অফিসার ক্যাডেট নেবে বিমানবাহিনী

বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেট হিসেবে সারা দেশ থেকে লোক নেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি দ্বিতীয় পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে। পুরুষ ও নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতনো বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই কেন্দ্রে। তাই যাঁরা বিমানবাহিনীতে পেশা গড়তে চান, তাঁরা আবেদন করতে পারেন।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে দুটি শাখায় লোক নেওয়া হবে। এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোল (এডিডব্লিউসি) এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) শাখায়। এডিডব্লিউসি শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (গণিত ও পদার্থবিজ্ঞানসহ) ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৭৫ পেয়ে পাস হতে হবে। আর এটিসি শাখার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা একই লাগবে। তবে আইসিএও স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এটিসি রেটিং/লাইসেন্সধারী (অ্যারোড্রম ও অ্যাপ্রোচ কন্ট্রোল) প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে। বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬২ দশমিক ৫৬ সে. মি. (৬৪ ইঞ্চি)। আর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ দশমিক ৪৮ সে. মি. (৬২ ইঞ্চি) ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীদের ওজন বয়স ও উচ্চতানুযায়ী হতে হবে।
আবেদনপ্রক্রিয়া
সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফের অনুকূলে ৬০০ টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের বিনিময়ে প্রতি কার্যদিবসে বিমানবাহিনীর যেকোনো ঘাঁটি থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই টিবিএল, অগ্রণী, সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের শাখায় পরিশোধ করতে হবে। বিএএফ ওয়েবসাইট থেকে সংগৃহীত ফরমের ক্ষেত্রে পরীক্ষার আগে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিয়ে পরীক্ষার রোল নম্বর সংগ্রহ করতে হবে। এ ছাড়া অনলাইনেও আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে www.joinbangladeshairforce.mil.bd এই ওয়েবসাইটে লগইন করে Apply Now ট্যাব এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের নির্ধারিত অংশ অনলাইনের মাধ্যমে পূরণ করে অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করার পর বাকি অংশ হাতে পূরণ করে প্রাথমিক লিখিত পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে। যেসব প্রার্থী অনলাইনে আবেদন করবেন, তাঁরা আবেদনপত্রের মূল্য বাবদ টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ৬০০ টাকা জমা দিতে পারবেন। প্রার্থীদের স্বহস্তে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি সনদপত্র ও তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
নির্বাচনপ্রক্রিয়া
প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশ নিতে হবে। প্রথমে ২০০ নম্বরের প্রাথমিক লিখিত পরীক্ষা, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ ইত্যাদি পরীক্ষায় অংশ নিতে হবে।
সুযোগ-সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। এখানে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশনপ্রাপ্তির পর অফিসাররা পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া দেশে-বিদেশে এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন, সন্তানদের পড়াশোনা, বাসস্থান, চিকিৎসা, রেশন ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।
বিস্তারিত যোগাযোগ
বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনীকেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ ফোন: ৮৭৫৩৪২০-২৫,৮৭৫৪৮৩০-৩৪ মোবাইল: ০১৭১৩-২৫৫০৪৬-৭