অবরুদ্ধ বিএনপি কার্যালয়, মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ
৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে গতকাল বুধবার বিএনপিকে মিছিল-সমাবেশ করতে দেয়নি পুলিশ। এ নিয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাক্কাধাক্কি হয়েছে। এ ছাড়া ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে দফায় দফায়। উত্তেজনাকর এ পরিস্থিতির মধ্যেও পুলিশ কোনোভাবেই দলীয় নেতা-কর্মীদের সংগঠনের কার্যালয় থেকে বের হতে দেয়নি। পিকেটিং ও যানবাহন ভাঙচুরের চেষ্টাকালে পুলিশ নগরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের আটক করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে পুলিশ নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে আসার পথে কাজির দেউড়ি মোড়, জুবিলী রোড, নেভাল এভিনিউ প্রভৃতি জায়গায় অবরোধ করে রাখে। ফলে যানবাহন তো দূরের কথা, কোনো লোকজনও ঘেঁষতে পারেনি দলীয় কার্যালয়ে। ইতিমধ্যে চুপিসারে দু-একজন করে নেতা-কর্মী দলের নাসিমন ভবনে ঢুকে পড়েন। দলের নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সহসভাপতি আবু সুফিয়ান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি সামসুল আলমসহ অন্য নেতারা এখানে জড়ো হন। তাঁরা দলীয় কার্যালয়ের বাইরে নূর আহমদ সড়কের পাশের ফুটপাতে চেয়ার নিয়ে বসে পড়েন। কিন্তু অন্য নেতা-কর্মীদের পুলিশ দলীয় কার্যালয় থেকে বের হতে দেয়নি।দলীয় সূত্র জানায়, বিএনপির কর্মীরা নগরের দেওয়ানহাট, চন্দনপুরা, অলংকার ও বহদ্দারহাটে বিচ্ছিন্নভাবে মিছিল করেছেন। এসব মিছিল থেকে পুলিশ লোকজনকে গ্রেপ্তার করে। দুপুর পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। আওয়ামী লীগ: এদিকে আওয়ামী লীগও নগরে হরতালবিরোধী মিছিল-সমাবেশ করেছে। গতকাল সকালে দারুল ফজল দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এরপর একটি মিছিল নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, হরতালের নামে বিএনপির ধ্বংসাত্মক কার্যক্রম আর মেনে নেওয়া হবে না। আওয়ামী লীগের নেতা-কর্মীরা যথেষ্ট সংযমের পরিচয় দিচ্ছে। আগামী দিনে জনগণের জানমালের ক্ষতি হলে আওয়ামী লীগ সেখানে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও বক্তব্য দেন। জানা গেছে, সমাবেশ শেষে এ বি এম মহিউদ্দিন চৌধুরী চশমা হিলের বাসভবনেও হরতাল নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেখানে তিনি হরতালবিরোধী কর্মসূচী নিয়ে কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। হরতালে প্রধান প্রধান সড়কে যাত্রীবাহী বাস চলেনি। তবে টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা অন্য হরতালের চেয়ে বেশি হারে চলাচল করতে দেখা গেছে। তবে বরাবরের মতো সড়ক ছিল রিকশার দখলে।