অফিসে একটুখানি ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালে অন্তত কিছুক্ষনের জন্য পার্কে হাঁটার অভ্যাস করলে সারাদিনের জন্য আপনি চাঙ্গা বোধ করবেন। ছবি: প্রথম আলো
সকালে অন্তত কিছুক্ষনের জন্য পার্কে হাঁটার অভ্যাস করলে সারাদিনের জন্য আপনি চাঙ্গা বোধ করবেন। ছবি: প্রথম আলো

অফিসে কাজের ফাঁকে অনেকেরই ঝিমুনি এসে যায়। ঢুলতে ঢুলতে কেউ কেউ চিকনে একটুখানি ঘুমও দিয়ে ফেলেন। এক সমীক্ষার ফলাফলের ভিত্তিতে এমন তথ্য পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন।

সমীক্ষায় পাওয়া তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানটির দাবি, ২৯ শতাংশ কর্মী অফিসে ঘুম-ঘুম বোধ করেন। বসের চোখ ফাঁকি দিয়ে ছোটখাটো একটা ঘুম দিয়ে নেন—এমন লোকও নেহাত কম নয়! দ্য আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের গবেষক জেনিফার টারগিস দিয়েছেন আরও অবাক করা তথ্য। তিনটি অফিসের ১ হাজার ১৩৯ জন কর্মীকে নিয়ে একটি জরিপ করেছিলেন তাঁরা। এতে দেখা গেছে, প্রতি ১০০ জনে ১৫ জন সপ্তাহে অন্তত এক দিন অফিসে একটা ‘নাতিদীর্ঘ’ ঘুম দিয়ে ফেলেন!

অনেক নামী প্রতিষ্ঠানে অবশ্য অফিসে কাজের ফাঁকে ঘুমানোর বিষয়টিকে ‘অপরাধ’ বলে ধরা হয় না। তারা বরং মনে করে, একপ্রস্থ ঘুম কর্মীদের কাজে মন বসাতে সাহায্য করবে, কর্মক্ষমতা বাড়াবে। এ নিয়ে দেদার গবেষণাও হচ্ছে। কর্মক্ষেত্রে ‘ঘুমবান্ধব’ পরিবেশ গড়ে তুলেছে কোনো কোনো প্রতিষ্ঠান। গুগল, নাইকিসহ বেশ কিছু নামী কোম্পানির অফিসে আছে ঘুমঘর। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসাও কর্মীদের ঘুমের ওপর বেশ গুরুত্ব দিয়েছে। তাদের গবেষণা অনুযায়ী, কাজের ফাঁকে ২৬ মিনিটের একটা ঘুম কর্মক্ষমতা শতকরা ৩৪ ভাগ বাড়ায়। এর মাধ্যমে কাজে সতর্কতা বৃদ্ধি পায় শতকরা ৫৪ ভাগ। 

এই প্রতিবেদন আপনার বসকে প্রভাবিত না-ও করতে পারে! তাই এত সব গবেষণার ওপর নির্ভর না করে বরং জেনে নিন, কী কী নিয়ম অনুসরণ করলে কাজের ফাঁকে ঘুম আপনাকে জ্বালাতন করবে না। সবচেয়ে কার্যকর উপায় হলো—নিয়মিত ব্যায়াম। সকালে অন্তত কিছুক্ষণের জন্য পার্কে হাঁটার অভ্যাস করলে সারা দিনের জন্য আপনি চাঙাবোধ করবেন। একটানা অনেকক্ষণ বসে কাজ না করে এক ঘণ্টা পর পর একটু হাঁটাহাঁটি করুন, সহকর্মীদের সঙ্গে কথা বলুন। দুপুরে খাওয়ার সময় ‘পেট ভরানোর’ ওপর গুরুত্ব না দিয়ে বরং পুষ্টিকর খাবার খান। স্বাস্থ্যকর খাবার অল্প খেলেও আপনি কাজে বল পাবেন।
ঘুম তাড়াতে খুব বেশি চা-কফি বা চিনি খাবেন না। এ ছাড়া রাতে ভালো ঘুমের জন্য আগে আগে বিছানায় শোয়ার অভ্যাস করুন। চোখ দুটোকে বিশ্রাম দিতে হলে আপনার টেলিভিশন, কম্পিউটার বা মোবাইল ফোনটাকেও বিশ্রাম দেওয়া জরুরি। আরেকটি গবেষণায় দেখা গেছে, বিছানায় একই চাদর এক সপ্তাহের বেশি ব্যবহার করলে ঘুম কম হয়। তাই নিয়মিত চাদর বদল করুন, পরিষ্কার বিছানায় ঘুমান।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া