এসে অফিস করেন খালেদ হোসেন। তিনি দুপুরের খাওয়া সারেন সরবরাহকারীদের খাবার দিয়ে। তিনি বলেন, ‘প্রতিদিন ভর্তা, সবজি, মাছ অথবা মাংস দিয়ে দুপুরে ভাত খেতে পারছি। কখনো দিনের হিসেবে, কখনো বা মাসের হিসেবে টাকা পরিশোধ করছি।’ আগ্রাবাদ এলাকার আরেক খাবার ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, কর্মজীবীদের কথা মাথায় রেখেই এই ব্যবসা করছেন। প্রতিদিন গরম ভাতের সঙ্গে ডাল, সবজি, মাছ অথবা মাংস, যেকোনো একধরনের ভর্তা ও ডিম দিয়ে খাবার সরবরাহ করেন বলে জানান তিনি। এসব পদ দিয়ে তৈরি দুপুরের এক প্যাকেট খাবারের দাম ৭০ টাকা। আগ্রাবাদের একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা মানজারুল ইসলাম জানান, ‘খাবার সরবরাহকারীদের খাবারের মান ভালো। মাঝেমধ্যেই খাওয়া হয়।’ তবে ব্যবসায়ী শফিক আহমদের অভিযোগ, ‘মাঝেমধ্যে খাবারের মান খারাপ থাকে। অনেক সময় খাবারের পাত্রটিও পরিচ্ছন্ন থাকে না।’ এ বিষয়ে খাবার সরবরাহকারী শরিফুল ইসলাম বলেন, ‘আমরা ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি। আমার স্ত্রী নিজেই রান্না করেন। আমরা নিজেরাও এই খাবারই খাই। তাই খাবারের মান খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না।’নতুন ধরনের এই ব্যবসা অনেক পরিবারের আর্থিক অনটন দূর করেছে। এই ব্যবসায় পরিবারের নারী সদস্যদের বড় ভূমিকা থাকে। কারণ রান্নার কাজটা সারতে হয় তাঁদেরই। এই কারণে নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন—এমনটাই মনে করেন খাবার সরবরাহ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।