
কর্মক্ষেত্রে কোনো ভালো বন্ধু নেই আপনার। অফিসে কাজের ফাঁকে অন্য সহকর্মীরা যখন মেতে ওঠে খুনসুটি আর আড্ডায়, সে সময়টা নিজের ডেস্কে বসে আপনমনেই হয়তো কম্পিউটারের মাউসটা নাড়াচাড়া করতে থাকেন আপনি। তবে সহকর্মীদের সঙ্গে সম্পর্কটা এমনভাবে চলতে থাকলে কর্মক্ষেত্রে সৃষ্টি হতে পারে নানা ধরনের জটিলতা।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদক হিসেবে কাজ করতেন প্রিয়তা খন্দকার। জানালেন, ওই বিভাগের সহকর্মীদের সঙ্গে কোনোভাবেই মানসিক মিল হচ্ছিল না তাঁর। দূরত্বটা এমন হয়ে গেল যে ভালো কোনো অ্যাসাইনমেন্টে বা প্রয়োজনে তাঁরাও আর সাহায্য করতেন না প্রিয়তাকে। ভালো কাজ জানার পরও শুধু সহকর্মীদের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক গড়ে না ওঠায় একসময় চাকরি ছাড়তে বাধ্য হন প্রিয়তা।
এ বিষয়ে গ্রো এন এক্সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম জুলফিকার হোসেন বলেন, অফিসে কাজ করাটাই মুখ্য বিষয় হলেও প্রতিটি প্রতিষ্ঠানেই যেহেতু একটি দলের মধ্যে কাজ করতে হয়, তাই তাঁদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলাটা জরুরি। কারণ, দলগত কাজের ওপর নির্ভর করে প্রতিষ্ঠানের সাফল্য। এ ক্ষেত্রে ভালো কাজ জানার পরও যদি আপনি নিজেকে সেই দলের একজন করে না তুলতে পারেন, সে ক্ষেত্রে তা শুধু নিজের জন্যই নয়, প্রতিষ্ঠানের জন্যও ক্ষতিকর। তাই নিজের কাজের স্বার্থেই সবার সঙ্গে সৌজন্যমূলক আচরণ বজায় রাখতে হবে।
সহকর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক তৈির করতে নিজেকে বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দিলেন জুলফিকার হোসেন। অনেককেই দেখা যায়, কোনো প্রতিষ্ঠানে যোগদান করেই আমি বেশি জানি, এ মনোভাব পোষণ করেন। এ ধরনের আচরণ ত্যাগ করে প্রথম থেকেই প্রতিষ্ঠানের সহকর্মীদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। সহকর্মীদের আচরণ বা ব্যবহার ভালো না লাগতেই পারে। তার পরও তাঁদের সম্পর্কে কারও কাছে এমন কোনো কথা বলা যাবে না, যেটা তাঁদের ব্যক্তিত্বে আঘাত লাগে। প্রতিটি অফিসেই নিজস্ব কিছু নিয়মকানুন থাকে, সেগুলোও মেনে চলতে হবে। অনেককেই দেখা যায়, অফিসে সবার সঙ্গে না মিশে শুধু বিশেষ কোনো মানুষের সঙ্গে মিলে হইহুল্লোড় বা চেঁচামেচি করছেন, এ ধরনের আচরণ অন্য সহকর্মীরা একেবারেই পছন্দ করেন না।
এদিকে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক জানালেন, কর্মক্ষেত্রে অনেক সময় নতুন কেউ যোগদান করলে জে্যষ্ঠ সহকর্মীরা তাঁদের অবস্থান নিয়ে দ্বিধান্বিত হয়ে পড়েন। এ ক্ষেত্রে জ্যেষ্ঠ সহকর্মীরা এমন ধরনের আচরণ করতে থাকেন, যাতে সেই মানুষটি বাধ্য হন সবার কাছ থেকে দূরে সরে যেতে।
একজন কর্মীর কাজের মূল্যায়নের অনেকটাই তাঁর সহকর্মীদের ওপর নির্ভর করে। সে ক্ষেত্রে সম্পর্কটা ভালো না হলে কর্মক্ষেত্রে তাঁকে অনেক পিছিয়ে পড়তে হবে। এ ছাড়া কোনো প্রতিষ্ঠানে একজন কর্মী তাঁর সেরা কাজটুকু দিতে না পারলেও দেখা যায় অন্য সহকর্মীরা এ নিয়ে তাঁর সঙ্গে নেতিবাচক আচরণ করতে শুরু করেন। সে ক্ষেত্রে সেই সহকর্মীকে দূরে সরিয়ে না দিয়ে কেন তাঁর কাজ ভালো হচ্ছে না, এ বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে হবে।