অফিসে খান বুঝেশুনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অফিসে কাজের ফাঁকে ফাঁকে হালকা খাবার খেয়ে শরীর ঠিক রাখতে পারেন। মডেল: সোনিয়া। ছবি: অধুনা
অফিসে কাজের ফাঁকে ফাঁকে হালকা খাবার খেয়ে শরীর ঠিক রাখতে পারেন। মডেল: সোনিয়া। ছবি: অধুনা

দিনের বেশ খানিকটা সময় কর্মজীবীদের অফিসে কাটাতে হয়। খাবারের সময় অনেকে দল বেঁধে বাইরে খেতে যান। আবার কেউ কেউ বাসা থেকে খাবার নিয়ে আসেন। শরীর ঠিক রাখতে ডায়েট করেন অনেকে। বাসায় সেটা ঠিকঠাক মেনে চলা গেলেও অফিসে হয় বিপত্তি। কাজের তালে অনেকেরই ডায়েট মেনে চলা সম্ভব হয় না।
যেহেতু অফিসে দিনের বড় একটা সময় কাটাতে হয়, তাই খাওয়ার দিকে বিশেষ নজর দেওয়া উচিত। সকালে বাসা থেকে নাশতাটা সেরে এলেও দুপুরের খাবারটা খেতে হয় অফিসেই। বারডেম জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো বলেন, যেহেতু অফিসে দিনে অন্তত একবেলা খাওয়া হয় সে ক্ষেত্রে খাবারটা খুব বেশি ভারী হওয়া উচিত নয়। এতে ক্লান্তি বাড়ে, সঙ্গে শরীরে চর্বিও জমে যাওয়ার শঙ্কা থাকে।
অনেকেই দুপুরে হালকা খাবার খেতে চান, অনেকে ঝামেলা এড়াতে বাইরের খাবার খেয়ে নেন। তবে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়াটাই ভালো। অনেকে দুপুরে অফিসে রুটি খাওয়া পছন্দ করেন। আবার অনেকে ভাতই খান। তবে বাড়িতে যেভাবে নিশ্চিন্তে খাওয়া যায়, কর্মস্থলে একটু বিবেচনা করে খেতে হবে। কারণ, খাওয়ার পর আবার কাজ করতে হয়। ভাত বা রুটি যা-ই খাওয়া হোক প্রোটিন হিসেবে
অবশ্যই মাছ বা মাংস থাকা উচিত, যা শক্তি জোগাতে সাহায্য করবে। অনেক সময় মাছ-মাংস না থাকলে অন্তত একটা ডিম হলেও খাওয়া উচিত। অর্থাৎ প্রোটিন যেন থাকে।
অফিসে যদি বসে কাজ করতে হয়, তাহলে দুপুরে হালকা খাবার খেতে হবে যাতে ক্লান্তি না আসে। তবে অনেকে প্রায় প্রতিদিন বিরিয়ানি, তেহারি বা ভারী খাবার খেয়ে থাকেন; যা শরীরের জন্য ক্ষতিকর। সহজেই ওজন বাড়িয়ে দেয়। এ কারণে ভাত অথবা রুটি। সঙ্গে সবজি, মাছ-মাংস ও সালাদ খাওয়া উচিত দুপুরে। যদি কোনো কারণে সবজি না খাওয়া যায়, তাহলে সালাদ খেতে হবে। এ ছাড়া শসা, গাজর, বিট ইত্যাদি খেতে পারেন। তবে অবশ্যই দুপুরের খাবার বেলা দুইটার মধ্যে খাওয়া উচিত।
বিশেষ গুরুত্ব দিতে হবে পানিপানের দিকে। কারণ, কাজের ব্যাস্ততায় অনেক সময় পানির কথা মনে থাকে না। এ কারণে অফিসের সময়টাতে তিন থেকে পাঁচ গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। যদি চা খাওয়ার অভ্যাস থাকে, তাহলে লেবু চা খাওয়া যেতে পারে। তবে গ্যাসের সমস্যা না থাকলে দুধ চা খেতে পারেন। এ ছাড়া ফলমূল খেতে পারেন অফিসের মাঝামাঝি সময়ে। অর্থাৎ সকালে নাশতা করে অফিসে আসার পর অথবা দুপুরে খাওয়ার পর। অফিসে আপনার ড্রয়ার থাকলে বাদাম কিনে রাখতে পারেন। কাজের ফাঁকে বাদাম খেতে পারেন। ডাবের পানি খেলেও শরীরের উপকার হবে।