অবকাঠামোগত সমস্যা নিয়েই চলছে পাঠদান
‘ছাত্রীরা টিনশেডের একতলা ভবনে ক্লাস করে। প্রচণ্ড রোদের সময় গরমে ক্লাস নেওয়া যায় না। এতে শিক্ষক-শিক্ষার্থী সবারই মনোযোগ নষ্ট হয়। এ নিয়ে সাবেক এবং বর্তমান সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। বর্তমান মেয়র এ মাসের ৮ তারিখ বিদ্যালয়টি পরিদর্শনে এসে আশ্বস্ত করেন, শিগগির বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার সমাধান হবে।’ অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা বেগম এ কথা বলেন।সম্প্রতি সরেজমিনে সিটি করপোরেশন পরিচালিত তিনটি বিদ্যালয়ে গিয়ে এমন অবকাঠামোগত সমস্যার কথা জানা যায়। জানা গেছে, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট ২৮টি শাখায় এক হাজার ১০ জন ছাত্রী রয়েছে। শিক্ষক আছেন ১৬ জন। বিদ্যালয়ের এসএসসির ফলাফলও ভালো। ২০০৯ সাল থেকে পরপর তিনবার শতভাগ পাস করে আসছে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছর এসএসসি পরীক্ষায় ১৩৭ জনের মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা বেগম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মান ও লেখাপড়ার পরিবেশ যথেষ্ট ভালো। তিন বছর ধরে এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ের পাসের হার শতভাগ। শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা মনোভাব, নিয়মিত ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রীদের প্রতি বিশেষ নজরদারি এবং ছাত্রীদের নিয়মিত উপস্থিতিই সফলতার পেছনের মূল কারণ। পাঠ্যসূচি-বহির্ভূত জ্ঞানার্জনের জন্য বিশ্বসাহিত্য কেন্দ্র, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পাঠাগার-ব্যবস্থা, স্কাউট কার্যক্রম রাখা হয়েছে।’ একই গণ্ডির ভেতর অপর্ণাচরণের পাশেই রয়েছে কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। এটিও ১৯২৭ সালে প্রতিষ্ঠিত। তবে ফলাফলের দিক থেকে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের তুলনায় বেশ পিছিয়ে। বিদ্যালয়ের ফলাফলের অবস্থা জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, ‘২০০৮ সালে ৯৫ দশমিক ১২, ২০০৯ সালে ৮৪ দশমিক ২১ শতাংশ, ২০১০ সালে ৯৬ দশমিক ৬১ শতাংশ এবং ২০১১ সালে ৯৭ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।’ তবে বিদ্যালয়টির অবকাঠামোগত-সংকট প্রকট বলে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন। তিনি বলেন, ‘ছাত্রীরা প্রচণ্ড গরমে ক্লাস করতে পারে না। আবার বৃষ্টির সময় টিনের চালের ফুটো দিয়ে পানি পড়ে। প্রাতঃ সমাবেশ করার জায়গারও অভাব রয়েছে এ বিদ্যালয়ে।’ কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবী চৌধুরী জানান, ‘ভালো ফলাফল করায় এই বিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীরা ভিড় করে। এ জন্য আসন-সংকটও দেখা দিয়েছে। ছাত্রীদের গাদাগাদি করে ক্লাসে বসতে হচ্ছে। এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। এ জন্য নতুন ভবন নির্মাণ খুবই জরুরি।’ জানা গেছে, নগরের কাপাসগোলা এলাকায় একই গণ্ডির ভেতর সিটি কপোরেশনের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম চলছে। একই গণ্ডির ভেতরে আছে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ, প্রাথমিক বালিকা বিদ্যালয় এবং কাপাসগোলা কম্পিউটার কলেজ। এ ছাড়া সন্ধ্যা পাঁচটা থেকে রাত সাতটা পর্যন্ত চলে সন্ধ্যাকালীন বয়স্ক শিক্ষা কার্যক্রম। চারটি শিক্ষাপ্রতিষ্ঠান মিলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার। জানা গেছে, বিদ্যালয় ভবনের চার তলায় চলছে কলেজের শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের পাঠাগার, কম্পিউটার ল্যাব ও বিজ্ঞান গবেষণাগার বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ভাগাভাগি করেই ব্যবহার করে। বিদ্যালয়টিতে চলছে শিক্ষক-সংকটও। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম। শিক্ষক-সংকটের কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবী চৌধুরী বলেন, ‘মাতৃত্বকালীন ছুটিতে থাকায় ইংরেজি বিষয়ে দুজন এবং ব্যবসায়িক শাখায় একজন শিক্ষকের পদ খালি। এতে অন্য শিক্ষকদের দিয়ে ক্লাস নেওয়া যাচ্ছে না। এই পদগুলোতে খণ্ডকালীন শিক্ষক নিয়োগের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।’ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রী হুমাইরা খানম বলে, ‘পাঠাগারটি কলেজের শিক্ষার্থীরাই ব্যবহার করে। তবে বিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগারটি কলেজ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগাভাগি করেই ব্যবহার করে থাকে।’ এমন সমস্যার কথা স্বীকার করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেলিয়া জামান প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ীই সব কার্যক্রম চলছে। তবে এটা ঠিক, প্রতিবছর দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রীসংখ্যা বাড়ছে। সম্পদ সীমিত, তাই এমন ব্যবস্থা মেনে নিতে হচ্ছে।’