
নাজিয়া আহমেদ কাজ করেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। কিছুদিন আগে তিনি শেষ করেছেন মাতৃত্বকালীন ছুটি। সংসারের ঝক্কি ও ছোট্ট মেয়েকে বাড়িতে রেখে আসার চিন্তা তাঁকে প্রায় সময়ই আচ্ছন্ন করে রাখে। সহকর্মীরা তাঁর পরিস্থিতি বুঝে বেশির ভাগ সময়ই সহানুভূতিশীল। আবার নাজিয়া সহকর্মীদের সঙ্গে এই ব্যাপারটি আলাপ করে কিছুটা হালকা বোধ করেন। কিন্তু বিপত্তিটা ঘটে অন্য জায়গায়। যখন পদোন্নতির ব্যাপারটা আসে তখন তাঁর নামটা বাদ পড়ে যায় সেই তালিকা থেকে। সহানুভূতিশীল হলেও বসের বিবেচনা নাজিয়া তো বাসাই ঠিকমতো সামলাতে পারছেন না, সব সময় মন খারাপ থাকেন। অফিসের নতুন দায়িত্ব কি নিতে পারবেন? ব্যস! হলো না নাজিয়ার পদোন্নতি।
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফারহানা শারমীন বলেন, ‘কর্মজীবী নারীদের সংসার ও কর্মক্ষেত্রের দুটো চাপই নিতে হয়। অনেক সময় নানা কারণে মন খারাপ থাকে। কাজের জায়গায় এই চাপ ও মন খারাপগুলো সচেতনভাবে সামলে চলতে হবে। বাড়ির মন খারাপ তো কাজের জায়গায় আসবেই না; তেমনি কাজের ক্ষেত্রে কোনো কিছুতে মন খারাপ হলে মুহূর্তেই ঝেড়ে ফেলতে হবে। কারণ কাজ মানেই পেশাদারির জায়গা।’
শুধু কী মন খারাপ? শারমীন জানান অনেক সময় নতুন কাজে যোগ দেওয়ার পর অনেকেরই বসের সঙ্গে বোঝাপড়াটা প্রথমেই শতভাগ হয় না। তখন সেটা নিয়ে মন খারাপ না করে বরং মনেপ্রাণে চেষ্টা করে যেতে হবে স্বাভাবিক থাকার। মন খারাপ করে ঘোরাফেরা করলে অনেকে সহানুভূতি দেখাবে ঠিকই কিন্তু অফিসের ভাবমূর্তি হবে নেতিবাচক।
অফিসে মন খারাপ করে থাকলে সেটা শুধু নিজের কাজেই ক্ষতি করে তা নয়। বরং অন্যদেরও প্রভাবিত করে। যেহেতু কাজের সময়টায় সহকর্মীরা মিলে অনেকটা সময় কাটাতে হয়, তাই যত বেশি হাসি-খুশি থাকা যায়, তত ভালো। এতে কাজের মান বাড়ে। সবচেয়ে বড় কথা হলো, অফিসের যেকোনো সিদ্ধান্তই সামলাতে হবে পেশাদারির সঙ্গে।
কিছু ব্যাপারে সচেতন হলে এই ধরনের মন খারাপের ব্যাপারগুলো এড়িয়ে চলা যায়:
l যদি মনে হয় কোনো কাজ বুঝতে পারছেন না বা করতে পারবেন না, সেটা শুরুতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিন। যদি মনের মধ্যে চেপে রাখেন সে ক্ষেত্রে পরে নিজেকেই বিপদে পড়তে হবে বা অহেতুক চাপ নিতে হবে।
l অনর্থক কোনো কিছুতে নিজেকে জড়াবেন না। যদি মনে হয় আপনার প্রয়োজন এখানে তেমন একটা নেই, সে রকম বুঝলে দূরে থাকাই ভালো। এটা অকারণ সমস্যার জন্ম দেবে না।
l কাজ করতে করতে কিছুটা সময় পরে একটু বিরতি নিয়ে সহকর্মীদের সঙ্গে চা খেতে পারেন। এতে মন একটু প্রফুল্ল থাকবে।
l যদি সম্ভব হয় নিজের ডেস্কে একটা পারিবারিক ছবি বা মন ভালো করে দেওয়ার মতো কোনো স্মারক রাখতে পারেন।
l কাজের ক্ষেত্রে যদি একান্তই খুব বেশি সমস্যা তৈরি হয়, তাহলে কোনো একজন বিশ্বস্ত সহকর্মী বা মানবসম্পদ বিভাগের কারও সঙ্গে আলোচনা করতে পারেন।
l যাই হোক না কেন মনে রাখতে হবে, অফিসে আচরণ করতে হবে পেশাদারির সঙ্গে। সেখানে আবেগের কোনো জায়গা নেই। তাই মন খারাপ মুছে ফেলে অফিসে থাকতে হবে হাসি-খুশি।