অফিসে কি ঘুম আসছে?
দুপুরের খাবারের পর একটু ভাতঘুম বা দিবানিদ্রা হলে কারও আপত্তি থাকার কথা কি? কিন্তু যখন কাজের জায়গায় আছেন, তখন এই ঘুমটাই যেন হয়ে যায় বিরক্তির কারণ। এ সময় চোখ দুটো না বুজে থাকা যায়, না বসানো যায় কাজে মন।
দুপুরের এই ঘুম ঘুম ভাব দূর করতে চান? তাহলে দুপুরের খাবার থেকে বাদ দিন কার্বোহাইড্রেট আর সকালের খাবারে যোগ করে নিন প্রোটিন।
বারডেম জেনারেল হাসপাতালের ল্যাবরেটরি সার্ভিসের পরিচালক ও অধ্যাপক শুভাগত চৌধুরী বললেন, ‘অনেকেই সকালে হালকা নাশতা করেই বাড়ি থেকে বের হয়ে যান। এদিকে অফিসে দুপুরের খাবারের সময় খান ভারী খাবার। দুপুরের খাবারে সাধারণত ভাতই খাওয়া হয়। যাতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা শরীর ভারী করে দেয়। যে কারণে দেখা যায়, দুপুরে ভাত খেলেই ঘুম পায়। অফিসে ঘুম ঘুম ভাব এড়াতে চাইলে দুপুরের খাবারে ভাত এড়াতে পারলে তো কথাই নেই। কিন্তু বাস্তবতা বলে, এটা ভীষণ কঠিন আমাদের জন্য। তবে ভাতের পরিবর্তে সবজির স্যুপ, ফলের সালাদ বা সেদ্ধ কোনো খাবার খেতে পারেন।
এদিকে সকালের খাবার ভারী হওয়ার পাশাপাশি অবশ্যই প্রোটিন আছে এমন খাবারের পরিমাণ বেশি রাখুন। কারণ, প্রোটিনসমৃদ্ধ খাবার সারা দিন শরীর সতেজ রাখে। যে কারণে খুব সহজেই ক্লান্তি বা ঘুম আসে না। এ জন্য খেতে হবে দুধ, ডিম বা ছোলার মতো প্রোটিনসমৃদ্ধ খাবার। খেয়াল রাখতে হবে, দুপুরের খাবার যেন সকালের চেয়ে কম হয়।
এদিকে দুপুরের খাবারের পর সরাসরি কাজের টেবিলে না বসাই ভালো। কাজের চাপ বেশি না থাকলে অফিসের মধ্যেই দশ মিনিট হাঁটাহাঁটি করতে পারেন। সম্ভব হলে সিঁড়ি দিয়ে ওঠানামাও করতে পারেন। আর অফিসের বাইরে একটু হাঁটতে পারলে তো কথাই নেই। কাজের চাপ বেশি থাকলে দুধ–চিনি ছাড়া এক কাপ চা বা কফি খেতে পারেন। ঘুম দূর করতে চায়ের সঙ্গে যোগ করতে পারেন আদা বা লেবু।