অফিসে যেমন ব্যাগ
যেমন খুশি তেমন একটা ব্যাগ কাঁধে নিয়ে বেড়াতে বা বন্ধুর বাড়ি যেতে পারেন। কিন্তু অফিসে যাওয়ার সময় তা চলে না। অফিসের ব্যাগটা হওয়া চাই সহজে বহনযোগ্য আর কিছুটা সাদামাটা ধরনের, যাতে অফিসের পোশাকের সঙ্গে মানিয়ে যায়। আবার তা ফ্যাশনেবলও হওয়া চাই। বাজার ঘুরে দেখা মিলল এমন সব ব্যাগেরই। জেনে নিন তারই খোঁজ।সামিয়া আফরোজ এই সময়ের ব্যস্ত তারকাদের একজন। উপস্থাপনা আর অভিনয়ের ফাঁকে মিডিয়া কো-অর্ডিনেটর পদে কাজ করছেন একটি বিজ্ঞাপনী সংস্থায়। তিনি বললেন, ‘অফিসের জন্য হাতব্যাগটাও অফিশিয়াল হওয়া ভালো। রং, আকার, ব্যাগের হাতল—সবকিছুতেই যেমন চাই ফ্যাশন, তেমনি চাই ব্যবহারের স্বাধীনতা। সে ক্ষেত্রে আমি খেয়াল রাখি, ব্যাগটার আকার যেন বড় হয়। অনেকগুলো চেম্বার থাকা জরুরি। অফিসের ফাঁকে নিজেকে সতেজ রাখতে ময়েশ্চারাইজার, পাউডার, আয়না, কাজল, লিপগ্লস, লাইনার ও চিরুনি তো লাগেই। তা ছাড়া দু-তিনটা মোবাইল রাখার জায়গাও তো চাই। অফিসের কাগজ-কলমসহ অন্যান্য টুকিটাকি জিনিসও সব সময় হাতের কাছে রাখতেই হয়। তাই ব্যাগের আকার বড় হওয়াটাই ভালো।’সামিয়া মনে করেন, কেজো ব্যাগ বাছাইয়ের জন্য রংটা দেখা খুব গুরুত্বপূর্ণ। বাদামি, কালো, ঘিয়ে রঙের ব্যাগ যেকোনো পোশাকের সঙ্গে মানিয়ে যায়। ব্যাগটা চামড়ার হওয়াই ভালো। আর এর হাতল ছোট হওয়াটাই বেশি মানানসই। তবে এটি যার যার রুচির ব্যাপার। একাধিক পোশাকের সঙ্গে মানায় এমন ব্যাগই নির্বাচন করা উচিত। ব্যাগ পরিবর্তন করতে হলে খেয়াল রাখুন ব্যাগের সব টুকিটাকি জিনিস যেমন—এটিএম কার্ড, ভিজিটিং কার্ড হোল্ডার বা সাজগোজের টুকিটাকি জিনিস নতুন ব্যাগে নেওয়া হয়েছে কি না।সংগীতশিল্পী জুলি কাজ করছেন একটি বহুজাতিক কোম্পানিতে। তিনি বললেন, সংগীত বা বিনোদনের জগৎ থেকে অফিস একটু আলাদা। অফিসে সারা দিন থাকতে হয় বলে ব্যাগটি হওয়া চাই সারা দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বহনের উপযোগী।খুব রংচঙে ঝকমকে পাথর বা চেইনওয়ালা ব্যাগ অফিসে ব্যবহার না করাই ভালো। আজকাল অনেক অফিসে ক্যাজুয়াল পোশাক যেমন—জিনস, টি-শার্ট পরলেও চলে। তবে এর সঙ্গে ব্যাগ ও অন্যান্য অনুষঙ্গ একটু বুঝেশুনে বাছাই করা উচিত। একটি ভালো ব্র্যান্ডের আরামদায়ক ব্যাগ অফিসে আপনার ভাবমূর্তি অনেক বেশি ইতিবাচক করে তুলবে।আমাদের দেশে বাটা, গ্যালারি অ্যাপেক্সসহ বেশ কিছু নামী দোকানে পাবেন মেয়েদের করপোরেট ব্যাগ। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বাটার শো রুমে কর্মরত খালিদ শামস জানালেন, বাটার সংগ্রহে বেশ কিছু নকশার হাতব্যাগ আছে। কালো, বাদামি, বেগুনি, ছাই, সবুজ, গোলাপি, হালকা নীলসহ হরেক রঙের চামড়ার ব্যাগ বাটার বৈশিষ্ট্য। ১১৯০-৪০০০ টাকায় এখানে আপনি পেয়ে যাবেন পছন্দসই করপোরেট ব্যাগ।গ্যালারি এপেক্সের বিক্রয়কর্মী ইমরান হোসেন বলেন, ‘আমাদের এখানে সীমিত ডিজাইন থাকলেও আমরা চেষ্টা করি ক্রেতাকে সর্বোচ্চ মানের ব্যাগ সরবরাহ করতে।’ চামড়ার হাতে তৈরি ব্যাগসহ ছোট টাকা রাখার ব্যাগ এখানে আপনি পেয়ে যাবেন ১১৯০ থেকে ৪৮০০ টাকায়।এ ছাড়া অটবির ক্লজেট, নানা শপিং মলের ব্যাগের দোকানগুলোতে পাবেন অফিসে ব্যবহারের মানানসই ব্যাগ।