অফিসে বসে যোগব্যায়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মডেল: অপর্ণা, ছবি: খালেদ সরকার
মডেল: অপর্ণা, ছবি: খালেদ সরকার

কর্মজীবীদের দিনের অনেকটা সময় কেটে যায় অফিসের চেয়ারে। এতক্ষণ চেয়ারে বসে থাকার কারণে শরীরে ভর করে ক্লান্তি আর অবসাদ। মন চাইলেও খোলা বাতাসে একটু দম নেওয়ার সুযোগ নেই। ব্যস্ত এই জীবনযাপনে মাথাব্যথা, শরীর ব্যথা আর ঘুমের সমস্যায় কষ্ট পান অনেকেই। 

সমস্যাগুলোর একটা সমাধান যোগব্যায়াম। অফিসে কাজের ফাঁকে অল্প সময় বের করে যোগব্যায়াম করা যেতে পারে। অফিসের টেবিল-চেয়ারে বসেই এই ব্যায়াম করা সম্ভব। জানালেন রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের যোগব্যায়ামের শিক্ষক এবং জয়সন ইয়োগা স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা কুশল রায়। শরীর সুস্থ রাখতে সুষম এবং পরিমিত খাবার গ্রহণের পাশাপাশি সাধারণ কিছু যোগব্যায়াম করার পরামর্শ দেন তিনি। অফিসে বসে করা যায় যোগব্যায়ামের এমন কিছু আসন দেখা যাক।   

তারাসন

মেরুদণ্ড সোজা করে চেয়ারে বসুন।

দুই হাতের আঙুল একত্র করে শ্বাস নিতে নিতে দুই হাত সোজা মাথার ওপর তুলুন, শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন।

শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় ফিরে আসুন।

এভাবে কমপক্ষে ৩০ থেকে ৬০ সেকেন্ড ব্যায়াম করা উচিত। ধীরে ধীরে সময় বাড়াতে থাকুন। দিনে কমপক্ষে দুবার করুন। 

উপকারিতা

শরীরে অক্সিজেনের মাত্রা বাড়ায়, ফুসফুস ও হৃৎপিণ্ড সুস্থ ও সবল রাখে। ঘাড় ও কোমর ব্যথা কমায়, ঘুম ঘুম ভাব, ক্লান্তি ও অবসাদ মিনিটেই দূর করে। শরীর ও মন প্রফুল্ল রাখতে সহায়তা করে।

মডেল: অপর্ণা, ছবি: খালেদ সরকার
মডেল: অপর্ণা, ছবি: খালেদ সরকার

পার্শ্ব চন্দ্রাসন

মেরুদণ্ড সোজা করে বসুন।

ডান হাত বাঁ কোমরে অথবা চেয়ারে বাঁ হাতল ধরুন, এবার শ্বাস নিতে নিতে বাঁ হাত সোজা ওপরে তুলুন।

শ্বাস ছাড়তে ছাড়তে শরীরসহ বাঁ হাত ধীরে ধীরে ডান দিকে নিয়ে যান। এখানে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।

শ্বাস নিতে নিতে বাঁ হাত মাথার ওপরে আনুন। শ্বাস ছাড়তে ছাড়তে হাত আগের অবস্থায় ফিরিয়ে আনুন।

একইভাবে ডান হাত দিয়ে করুন।

এভাবে কমপক্ষে ৩০-৬০ সেকেন্ড করা উচিত। ধীরে ধীরে সময় বাড়াতে থাকুন। দিনে কমপক্ষে দুবার করুন। 

উপকারিতা

পিঠ, কোমর ও মেরুদণ্ডের পেশি ও স্নায়ু সবল করে। শরীরের দুই পাশের চর্বি কমায়। কোমরের ব্যথা দূর করে। হার্ট, ফুসফুস ও কিডনি-সংক্রান্ত সমস্যা দূর করে। শরীরের জড়তা কাটায়। খুব কম সময়ে নিজেকে ফুরফুরে রাখার একটি চমৎকার আসন পার্শ্ব চন্দ্রাসন।

মডেল: অপর্ণা, ছবি: খালেদ সরকার
মডেল: অপর্ণা, ছবি: খালেদ সরকার

ভ্রমরী

মেরুদণ্ড সোজা করে বসুন।

দুই হাতের তর্জনী দিয়ে দুই কান বন্ধ করুন ও বাকি আঙুল মুষ্টিবদ্ধ করুন।

এবার নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে ভ্রমরীর মতো দুই ঠোঁট এক করে নাক দিয়ে উমমম শব্দ করুন।

শ্বাস নিয়ে ছাড়তে ছাড়তে একইভাবে করুন।

উপকারিতা

মস্তিষ্কের রক্ত চলাচল বাড়ায়। যেকোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে সহায়তা করে। উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে।

সতর্কতা

দম আটকে রাখা যাবে না। স্বাভাবিকভাবে দম ছাড়তে হবে।

বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলে যোগব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নিন।