অবতরণকেন্দ্রে ভিড়তে পারে না ট্রলার, ভোগান্তি জেলেদের

কক্সবাজার শহরের মৎস্য অবতরণকেন্দ্রের সোয়া চার কোটি টাকার ‘ঢাল সুরক্ষা’ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। গত জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো ৪০ শতাংশ বাকি রয়েছে। প্রকল্পকাজ শেষ না হওয়ায় এখন অবতরণকেন্দ্রের জেটিতে সরাসরি ট্রলার ভিড়তে পারছে না। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে জেলে ও ট্রলারমালিকদের।
সঠিক সময়ে অর্থ বরাদ্দ না পাওয়ায় প্রকল্পের কাজ শেষ করা যায়নি বলে জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঠিকাদারিপ্রতিষ্ঠানের কর্মকর্তারা। তবে অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক দায়ী করেছেন ঠিকাদারের গাফিলতিকে।
শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাটের মৎস্য উন্নয়ন করপোরেশনের আওতাধীন এই কেন্দ্র মাছের প্রধান পাইকারি বাজার। এতে গভীর সমুদ্র থেকে আসা ট্রলার থেকে মাছ খালাস করা হয়।
পাউবো সূত্র জানায়, বাঁকখালী নদীর ঢেউয়ের ধাক্কায় মৎস্য অবতরণকেন্দ্রের নিচের নদীর পাড় থেকে মাটি সরে যায়। এ কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে কেন্দ্রটি। মাছ খালাসে অনুপযোগী হয়ে পড়ে কেন্দ্রের জেটি। এ জন্য সোয়া চার কোটি টাকার ‘ঢাল সুরক্ষা’ প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় কেন্দ্রের নিচের মাটি সরে যাওয়া অংশ ভরাট করে সিসি ব্লক ফেলে ঢাল তৈরি করা হবে।
৬ অক্টোবর সকালে ফিশারিঘাটের মৎস্য অবতরণকেন্দ্রে গিয়ে দেখা গেছে, গভীর সমুদ্র থেকে মাছ নিয়ে বাঁকখালী নদীতে অবস্থান করছে শ খানেক মাছ ধরার ট্রলার। কিন্তু মৎস্য অবতরণকেন্দ্রে ট্রলারগুলো ভিড়তে পারছে না। কারণ, কেন্দ্রের জেটির আশপাশে সিসি ব্লক ফেলায় পানির গভীরতা কমে গেছে। ফলে ছোট ছোট নৌকায় মাছ খালাস করে কেন্দ্রে নিয়ে আসতে হচ্ছে। অনেকে শ্রমিক দিয়ে মাছ খালাস করাচ্ছেন। শ্রমিকেরা কোমরসমান পানি ডিঙিয়ে ঝুঁকি নিয়ে মাছ নিয়ে আসছেন কেন্দ্রে।
এফবি কাউসার নামের একটি ট্রলারের জেলে আবদুল গফুর বলেন, কেন্দ্রের জেটি পর্যন্ত ভিড়তে না পারায় জেলেদের অতিরিক্ত টাকা খরচ করে মাছ কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলে ও ট্রলারমালিকেরা।
ফিশারিঘাটের জেলে আবদুল শুক্কুর জানান, প্রায় এক বছর ধরে কেন্দ্রে সরাসরি মাছ খালাস করা যাচ্ছে না। এ কারণে অবতরণকেন্দ্রের দক্ষিণ ও উত্তর পাশে মাছ খালাস করতে হচ্ছে।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, জেলার ছোট-বড় প্রায় ছয় হাজার ট্রলারে জেলে রয়েছেন এক লাখের বেশি। ৯০ শতাংশ ট্রলারের জেলেরা সাগর থেকে আহরিত মাছ এই সরকারি অবতরণকেন্দ্রে বিক্রির জন্য খালাস করেন। কিন্তু এই কেন্দ্রে সরাসরি মাছ খালাস বন্ধ থাকায় জেলেদের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঢাল সুরক্ষা’ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। কিন্তু এখনো অনেক কাজ বাকি। এ জন্য ঠিকাদারের গাফিলতিই দায়ী। কাজটি সম্পন্ন করতে কালক্ষেপণের কারণে মৎস্য অবতরণকেন্দ্রের সঙ্গে জড়িত সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও বলেন, মাছ খালাসে অনুপযোগী হওয়ায় অনেকে অবতরণকেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এ সুযোগে নুনিয়াছড়ায় দুটি অবৈধ ল্যান্ডিং স্টেশন চালু করেছেন কিছু প্রভাবশালী ব্যক্তি। প্রতিদিন অনেক নৌকা সেখানে মাছ খালাস করছে। এতে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।
পাউবো সূত্র জানায়, প্রকল্পটির নির্মাণকাজের দায়িত্ব পায় চট্টগ্রামের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। নদীর তীরে পাথরের সিসি ব্লক ফেলে কেন্দ্রটির সুরক্ষার কাজ শুরু হয় ২০১৫ সালের নভেম্বর মাসে। কার্যাদেশ অনুযায়ী, গত জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়া কথা। কিন্তু এখনো ৪০ শতাংশ কাজ বাকি।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্সের পক্ষে কাজটি তদারক করছেন শহরের ঠিকাদার আবদুল কুদ্দুস। তিনি বলেন, অর্থসংকটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যাচ্ছে না। বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিসি ব্লক ফেলাও এখন বন্ধ রয়েছে।
আবদুল কুদ্দুস বলেন, প্রকল্পের কাজ শেষ করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সংখ্যক সিসি ব্লক তৈরি হয়েছে। ৭০ শতাংশ সিসি ব্লক প্রকল্পে স্থাপনও হয়েছে। ২০১৭ সালের শুরুর দিকে প্রকল্পটির কাজ শেষ হবে। এ জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
পাউবো কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ৪ কোটি ২৫ লাখ টাকার মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে অর্থ ছাড় দেওয়া হয়েছে মাত্র দেড় কোটি টাকা। তারপরও প্রতিষ্ঠানটি ইচ্ছা করলে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারত। পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, অর্থসংকটের কারণে কাজের গতি কমেছে। চলতি অর্থবছরে এ প্রকল্পের জন্য নতুন করে অর্থ বরাদ্দ পাওয়া গেছে। আগামী ২০১৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে কাজ শেষ হবে।