অবকাঠামোর অভাব লোহাগাড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়ায় মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষাব্যবস্থা থমকে দাঁড়িয়েছে। শিক্ষক ও কম্পিউটারের অভাব, অবকাঠামোগত সমস্যা এবং এ ব্যাপারে সরকারের সুস্পষ্ট নির্দেশনা না থাকাই এর অন্যতম কারণ বলে মনে করেন শিক্ষকেরা। লোহাগাড়ায় মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ২৭টি। এর মধ্যে পাঁচটিতে কম্পিউটার শিক্ষা চালু রয়েছে। বাকি বিদ্যালয়ে বেসরকারিভাবে কম্পিউটার থাকলেও কোনোটি অচল, কোনোটিতে বিদ্যুৎ সংযোগ অথবা কম্পিউটার জানা লোকবলের অভাব রয়েছে। লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব প্রথম আলোকে জানান, মন্ত্রণালয়ের বিভিন্ন বিধি এবং উপযুক্ত শিক্ষকের অভাবে বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালু করা যাচ্ছে না। চুনতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দত্ত বড়ুয়া বলেন, সরকারের কোনো সুস্পষ্ট নির্দেশনা না থাকায় বিষয়টি চালুর ব্যাপারে শিক্ষার্থীদের আগ্রহ থাকলেও তা খোলা যাচ্ছে না। শাহপীর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মেহেবুবা আনোয়ার ও ইসতিয়াক আহমদ জানায়, কম্পিউটার বই পেয়ে খুশি। তবে বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় তারা বিষয়টি বুঝতে পারছে না। পদুয়া এসিএম উচ্চবিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক নয়নমনি সিকদার জানান, এ স্কুলে ৬০ শিক্ষার্থীর জন্য কম্পিউটার রয়েছে আটটি। এর মধ্যে একটি নষ্ট। ইন্টারনেট সংযোগ না থাকায় পূর্ণাঙ্গ বিষয়টি শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারছে না। পুটিবিলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান জানান, কম্পিউটার রয়েছে তিনটি। কিন্তু শিক্ষক নেই। ফলে গত বছর এ স্কুলের শিক্ষার্থীরা কম্পিউটার বিষয়টি পড়তে পারলেও এ বছর আর সম্ভব হচ্ছে না। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহ বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করার চিন্তাভাবনা করছে। এ ব্যাপারে অচিরেই সরকার মাধ্যমিক বিদ্যালয়ে সুনির্দিষ্ট নীতিমালা পাঠাবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বলেন, শিক্ষক ও কম্পিউটারের সংকট, অবকাঠামোগত সমস্যা সমাধানের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।