
নগরের নিমতলা মোড়। চলতি পথে দৃষ্টি আটকায় সড়কের পাশের যুদ্ধবিমানে। পাথরের স্তম্ভের ওপর বসানো বিমানটির এমন আদল; যেন ডানা মেলে উড়ে যাচ্ছে। কিন্তু সেই ডানাই অবরুদ্ধ হয়ে পড়েছে।
এই স্থাপনার চারপাশ এখন বেহাল। বিমানটির সামনে–পেছনে ঘিরে রেখেছে বাঁশ আর বিলবোর্ডের খুঁটি। ভেতরের অংশও আবর্জনায় ভর্তি। অযত্ন-অবহেলায় ঢাকা পড়েছে এটির সৌন্দর্য।
স্থাপনাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মাঝেমধ্যে স্থাপনায় রং লাগিয়ে এবং চত্বরের ভেতরের অংশটি কোনো রকম পরিষ্কার করে সিটি করপোরেশন দায় সারে বলে স্থানীয় লোকজন জানান।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) মুনিরুল হুদা প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকেই যুদ্ধবিমান স্থাপনাটি রক্ষণাবেক্ষণ করা হয়। তবে তা মাঝেমধ্যে রং দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ।
প্রকৌশলী মুনিরুল হুদা জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বাংলাদেশ বিমানবাহিনীর কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি বিমান নিমতলা মোড়ে সড়কের পাশে স্থাপনা হিসেবে বসানো হয়। বিমানবাহিনীর সহায়তায় সিটি করপোরেশন ১৯৯২ সালে এটি স্থাপন করে।
চত্বরে স্থাপিত পরিচিতি ফলকে উল্লেখ করা হয়েছে, বিমানটি এফ-৬ মডেলের। চীনের তৈরি এই বিমানের দৈর্ঘ্য ১৫ দশমিক ১৫ মিটার ও উচ্চতা ৩ দশমিক ৮৮ মিটার। ৮ হাজার ৭৭০ কেজি ওজনের বিমানের ঘণ্টায় গতি ছিল ১ হাজার ২০০ কিলোমিটার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিমানের বিভিন্ন অংশে শেওলা ও ঘাস জন্মেছে। পরিচর্যার অভাবে স্থাপনা চত্বরটি আগাছায় ভর্তি হয়ে আছে। সেখানে পাশের ভ্রাম্যমাণ চায়ের দোকানের বর্জ্য ফেলা হচ্ছে প্রতিদিন। চত্বরটি পরিত্যক্ত কাঠ, বেঞ্চ, বাঁশ, ময়লার বস্তা, কলার কাঁদি, প্লাস্টিকের বোতলে ভর্তি। এ দিকে স্থাপনার ঘেরাও দেওয়া লোহার গ্রিল ঘেঁষে গড়ে উঠেছে আটটি ভাসমান চায়ের দোকান ও একটি ভাসমান সেলুন। রাখা হয়েছে পাশের কাঠ দোকানের কাঠ। বিমানের পেছনের অংশের ঠিক ওপরেই রয়েছে বিলবোর্ড স্থাপনের দুটি খুঁটি ও অন্যান্য সরঞ্জাম।
গত ১৯ জানুয়ারি এই মোড়ে বিলবোর্ড উচ্ছেদে অভিযান চালায় সিটি করপোরেশন ও নগর পুলিশ। কিন্তু এই বিলবোর্ডের খুঁটিগুলো উচ্ছেদ করা হয়নি। বিমানের সামনের অংশেও পরিত্যক্ত বাঁশের খুঁটি দণ্ডায়মান অবস্থায় রয়েছে।
ভাসমান সেলুনের মালিক আবু তাহের প্রথম আলোকে জানান, সিটি করপোরেশনের লোকজন মাঝেমধ্যে এসে পরিষ্কার করে দিয়ে যায়। কিছুদিন পরেই জংলা এলাকায় পরিণত হয় স্থাপনার ভেতরের জায়গাটি। তিনি বলেন, ‘প্রায় সময় ভেতরের (স্থাপনা চত্বরের ভেতর) চারপাশে ময়লা-আবর্জনা জমে থাকে। তখন দেখতে খারাপ লাগে। তাই নিজেই পরিষ্কার করি।’ নিমতলা মোড়ে প্রায় ১২ বছর ধরে ব্যবসা করছেন বলে জানান তিনি।
ভাসমান চায়ের দোকানদার মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ জাহাঙ্গীর জানান, তাঁরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে ব্যবসা করেন। সংসার চালাতে বাধ্য হয়ে তাঁরা সেখানে বসেন।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী অবশ্য দাবি করেছেন, যুদ্ধবিমান স্থাপনাটি নিয়মিত পরিষ্কার করা হয়। তবে কেউ অগোচরে ময়লা-আবর্জনা ফেলে থাকলে তা পরিষ্কার করা হবে। আর গোল চত্বরের পাশের ফুটপাত থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে গোসাইলডাঙার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হাবিবুল হক প্রথম আলোকে বলেন, ‘নিমতলা মোড় অবৈধ স্থাপনা উচ্ছেদে ইতিমধ্যে স্থানীয় সাংসদ এম এ লতিফ ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি। এখন মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’