অফিসে বসুন জানালার পাশে

অফিসে আপনি কী রকম জায়গায় বসে কাজ করেন? সেখানে দিনের আলো আছে তো? বসার জায়গাটা জানালার পাশে হলে তা আপনার রাতে ভালো ঘুমের জন্য সহায়ক হতে পারে। আর কৃত্রিম আলোয় নিয়মিত কাজ করলে আপনি অনিদ্রায় ভুগতে পারেন। জার্নাল অব ক্লিনিক্যাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞান বিভাগের শিক্ষক আইভি চেউং ওই গবেষণায় নেতৃত্ব দেন। তাঁদের মতে, অফিসের পরিবেশ সুন্দর হলে তা কর্মীর সার্বিক স্বাস্থ্য ও রাতের ঘুমে ইতিবাচক প্রভাব ফেলে। যাঁরা জানালাবিহীন বদ্ধ ঘরে বসে কাজ করেন, তাঁদের রাতে অনিদ্রার প্রবণতা তুলনামূলক বেশি। আর যাঁরা দিনের আলোর উপস্থিতিতে অথবা জানালার পাশে বসে কাজ করেন, তাঁরা এ ধরনের সমস্যায় সাধারণত কম ভোগেন। গবেষণায় দেখা যায়, জানালাবিহীন কৃত্রিম আলোয় অফিসের কাজ করলে একজন মানুষের স্বাভাবিক ঘুম থেকে গড়ে ৪৬ মিনিট নষ্ট হয়ে যায়। কাজেই অফিসের অভ্যন্তরীণ পরিবেশ পরিবর্তন করে স্বাস্থ্যসম্মতভাবে সাজানোর পরামর্শ দেওয়া হয়।
আইভি চেউং বলেন, কর্মীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পর্যাপ্ত সূর্যালোক প্রবেশের সুযোগ রেখে অফিসের স্থাপত্য নকশা তৈরি করা উচিত। মানুষের শরীরের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে দিবালোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দিনের আলোর সংস্পর্শে বেশি সময় কাটানোর মাধ্যমে মানুষ অধিকতর স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করতে পারে। আর স্বাভাবিক ঘুমের বিষয়টি প্রাকৃতিক দেহঘড়ির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। রাতে ঘুম ভালো হলে দৈনন্দিন সব কাজকর্মে বাড়তি গতি ও স্বাচ্ছন্দ্য আসে। টেলিগ্রাফ।