>ব্যস্ত ও বিশ্বখ্যাত তাঁরা। কাজের ধরনের জন্য ঘোরাঘুরিও কম হয় না। তবে পরিবারের সঙ্গে অবকাশ যাপনেই পছন্দ করেন এই মানুষেরা। বিল গেটস, সাইফ আলি খান ও অ্যাকন—তিন ভুবনের তিন তারকা অবকাশ যাপন করেন কীভাবে, তা জানা যাক।

সাইফ আলি খান
সুযোগ পেলেই দে ছুট
পাঁচ বছরের প্রেম। ২০১২ সালে বিয়ে। ডিসেম্বরে সাইফ আলি খান আর কারিনা কাপুর খানের ঘরে আসছে নতুন সদস্য। তাই কারিনা এখন কিছুটা বিশ্রামে। তবে পতৌদির নবাবের কাটছে ব্যস্ত সময়। নতুন দুই ছবির শুটিং চলছে তাঁর। তবে একটুখানি সুযোগ পেলেই হলো, পরিবারের সঙ্গে সময় কাটাবার ‘ছুতো’ খোঁজেন সাইফ। আর সেই সুযোগটা যখন একটু বড় হয়ে ধরা দেয়—দুজনে মিলে দে ছুট।
সায়েফিনা জুটি খুব ভ্রমণ পারদর্শী। কখনো শুধু দুজনে, কখনো আত্মীয়স্বজনসহ সদলবলে। বছর দেড়েক আগে যেমন মালদ্বীপে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল সাইফের ছেলে ইব্রাহিম আলি খান, বোন সোহা আলি খান এবং সোহার স্বামী কুনাল খেমু। সেবার দ্বীপরাষ্ট্রে নেমেই টুইটারে ছবি দিয়ে সোহা জানিয়ে দিলেন তাঁদের পৌঁছানোর সংবাদ। কারিনার বোন কারিশমা কাপুরের জন্মদিন উদ্যাপনে মালদ্বীপ থেকে ফিরেই পাড়ি জমালেন লন্ডনে। জন্মদিন উদ্যাপিত হলো, সঙ্গে হলো তাঁদের ‘ফ্যামিলি রিইউনিয়ন’। সব ভ্রমণে তাঁদের এ-ই উদ্দেশ্য—পরিবারের সঙ্গে কিছুটা আনন্দময় সময় কাটানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ছবি দেখে বোঝা যায়, সেটা তাঁরা ভালোই করেছেন।

বিল গেটস
ইয়টে অবকাশ
বড়লোকের বড় বড় কারবার, আর বিল গেটসের কারবার তো বিশাল। পরিবারের সঙ্গে ছুটি কাটাবেন বলে এক সপ্তাহের জন্য এক ইয়ট ভাড়া করে বসলেন। গুনতে হলো ৫০ লাখ ডলার। সে ইয়টে সাবমেরিন থেকে হেলিকপ্টার—কী নেই! অবশ্য এমনটাই হওয়ার কথা। বিশ্বের শীর্ষ ধনী মানুষ তিনি। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোটা কিন্তু আর দশটা মানুষের মতোই—পরিবারের সান্নিধ্যে থাকা। যা-ই হোক, সে ভ্রমণের কথা হয়তো গোপনই রাখতে চেয়েছিলেন। পাপারাজ্জির ক্যামেরা কীভাবে কীভাবে যেন খুঁজে নিয়েছে তাঁদের। তাতে দেখা যায়, সকাল সকাল হেলিকপ্টার উড়িয়ে দ্বীপে গিয়ে টেনিস খেলছেন তিনি। ইয়টে ফিরেই স্ত্রী মেলিন্ডা, আর তিন সন্তান রোরি, জেনিফার আর ফিবের সঙ্গে পানিতে নেমে পড়েছেন, জেটস্কিতে ব্যস্ত। ছুটি কাটাবার জন্য অবশ্য বেশির ভাগ সময় তিনি নিজের বাংলো কিংবা ঘোড়ার র্যাঞ্চ বেছে নেন।

অ্যাকন
উদার মনে ভ্রমণ
মার্কিন সংগীতশিল্পী অ্যাকনকে প্রতিনিয়ত ভ্রমণের ওপর থাকতে হয়। এই দেশ থেকে ওই দেশ। মঞ্চে কখনো একক, আবার কখনো দ্বৈত। একবার বলেছিলেন, পৃথিবীতে তারাই সবচেয়ে ভাগ্যবান, যারা নিজের পরিবারকে কাছে পায়। অ্যাকন তাই নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। তবে পরিবারের সঙ্গে কাটানো ছুটির সময়গুলো নির্ঝঞ্ঝাট থাকতে চান। আর তাই হয়তো এ নিয়ে খুব একটা কথা তাঁকে বলতে শোনা যায়নি। তবে ভ্রমণ নিয়ে এর আগে পরামর্শ দিয়েছেন তিনি। কোথাও গেলে উদার মনের হতে বলেছেন। অ্যাকন এক সাক্ষাৎকারে বলেছেন, মানুষ যখন আগে থেকে খারাপ ধারণা পোষণ করে কোথাও না যায়, তবে বুঝবে না সেখানে কী আনন্দ আছে। মধ্যপ্রাচ্য সম্পর্কে খবরে যা পড়বেন বা দেখবেন, তা-ই যদি বিশ্বাস করেন, তবে কোনো দিনই জানতে পারবেন না সেখানে কতটা শান্তি আছে।
গ্রন্থনা: মেহেদী হাসান, সূত্র: মিড–ডে, ডেইলি মেইল