অফিসে 'কেক কালচার' বাদ!
অফিসে কারও জন্মদিন বা কোনো সুখবর থাকলেই কেক, মিষ্টির আয়োজন করা হয়। অনেকে মনে করেন, এক বেলা এক টুকরা কেক বা মিষ্টি খেলে কিছু হবে না। এটি যে স্বাস্থ্যঝুঁকি বাড়ায় তা-ই নয়, একই সঙ্গে দাঁত ও মুখের নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জনের ডেন্টাল সার্জারি বিভাগের ডিন নাইজেল হান্ট সম্প্রতি এই তথ্য জানান।
যেকোনো আনন্দ আয়োজনের এই ‘কেক কালচার’ ট্রেন্ড থেকে বের না হয়ে এলে ভবিষ্যতে আরও ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই কর্মস্থলে কেক কালচার না করে ফলফলাদির আয়োজন করা যেতে পারে।
নাইজেল হান্ট বলেন, ‘এই কেক বা মিষ্টি খাওয়ার উদ্দেশ্য ভালো। কিন্তু এটি করলে কর্মীদের অসুস্থতা বাড়বে। এত বছর আমরা যা করে আসছি, তা-ই চালিয়ে যেতে হবে এমন তো নয়। কেক, মিষ্টি ও বিস্কুট খাওয়ার চল বাদ দিয়ে ফল খেতে পারেন।’
ফল দিয়েই হতে পারে কোনো কিছুর উদ্যাপন। যেহেতু দিনের বেশি সময় কাজের জায়গায় কাটাতে হয়, তাই সেখানে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
সূত্র: হাফিংটন পোস্ট