অবরোধ কেড়ে নিল কৃষকের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোহাজারী রেলওয়ে মাঠের বাজারে সবজি নিয়ে বিক্রির অপেক্ষায় চাষিরা  প্রথম আলো
দোহাজারী রেলওয়ে মাঠের বাজারে সবজি নিয়ে বিক্রির অপেক্ষায় চাষিরা প্রথম আলো

চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় এবার সবজির বাম্পার ফলন হলেও টানা অবরোধের কারণে ন্যায্য দাম পাননি কৃষকেরা। দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বড় পাইকারি সবজির বাজার দোহাজারী রেলওয়ে মাঠে এবার দূর-দূরান্ত থেকে সবজি নিয়ে আসা কৃষকেরা লোকসান দিয়ে সবজি বিক্রি করেছেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার তিন হাজার ৮০০ হেক্টর জমিতে এবার সবজি চাষ হয়েছে। উৎপন্ন হয়েছে বেগুন, মুলা, টমেটো, শিম, বরবটি, শসা, লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, ক্ষীরাসহ বিভিন্ন জাতের প্রায় ৭৭ হাজার মেট্রিক টন সবজি।
গত বৃহস্পতিবার চন্দনাইশ উপজেলার দোহাজারী রেলওয়ে মাঠে সবজির পাইকারি বাজারে গিয়ে দেখা গেছে, সবজি নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছেন কৃষকেরা। পাইকারদের কাছে বিক্রির জন্য বিভিন্ন উপজেলা থেকে শঙ্খ নদ দিয়ে নৌকায় ও সড়কপথে ভ্যানে করে এখানে সবজি নিয়ে আসেন কৃষকেরা। ব্যবসায়ীরা তাঁদের কাছ থেকে সবজি কিনে ট্রাক ও মিনিট্রাকে করে সেসব সবজি পাঠান শহরের বাজারগুলোতে। তবে অবরোধ থাকায় কয়েক সপ্তাহ ধরে শহরের ব্যবসায়ীদের উপস্থিতি কম। স্থানীয় ব্যবসায়ীরা ট্রাকের স্থলে ভ্যান ও টেম্পোতে করে সবজি পাঠাচ্ছেন শহরে।
এই বাজারে আসা চন্দনাইশের চাগাচর এলাকার কৃষক জামাল উদ্দীন জানান, তিনি ৬০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। এতে খরচ হয় এক লাখ ৫০ হাজার টাকা। তবে এ পর্যন্ত মাত্র ৩০ হাজার টাকা বেগুন বিক্রি করতে পেরেছেন। এমন চলতে থাকলে তাঁর উৎপাদন খরচও উঠবে না। জামাল উদ্দিন আরও জানান, গত দুই সপ্তাহ আগে ৫০ কেজি ওজনের এক ভাঁড় বেগুন বিক্রি হয়েছিল এক হাজার ৪০০ টাকায়। আর এখন বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়।
জামালের মতো মাথায় হাত পড়েছে সাতকানিয়ার উপজেলার রসুলাবাদ এলাকার কৃষক আবদুর শুক্কুরেরও। তিনি জানান, ৮০ শতক জমিতে বাঁধাকপি ও ফুলকপি চাষ করেছেন। চাষ করতে ৭০ হাজার টাকা খরচ হলেও এ পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র পাঁচ হাজার টাকার সবজি।
বাজারে আসা কৃষকেরা জানান, অবরোধের আগে ৫০ কেজি ওজনের এক ভাঁড় ফুলকপি বিক্রি হয়েছিল দেড় হাজার থেকে এক হাজার ৬০০ টাকায়, অথচ এখন বিক্রি হচ্ছে নয় শ থেকে এক হাজার টাকায়। এক ভাঁড় বাঁধাকপি এক হাজার থেকে এক হাজার ১০০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। তেমনি ৭০ কেজি ওজনের এক ভাঁড় মুলা বিক্রি হয়েছিল এক হাজার ২০০ টাকায়, আর এখন দাম কমে দাঁড়িয়েছে ৪০০ থেকে ৫০০ টাকায়।
পাইকারি ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘কালুরঘাট এলাকা থেকে বেশ কয়েকবার গাড়ি বদল করে দোহাজারী বাজারে এসেছি সবজি কিনতে। অবরোধের কারণে ভ্যানে সবজি পরিবহন করতে হচ্ছে। যেখানে আগে ১০০ থেকে ২০০ টাকা ভাড়া লাগত, সেখানে এখন সবজি পরিবহনে খরচ পড়ছে ৪০০ থেকে ৫০০ টাকা।
চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আবহাওয়া অনুুকূলে থাকায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। তবে ঘন ঘন হরতাল ও অবরোধের কারণে চাষিরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।