অবমূল্যায়নের মূল্যায়ন
শিক্ষার্থীদের দিয়েই এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের এক শিক্ষক। (সূত্র: প্রথম আলো, ২৩ মে ২০১৭) বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা চলছে। কিন্তু রস+আলো এতে কোনো দোষ খুঁজে পায়নি। কেন পায়নি, সেটা জানাচ্ছেন সঞ্জয় সরকার

১. অভিযোগ আছে, আজকাল যুবসমাজ নাকি কোনো কাজকর্ম করে না। সারা দিন ফেসবুকিং করে। যুবসমাজের এই বদনাম ঘোচাতে এমন উদ্যোগ নিয়েছিলেন ওই শিক্ষক। যুবসমাজ তাঁর প্রতি কৃতজ্ঞ।
২. ইদানীং নাকি শিক্ষার্থীদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। আজ পড়ে, কাল ভুলে যায়। এই ধারণা যে ভুল, সেটা প্রমাণ করানোর জন্যও তিনি এমনটা করতে পারেন। তিনি আমাদের বোঝাতে পেরেছেন যে বিশ্ববিদ্যালয়ে উঠলেও শিক্ষার্থীরা এখনো উচ্চমাধ্যমিকের পড়াশোনা ভুলে যায়নি।
৩. আজকের শিক্ষার্থীই হয়তো আগামীকালের শিক্ষক। শিক্ষকদের অন্যতম দায়িত্ব শিক্ষার্থীদের খাতা দেখা। আগে থেকেই অভিজ্ঞতা অর্জনে সাহায্য করেছেন ওই শিক্ষক। শিক্ষার্থীরাও যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে অভিজ্ঞতা অর্জন উপভোগ করেছে।
৪. সবাই অতীতে ফিরে যেতে চায়। ওই শিক্ষক এই কাজটি গুরুত্বের সঙ্গে করেছেন। বোঝাতে চেয়েছেন যে দেখো, একসময় তোমরাও এ রকম ভুলভাল লিখতে! তবু আমরা নম্বর দিতাম!
৫. প্রশ্ন, উত্তর সবই ফাঁস হয়। উত্তরপত্র শিক্ষক না দেখে অন্য কেউ দেখলেই বা কী সমস্যা? সমস্যা আমাদের দৃষ্টিভঙ্গিতে!