অফিসের মিটিংয়ে সময় নষ্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিটিংয়ে কর্তা-কর্মীর পারস্পরিক মিথস্ক্রিয়া খুব জোরদার—ভালো প্রতিষ্ঠানেও এমন দৃশ্য বিরল। ছবি: রয়টার্স
মিটিংয়ে কর্তা-কর্মীর পারস্পরিক মিথস্ক্রিয়া খুব জোরদার—ভালো প্রতিষ্ঠানেও এমন দৃশ্য বিরল। ছবি: রয়টার্স

সৈকত (ছদ্মনাম) একটি নামকরা করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করেন। ইদানীং অফিসের মিটিংয়ের কথা শুনলেই বিষিয়ে ওঠে তাঁর মন। বেশির ভাগ সময় মিটিংয়ে গিয়ে এর শেষের প্রতীক্ষায় থাকেন। কারণ, তখনই জানা যায় বড় কর্তাদের সিদ্ধান্ত। সৈকতের ভাষায়, সিদ্ধান্ত নিতে নয়, সিদ্ধান্ত জানাতেই এই ‘মিটিং’ নামক আয়োজন!

শুধু বেসরকারি নয়, সরকারি প্রতিষ্ঠানেও শোনা যায় একই অবস্থা। অভিজ্ঞরা বলে থাকেন, দেশ-বিদেশ—সবখানেই একই নাটক মঞ্চস্থ হয়! ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, অফিসের এসব মিটিংয়ে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছু হয় না। কর্মস্থলে মিটিং বা বৈঠকের আয়োজন করা হয় গুরুত্বপূর্ণ বিষয়ে সমষ্টিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য, সব কর্মীর কথা শোনার জন্য। কিন্তু সবাই মিলে খুব কম সিদ্ধান্তই নেওয়া হয়। আবার সব কর্মী মুখও খোলেন না। শেষে দেখা যায়, বড় কর্তাদের আগে থেকে তৈরি সিদ্ধান্তই কর্মীদের জানিয়ে দেওয়া হচ্ছে মিটিংয়ে, সবার অংশগ্রহণে সিদ্ধান্ত তৈরি হচ্ছে না।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট সম্প্রতি এই বিষয়ের ওপর একটি নিবন্ধ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সারা বিশ্বে সিংহভাগ অফিসের সংখ্যাগরিষ্ঠ কর্মী মিটিংয়ের কারণে স্রেফ ‘নির্যাতিত’ হন। মিটিংয়ে সব সময়ই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কর্তাব্যক্তির মতামত প্রাধান্য পায়। এবং সেই মতামতই একসময় সিদ্ধান্তে পরিণত হয় এবং তা কর্মীদের মিটিংয়ে জানিয়ে দেওয়া হয়।

ব্যবস্থাপনা বিষয়ের বিশিষ্ট পণ্ডিত ও কিংবদন্তি লেখক সি. নর্থকোট পারকিনসন। গত শতাব্দীর মাঝামাঝি বলেছিলেন, কোনো একটি প্রতিষ্ঠানে যে পরিমাণ অর্থ লগ্নি করা হয়, মিটিংয়ের কারণে তা থেকে লাভের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে। তাঁর মতে, কর্মস্থলে আয়োজিত বৈঠকে অংশ নেওয়ায় ৮০ শতাংশ কর্মীর ৮০ শতাংশ সময়ই নষ্ট হয়।

ইকোনমিস্ট বলছে, বৈঠক কী ধরনের হবে, সেটি প্রতিষ্ঠানকেই ঠিক করতে হবে। অর্থাৎ বৈঠকে কর্মীদের শুধু সিদ্ধান্ত জানানো হবে, নাকি কর্মীদের নতুন নতুন ভাবনা ও সমস্যার কথা শোনা হবে, সেই বিষয়টি আগে ঠিক করতে হবে। মিটিংয়ে কর্তা-কর্মীর পারস্পরিক মিথস্ক্রিয়া খুব জোরদার—ভালো ভালো প্রতিষ্ঠানেও এমন দৃশ্য বিরল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক আলী আহসান প্রথম আলোকে বলেন, এ দেশের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চিত্রও ব্যতিক্রম নয়। সাধারণত মিটিংয়ে জ্যেষ্ঠ ও পদস্থ কর্মীরাই বেশি কথা বলেন, নতুন ও কম বয়সী কর্মীরা চুপচাপ থাকেন। তবে তাতে আদতেই কর্মঘণ্টা নষ্ট হয় কি না, সেটি বলা সম্ভব নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মতে, মিটিং আয়োজনের আক্ষরিক উদ্দেশ্য হলো সব কর্মীকে কথা বলার সুযোগ দেওয়া। তাঁদের চিন্তাভাবনা, ধারণা ও মতামত শোনা। এককভাবে নেওয়ার চেয়ে সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেওয়া শ্রেয়। এই নীতির আলোকেই কর্মস্থলের বৈঠক আদর্শ হয়ে উঠতে পারে এবং সেটিই হওয়া উচিত। কিন্তু সাধারণত আগে থেকেই মেনে নেওয়া ধারণা মিটিংগুলোতে উপস্থাপিত হয় এবং জোর করে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে।

