আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় একটি মাত্র খেলার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ২০১১ সালের প্রতিযোগিতায় অ্যাথলেটিক আয়োজনের কথা ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তারা না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাগ্যে শিকে ছিঁড়ে। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় অন্য খেলার আয়োজন করা যাচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। মার্চের প্রথম সপ্তাহে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু হওয়ার কথা।বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা জানান, অবকাঠামো না থাকায় ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারছেন না। অন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হয় তাঁদের। এমনকি ফুটবলের মতো খেলায়ও অনেক ক্ষেত্রে প্রতিপক্ষের রোষানলে পড়তে হয়।অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদেরা প্রতিবারই আন্তবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে আসছেন। এখানকার ছাত্রী মাহফুজা খাতুন সাফ গেমসে সাঁতারে রৌপ্য পদক জিতেছেন। গতবার ভলিবল (ছেলে ও মেয়ে), বাস্কেটবল, হকি ও ওয়াটার পলোতে চ্যাম্পিয়ন এবং ফুটবল, টেনিস, হ্যান্ডবলে রানার্স আপ হয়েছে এ বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর খেলোয়াড় কোটায় ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। বর্তমানে খেলোয়াড় কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৩১ জন।জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে স্বয়ংসম্পূর্ণ ব্যায়ামাগার, আধুনিক সুইমিং পুল ও মানসম্পন্ন টেনিস কোর্ট নেই। ফলে জিমন্যাস্টিকস, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, সাঁতার, ওয়াটার পলো, টেনিস, ক্রিকেটের মতো খেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক রকিব কোরেশী প্রথম আলোকে বলেন, ‘প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে একটি করে আধুনিক ব্যায়ামাগার থাকলেও আমাদের নেই। থাকলে ইনডোর গেমস আয়োজন করা সম্ভব হতো খুব সহজে। তাতে আমাদের ক্রীড়াবিদেরাও প্রয়োজনীয় অনুশীলনের মাধ্যমে নিজেদের মানোন্নয়ন করতে পারতেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের বার্ষিক বাজেট মাত্র ১৩ লাখ টাকা। এ বাজেটের সিংহভাগই চাকসু ফান্ডে চলে যায়।’ জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীতে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হকিতে পরপর তিনবার চ্যাম্পিয়ন এবং ২০০৯ সালে সাঁতারে চ্যাম্পিয়ন হয়। ক্রিকেটে ২০০৯ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় এশিয়ান ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে রানার্স আপ হয়।হকি দলের সদস্য মো. আলাউদ্দিন জানান, ‘নিজেদের মাঠে খেলতে পারলে ফলাফল অনেক ভালো করা সম্ভব হতো। এতে বাড়তি একটা সুবিধা পাওয়া যায়। ভাবতে অবাক লাগে চট্টগ্রামে বিশ্বকাপ ক্রিকেটের ভেন্যু হয়েছে। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কয়েকটা খেলার আয়োজন করতে পারছে না।’বিশ্বকাপ ক্রিকেট চট্টগ্রাম ভেন্যুর চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক সিরাজউদ্দিন মো. আলমগীর এ ব্যাপারে বলেন, ‘প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বিশ্ববিদ্যালয়ে বড় ইভেন্টগুলোর আয়োজন করা সম্ভব হয় না। এ ছাড়া শহর থেকে বিশ্ববিদ্যালয় ২২ কিলোমিটার দূরে, তাই ক্রীড়াবিদদের শহরের হোটেলগুলো থেকে ওখানে যেতে বেগ পেতে হয়।’ বিশ্বদ্যািলয়ে ক্রিকেটের মান উন্নয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সুপারিশ করেছেন বলেও জানান তিনি। সুপারিশ পাস হলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটের মান বাড়ানো সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।এদিকে আন্তঃ বিশ্ববিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গত এক জানুয়ারি থেকে কোচিং ক্যাম্প শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।