অবরুদ্ধ নাড়াইছড়িতে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র খাদ্যসংকটে পড়ে একরকম অনাহারে দিন কাটাচ্ছেন তাঁরা। এর সঙ্গে যোগ হয়েছে বন্দুকযুদ্ধের আতঙ্ক। গত এক মাস ধরে কার্যত অবরুদ্ধ নাড়াইছড়িবাসীর স্বাভাবিক জীবন-জীবিকা ভেঙে পড়েছে। বিবদমান দুটি আঞ্চলিক দলের দখলের রাজনীতির বলি এই এলাকার ২০ গ্রামের এক হাজার পরিবার।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে সীমান্তবর্তী নাড়াইছড়ির দূরত্ব ২৬ কিলোমিটার। দুর্গম এই এলাকায় যেতে হয় পাহাড়ি হাঁটা রাস্তা কিংবা মাইনী নদীপথে। গত ২০ এপ্রিল থেকে নাড়াইছড়ির সড়ক ও নৌপথ অবরোধ করে রাখা হয়েছে। এরপর থেকেই ওই এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘটতি দেখা দিয়েছে। ৩ মে দুর্বৃত্তরা নড়াইছড়ি বাজার পুড়িয়ে দিলে খাদ্য সংকট আরও তীব্রতর হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে নড়াইছড়ি দখল নিয়ে দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। এলাকাটি দখলে রাখতে দুদলই মারিয়া। সাম্প্রতিক সময়ে ২০ বারেরও বেশি বন্দুকযুদ্ধ হয়েছে দল দুটির কর্মীদের মধ্যে।
নাড়াইছড়িবাসী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনেন নাড়াইছড়ি বাজার থেকে। স্থানীয় একজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের কারও প্রতিবাদ করার সাহস নেই। নাড়াইছড়ির মানুষ না খেয়ে মরলেও কেউ মুখ খুলবে না। ইতিমধ্যে কয়েকটি পরিবার খাদ্য সংকটের কারণে পানছড়ি ও বাবুছড়া এলাকায় পালিয়ে গেছে।’
নড়াইছড়ি এলাকায় মুদির দোকান করেন রূপম চাকমা। তিনি বলেন, ‘দুই পক্ষের আধিপত্য বিস্তারের লড়াইয়ের কারণে ভয়ে ওই এলাকা ছেড়ে বাবুছড়ায় চলে এসেছি। এলাকার প্রায় ৪২ জন ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে চলে এসেছেন। এতেও রক্ষা হয়নি। আমাদের বন্ধ দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলে জানা যায়, এ পর্যন্ত নাড়াইছড়ির বিভিন্ন এলাকায় ২০ বারের বেশি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে। গত ১৯ ফেব্রুয়ারি ও ৯ মার্চ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া গত ২০ এপ্রিল জারুলছড়ির তন্টুমনি মেম্বারপাড়া সংলগ্ন বাঁশঢালা এলাকায়, ২১ এপ্রিল ডলুছড়ি ও ২৩ এপ্রিল ধীরেন্দ্র কার্বারীপাড়ায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ২০ এপ্রিল বাঁশঢালা এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে এ কে-৪৭ ও থ্রি নট থ্রিসহ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করে।
বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, ‘নাড়াইছড়িবাসীর কষ্টের কথা বলে শেষ করা যাবে না। যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তার কারণে আমরাও সেখানে যেতে পারি না। সেখানকার মানুষ বন্দি জীবনযাপন করছে।’
ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হয়নি। জেএসএস (সন্তু) পক্ষ নাড়াইছড়ির এলাকার মানুষের ওপর চাপ সৃষ্টি করার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে।’
জেএসএস (সন্তু) পক্ষের কেন্দ্রীয় সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেন, ‘ইউপিডিএফের লোকজন নাড়াইছড়ি বাজার পুড়িয়ে দিয়ে যোগাযোগব্যবস্থা বন্ধ করে আমাদের সংগঠনের ওপর দোষ চাপাতে চায়। আমাদের সংগঠন নাড়াইছড়ি এলাকায় যোগাযোগ বন্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, ‘নাড়াইছড়ি এলাকার বিষয়টি শুনেছি। ওখানকার মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে। আমি বিজিবি ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি। নাড়াইছড়ির বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কোমল চাকমা বলেন, ‘নাড়াইছড়ির মানুষ এখন লতাপাতা খেয়ে বেঁচে আছেন। তাঁদের কষ্টের কথা শুনে নিজেরও খুব খারাপ লাগছে।’