অবকাঠামো সংকটে শিক্ষা বোর্ড
অবকাঠামো সংকটে ধুঁকছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পর্যাপ্ত গুদামের অভাবে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের উত্তরপত্রসহ মূল্যবান কাগজপত্র ফেলে রাখা হয় বারান্দায়। কাছে ব্যাংক না থাকায় কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতা তোলেন এক কিলোমিটার দূরে বহদ্দারহাট সোনালী ব্যাংকে গিয়ে। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই। এসব কারণে একদিকে ব্যাহত হচ্ছে শিক্ষা বোর্ডের কার্যক্রম অন্যদিকে অপচয় হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব এ কে এম ফজলুল করিম চৌধুরী অবকাঠামোগত নানা সংকটের কথা স্বীকার করেন। তিনি গতকাল বলেন, ‘আমরা বর্তমানে সাত তলা পর্যন্ত কার্যক্রম চালাচ্ছি। আরও তিন তলার নির্মাণকাজ চলছে। আশা করি আগামী এপ্রিল মাসের মধ্যে এসব সংকটের সমাধান হয়ে যাবে।’গতকাল সকালে সরেজমিনে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, পর্যাপ্ত গুদামের অভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরপত্রসহ মূল্যবান কাগজপত্র ফেলে রাখা হয়েছে নিচতলার বারান্দায়। শিক্ষার্থীদের সনদ, নম্বরফর্দ ও নিবন্ধনসহ বিভিন্ন ফি আদায়ের জন্য নিচতলায় সোনালী ব্যাংক বহদ্দারহাট শাখার একটি বুথ রয়েছে। তবে বুথের প্রবেশ পথে কাগজপত্র ও ট্রাংক স্তূপ করে রাখতে দেখা গেছে। এ সময় কথা হয় হাটহাজারী কলেজ থেকে সনদ নিতে আসা রেজাউল আলীর সঙ্গে। তিনি জানান, ‘বারান্দায় কাগজপত্র স্তূপ করে রাখায় সোনালী ব্যাংকের বুথই খুঁজে পাওয়া যাচ্ছিল না।’ শিক্ষাবোর্ডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা থাকছেন নিচতলায় কর্মচারী পরিষদের জন্য বরাদ্দ করা কক্ষে। এই প্রসঙ্গে চট্রগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘পর্যাপ্ত জায়গা না থাকায় আনসার সদস্যরা পরিষদের কক্ষে থাকতে বাধ্য হচ্ছেন। ব্যাংক না থাকায় বহদ্দারহাট গিয়ে বেতন-ভাতা তুলতে হয়।’ এদিকে শিক্ষা বোর্ড ভবনের প্রবেশ পথটিও অরক্ষিত রয়ে গেছে। এখানে কোনো ফটক নেই। বাইরের লোকজন অনায়াসে ঢুকে পড়ছেন শিক্ষা বোর্ডের অভ্যন্তরে। প্রশ্ন করলে বোর্ডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার এম সিদ্দিক বলেন, ‘ভবনের সীমানা দেয়ালের নির্মাণকাজ চলছে। আমরা সব সময় সর্তক রয়েছি।’পরীক্ষা শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘শিক্ষা বোর্ডে ১১০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। আমি প্রতিদিন পটিয়া থেকে আসি। কোনোদিন ১১টার আগে অফিসে ঢুকতে পারি না। বোর্ডের নিজস্ব পরিবহন ব্যবস্থা থাকলে এক মাসে আমার ৩০ কর্মঘণ্টা সাশ্রয় হতো।’ কলেজ শাখার কর্মচারী মো. সেলিম বলেন, ‘দুপুরের খাবারের জন্য ক্যানটিন নেই। আমরা কষ্টের মধ্যে আছি।’ জানা যায়, ১৯৯৫ সালে নগরের চান্দগাঁও এলাকার ভাড়া করা একটি ভবনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যাত্রা শুরু হয়। ২০০১ সালে মুরাদপুর বন গবেষণা ইনস্টিটিউট ফটকের পশ্চিম পাশে প্রায় চার একর জায়গা শিক্ষা বোর্ডের জন্য বরাদ্দ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৭ সালের ২৮ জুলাই চান্দগাঁও ভাড়া ভবন থেকে মুরাদপুর এলাকার নতুন ভবনে স্থানান্তর হয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড।