অবরুদ্ধ চার হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর আলী মাতব্বর সড়কের বহদ্দারহাট অংশের প্রবেশমুখটি দেড় বছর ধরে বন্ধ উড়ালসড়কের নির্মাণকাজের কারণে। ফলে চকবাজার অংশের প্রবেশমুখ দিয়ে এত দিন চলাচল করেছে যানবাহন। কিন্তু সড়কের নালা সম্প্রসারণের কাজ শুরু হওয়ায় গত তিন মাস ধরে বন্ধ রয়েছে চকবাজার অংশের প্রবেশমুখটিও। ফলে অবরুদ্ধ হয়ে আছেন এ সড়কের আশপাশের বসবাসকারী প্রায় চার হাজার মানুষ।স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুটি প্রবেশমুখ বন্ধ থাকায় কোনো যানবাহন চলাচল করছে না। ফলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লোকজন এবং শিক্ষার্থীদের দীর্ঘ এই পথ পেরোতে হচ্ছে হেঁটেই। কিন্তু তাতেও বিপত্তি—প্রতিদিন জোয়ারের পানিতে ডুবছে সড়ক। ফলে পানি ভেঙে চলাচল করতে হচ্ছে। আর বৃষ্টি হলে তো এ ভোগান্তি চরমে পৌঁছে।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওমর আলী মাতব্বর সড়কের মফিজুর রহমান সওদাগর বাড়ির সামনে থেকে বাদশা চেয়ারম্যান ঘাটা পর্যন্ত সড়কের মাঝ বরাবর চলছে খোঁড়াখুঁড়ি। সড়কের দুই পাশেই হোটেল, স্টুডিও, মুদি, সেলুন এবং লন্ড্রির দোকান। সড়কের মাঝ বরাবর খোঁড়াখুঁড়ির কাজ চলায় লোকজনকে দোকানের পাশ ঘেঁষে চলাচল করতে হচ্ছে। কিছু জায়গায় কাজ শেষ করে স্লাবও বসানো হয়েছে। তবে বেশির ভাগ অংশের কাজ এখনো শেষ হয়নি। স্থানীয় বাসিন্দা চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী আসিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, বহদ্দারহাটে হাঁটা ছাড়া এত দিন বের হওয়া যেত না। এখন নালা নির্মাণের কারণে চকবাজার দিয়েও গাড়ি চলাচল করছে না। ফলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। কোথাও যেতে হলে কমপক্ষে এক থেকে দেড় ঘণ্টা আগে থেকে গন্তব্যস্থলে রওনা দিতে হয়।চেয়ারম্যান ঘাটা এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহফুজুল হক বলেন, ‘আমার কর্মস্থল চাক্তাইয়ের খাতুনগঞ্জে। বাসা থেকে গাড়ি বের করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। রিকশা ও অটোরিকশা পাওয়া যায় আতুজ্যার দোকানের মোড়ে গেলে। সেখানেও সারাক্ষণ যানজট লেগে থাকে। প্রতিদিনই বাসা থেকে বের হয়ে ছেলে-মেয়েদের বিদ্যালয়-কলেজে যেতে আর আমার অফিসে পৌঁঁছাতে হয় কাদা মাড়িয়ে, ইটের খোয়ার হোঁচট খেয়ে।’ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চসিকের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে চলতি বছর জুন মাস থেকে এলাকার পয়োনিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য নালা সম্প্রসারণকাজ শুরু করে। নালা সম্প্রসারণ ছাড়াও আধা কিলোমিটার এই সড়কটি কার্পেটিং এবং পাকা করার জন্য ১৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। সিটি করপোরেশনের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘বৃষ্টি আর জোয়ারের পানির কারণে কাজে বিঘ্ন ঘটছে। তারপরও নির্দিষ্ট সময়ে কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছি।’এ প্রসঙ্গে জানতে চাইলে পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসনের জন্য তিন মাসের এই উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ঈদের কারণে কিছুদিন কাজ বন্ধ রাখলেও এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি শিগগির কাজ শেষ হবে।’