ইকোনমিস্টের নিবন্ধে বলা হয়েছে, দেখা যায় যে অফিসের মিটিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো নিয়ে শেষে আলোচনা হচ্ছে। একে ‘বাজে প্রবণতা’ অভিহিত করা হয়েছে। ইকোনমিস্ট বলছে, এর পরিবর্তে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বৈঠকের শুরুতেই আলোচনা করা উচিত।

অধ্যাপক আলী আহসান বলেন, অনেক ক্ষেত্রে এক মিটিংয়ে অনেক এজেন্ডা নিয়ে আসা হয়। কখনো কখনো কৌশল হিসেবে ইচ্ছে করেই গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো মিটিংয়ের শেষ সময়ে উপস্থাপিত হয়। বড় দৈর্ঘ্যের এসব বৈঠকে একটি-দুটি বিষয়ে বেশি আলোচনা চলে এবং বাকিগুলো শুধু পাস করে দেওয়া হয়। কারণ, লম্বা সময় ধরে চলা বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা স্বাভাবিকভাবেই একপর্যায়ে ধৈর্য হারিয়ে ফেলেন। ফলে গুরুত্বপূর্ণ এজেন্ডাগুলো সবার শেষে থাকলে দেখা যায়, কোনো আলোচনা ছাড়াই সেগুলো গৃহীত হয়ে যাচ্ছে।

কেন এমন হয়?
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল মনে করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বেশি বেতন পাওয়া কর্মকর্তারা সব সময় নিজেদের সিদ্ধান্ত কর্মীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর এই প্রক্রিয়াটি বৈধ করার জন্যই মিটিং করা হয়। কারণ, মিটিংয়ে পাস হয়ে যাওয়ার পর কর্মীদের তা মানা ছাড়া গত্যন্তর থাকে না।

কর্মস্থল ব্যবস্থাপনার অনেকগুলো ধরন প্রচলিত আছে। কোনো ধরন পুরোই কর্তৃত্ববাদী, আবার কোনোটায় সব কর্মীর একটি বৃহৎ পরিবারের অংশ বলে গণ্য করা হয়। আহমেদ হেলাল বলছেন, সাধারণত কর্তাব্যক্তিরা গণতান্ত্রিক রূপের আদলে কর্তৃত্বপরায়ণ হতে চান। তাঁরা একদিকে সবার কাছে জনপ্রিয় থাকতে চান, আবার নিজের মতামতটিও পৌঁছে দিতে চান। এটি সব পর্যায়েই দেখা যায়। গণতান্ত্রিক কাঠামোর আড়ালেই তাঁরা এ কাজ করেন।

ইকোনমিস্ট বলছে, প্রতিষ্ঠানের সব কর্মীকে কথা বলার সুযোগ দিলে, কিছু ক্ষেত্রে বাচাল কর্মীদের সৌজন্যে বৈঠক একঘেয়ে হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারপরও নিঃশঙ্ক চিত্তে কথা বলার সুযোগ থাকা উচিত। এ ছাড়া মিটিংয়ের আগেই কর্মীদের ভাবনা জানানোর সুযোগ চালু করা যেতে পারে।

অধ্যাপক আলী আহসান বলছেন, বয়সে নবীন কর্মীরা মিটিংয়ে বেশি কথা বলতে খুব একটা উৎসাহী থাকেন না। এ ক্ষেত্রে তাঁদের মনে একটি শঙ্কা থাকতে পারে। সেটি হলো—যদি কথা বললে উল্টো কোনো প্রতিক্রিয়া হয়! আবার যত কথাই বলা হোক না কেন, জ্যেষ্ঠ কর্মীদের মতামত থেকেই সিদ্ধান্ত তৈরি হবে—এমন একটি ধারণার কারণেও তাঁরা অনুৎসাহী হয়ে থাকতে পারেন।

মিটিংয়ে ডাক না পেলেও নাকি মন খারাপ হয় কর্মীদের! আহমেদ হেলাল বলছেন, এ ক্ষেত্রে কর্মীদের মর্যাদাবোধে আঘাত লাগে বলেই তাঁরা অখুশি হন। মিটিংয়ে ডাক পেলে নিজেকে প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেবে নিয়ে মানসিকভাবে প্রসন্ন থাকেন কর্মীরা।

তবে সব সময় নবীন ও তুলনামূলক অনভিজ্ঞ কর্মীদের মত গ্রহণ করা সম্ভব নয় বলেও মনে করেন এই মনোরোগ বিশেষজ্ঞ। তিনি বলছেন, অভিজ্ঞতা ও যোগ্যতার বিচারে এগিয়ে থাকায় কর্তাব্যক্তিদের সিদ্ধান্ত বেশি কার্যকরী হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণেই আড়ালে সিদ্ধান্ত নিয়ে পরে তা আনুষ্ঠানিক বৈঠকে পাস করিয়ে নেওয়ার প্রবণতা দেখা যায়।